গত বছর বেশ কিছু হত্যাকাণ্ডের মধ্যে ইতালির নাগরিক সিজার তাবেলা ও জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার ঘটনা আন্তর্জাতিক মহলে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তাই সাধারণভাবে প্রত্যাশা করা হয়েছিল, আমাদের সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই দুই বিদেশি নাগরিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষভাবে তৎপর হবে। কিন্তু প্রায় ছয় মাস পরেও দেখা যাচ্ছে, মামলা দুটির বিশেষ কোনো অগ্রগতি নেই।
গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় গুলি করে হত্যা করা হয় নেদারল্যান্ডসভিত্তিক এক এনজিওর কর্মী ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর বের হয়, ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করেছে। পাঁচ দিনের মাথায় ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ার একটি গ্রামে গুলি করে হত্যা করা হয় জাপানি নাগরিক কুনিও হোশিকে। আইএস এ হত্যারও দায় স্বীকার করে। আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা সৃষ্টি হয় যে বাংলাদেশে আইএস অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। কিন্তু আমাদের সরকার দাবি করে আইএস বাংলাদেশে নেই। এই দুটি হত্যাকাণ্ডসহ কয়েকজন ব্লগার হত্যা ও খ্রিষ্টান ধর্মযাজক হত্যাচেষ্টার ঘটনায় একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়।
তাবেলা হত্যাকাণ্ডে বিএনপি জড়িত—সরকারের পক্ষ থেকে এ রকম বক্তব্য দেওয়ার পর থেকে তদন্ত সেভাবেই এগিয়েছে। গ্রেপ্তারকৃত কয়েকজনের পরিবার তঁাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছে। প্রকৃত আসামিদের বাদ দিয়ে অন্যদের ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। কুনিও হোশির হত্যাকাণ্ডে জেএমবি জড়িত বলে পুলিশ বলে আসছে এবং সম্প্রতি আরও দুজন জেএমবি সদস্যকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে।
দৃশ্যত এ দুটি হত্যা মামলা যথাযথভাবে এগোচ্ছে না। কিন্তু এর সঙ্গে শুধু ন্যায়বিচারের প্রশ্ন নয়, দেশের ভাবমূর্তিও জড়িত। ঘটনা দুটোর রহস্য দ্রুত উদ্ঘাটন এবং খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন।