যে উত্তর কোরীয় নেতা কিম জং–উন একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উপদ্বীপে উত্তেজনা তৈরি করেছিলেন, গত শুক্রবার তিনিই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে–ইনের সঙ্গে বৈঠক করে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন। গেল শতকের পঞ্চাশের দশকে সংঘটিত যুদ্ধের পর এই প্রথমউত্তর কোরীয় নেতার দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখা, সীমান্তে শান্তির চারা রোপণ ইত্যাদি আনুষ্ঠানিকতা ছাপিয়ে এই বৈঠককে শান্তির পথে সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করা যেতে পারে। জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বনেতারা দুই কোরিয়ার এই শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরাও দুই কোরীয় নেতাকে অভিনন্দন জানাই।
বেশ কিছুদিন ধরে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও মহড়া নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছিল। একই সঙ্গে অব্যাহত ছিল উত্তর কোরীয় নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগ্যুদ্ধ। একে অপরকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, যা ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। এই প্রেক্ষাপটে সীমান্তবর্তী পানমুনজমের ঐতিহাসিক পিস হাউসে দুই কোরীয় নেতার বৈঠককে নিঃসন্দেহে এক মাইলফলক ঘটনা হিসেবে বিবেচনা করতে হবে। তবে দুই কোরীয় শীর্ষ বৈঠকের আগে কিম জং–উনের চীন সফরও ছিল তাৎপর্যপূর্ণ। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কিম জং–উনের বৈঠকের কথা আছে। যুদ্ধ উন্মাদনা পরিহার করে এসব শান্তি প্রয়াস আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করি।
দুই নেতার বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে কোরীয় অঞ্চলকে নিরস্ত্রীকরণ, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে লিয়াজোঁ অফিস প্রতিষ্ঠা, দুই কোরিয়ার বিভক্ত পরিবারগুলোর মধ্যে যোগাযোগ, শান্তি প্রতিষ্ঠায় আলোচনা অব্যাহত রাখা, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাসহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা আছে।
কোরিয়া বিভক্তির একটি ঐতিহাসিক পটভূমি আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কোরিয়ার দক্ষিণ অঞ্চলে মার্কিন বাহিনী এবং উত্তর অঞ্চলে সোভিয়েত বাহিনী অবস্থান করছিল। ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের পর সোভিয়েত ও মার্কিন বাহিনী ৩৮ ডিগ্রি অক্ষরেখা বরাবর সীমান্তরেখা টেনে দেয়। পরবর্তী কালে উত্তরে সোভিয়েত ও দক্ষিণে মার্কিন সমর্থিত সরকার গঠিত হয়। এরপর ১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে যথারীতি যুক্তরাষ্ট্র দক্ষিণের এবং সোভিয়েত ইউনিয়ন ও চীন উত্তরের পক্ষ নেয়। তিন বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত হলেও কোনো পক্ষ জয়ী হয়নি।
এরপর দুই কোরিয়া দুই পথে চললেও অর্থনৈতিক দিক দিয়ে দক্ষিণ অনেক এগিয়ে যায়। অন্যদিকে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রসহ ব্যাপক সমরসজ্জা করতে গিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। বর্তমান শীর্ষ বৈঠকের বিষয়ে কিম জং–উনের বাড়তি আগ্রহের পেছনে এই বাস্তবতাও কাজ করে থাকতে পারে। দুই কোরিয়ার বিভক্তি ও সামরিক প্রস্তুতির সুযোগে যে ওই অঞ্চলে বহিঃশক্তির হস্তক্ষেপ বেড়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা এখনো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। কোরীয় উপদ্বীপের উত্তেজনার কারণে জাপানও সামরিক শক্তি বাড়িয়েছে।
এ অবস্থায় কিম জং–উন ও মুন জে–ইনের বৈঠক দুই কোরিয়ার জনগণের মধ্যে স্বস্তি নিয়ে আসবে, তেমনি বিশ্ববাসীকেও এই বলে আশ্বস্ত করবে যে সমস্যা যত পুরোনো হোক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দুই কোরীয় নেতার বৈঠক বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যও শিক্ষণীয় হতে পারে। নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যদি আঞ্চলিক বিরোধগুলোর নিষ্পত্তি করা যায়, তা হলে বিশ্ব মোড়লদের ছড়ি ঘোরানোর সুযোগ কমবে।