কক্সবাজারের উখিয়া সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গা শরণার্থীদের ভিডিও করার সময় মিয়ানমারের দুই ফটোসাংবাদিক আটকের ঘটনা উদ্বেগজনক। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পর্যটক ভিসা নিয়ে মিয়ানমারের ওই দুই সাংবাদিক ৬ সেপ্টেম্বর ইয়াঙ্গুন থেকে ঢাকায় আসেন এবং ৭ সেপ্টেম্বর কক্সবাজারে যান। তাঁরা জার্মানভিত্তিক একটি সাময়িকীর হয়ে কাজ করছিলেন।
যেকোনো যুদ্ধ বা দুর্যোগে প্রথম নিহত হয় সত্য। আর সেইসত্য উদ্ঘাটনে সাংবাদিকেরা দেশের ভেতরে কিংবা বাইরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এ কথা অজানা নয় যে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর উপদ্রুত অঞ্চলে সাংবাদিকদের যেতে দিচ্ছে না সে দেশের সরকার। এ অবস্থায় রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার খবর নিতে বা ছবি তুলতে মিয়ানমারের কোনো সাংবাদিক বাংলাদেশে আসতেই পারেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই দুই ফটোসাংবাদিক পর্যটক ভিসায় এসেছেন। বাংলাদেশসহ অনেক দেশেই সাংবাদিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। অনেক সময় সাংবাদিক পরিচয় দিলে ভিসাই দেওয়া হয় না। সে ক্ষেত্রে সাংবাদিকেরা কখনো কখনো পর্যটক ভিসায় পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিয়ে থাকেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার দায়িত্ব হচ্ছে তাঁরা বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু করেন কি না।
উল্লেখ করা যেতে পারে, চারদলীয় জোট সরকারের আমলে দুজন বিদেশি সাংবাদিক পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন চ্যানেল-৪ এর পক্ষে বাংলাদেশে ইসলামি জঙ্গিদের ওপর একটি প্রামাণ্যচিত্র করতে। তৎকালীন সরকার তাদের গ্রেপ্তার করে দেশের ভেতরে ও বাইরে বেশ নিন্দিত হয়েছিল। সেই সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদী কার্যকলাপ আড়াল করার অভিযোগ আছে। কিন্তু বর্তমান সরকার কেন একই কাজ করবে? সরকার যদি রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ–দুর্দশার চিত্র আড়াল করতে না চায়, তাহলে বিদেশি সাংবাদিকদের ছবি বা খবর সংগ্রহে বাধা দেওয়ার যুক্তি দেখি না।
আমরা মনে করি, কেবল পর্যটক ভিসায় আসার অজুহাতে দুই বিদেশি সাংবাদিককে আটকে রাখা ঠিক নয়। এতে বহির্বিশ্বে ভুল বার্তা যাবে।