দুই সেনাশাসনের অধ্যাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সামরিক শাসনামলে জারি করা ‘জনস্বার্থ সংশ্লিষ্ট’ অবৈধ অধ্যাদেশকে বৈধতা দানে জাতীয় সংসদ যথারীতি জনগণকে অন্ধকারে রাখছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সারা দেশের মানুষ এক অভূতপূর্ব গণতান্ত্রিক উৎসবে যোগ দিয়েছিল। তারা আশা করেছিল, দুটি সামরিক শাসনের কলঙ্ক মুছে দিয়ে রাজনীতিকেরা একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনবেন। জনগণ স্বপ্ন দেখেছিল, স্বাধীন দেশে ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থার অবসান ঘটবে। স্বাধীন বাংলাদেশে সেটা সাংবিধানিকভাবে গোড়া থেকেই বাধাগ্রস্ত হয়। উন্নত গণতান্ত্রিক দেশের সংসদে আইন প্রণয়ন-প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ স্বীকৃত। কিন্তু বাংলাদেশে তা ব্যতিক্রম। এখানে আমলাদের তৈরি করে দেওয়া খসড়া আইনগুলোই প্রকারান্তরে হ্যাঁ জয়যুক্ত হয়েছে স্লোগানের আড়ালে যান্ত্রিকভাবে পাস হয়ে যায়।পঞ্চম ও সপ্তম সংশোধনী মামলার রায়ে সামরিক শাসনামলে জারি করা ফরমান, অধ্যাদেশ ইত্যাদি অবৈধ ঘোষণা করা হয় এবং রায়ের ওপর ভর করেই দুই সেনাশাসনে জারি করা ৫৪৬টি অধ্যাদেশের কার্যকারিতা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি গত ২১ জানুয়ারি নতুন করে দুটি অধ্যাদেশ জারি করেন। এটি ১৯ ফেব্রুয়ারি বিল আকারে সংসদে উঠেছে এবং ২৬ ফেব্রুয়ারির মধ্যে তা পাস হতে হবে। এ থেকে অনুমেয় যে এতগুলো আইন তৈরির বিষয়ে সরকার নিতান্তই একটি কারিগরি সমস্যা হিসেবে দেখছে। উচ্চ আদালতে এই অধ্যাদেশগুলো বাতিল হওয়ার পরও দীর্ঘকাল কেটেছে। কিন্তু সংসদ কিংবা আইন মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেয়নি। ব্যাপারটা দাঁড়াচ্ছে এ রকম যে অধ্যাদেশ শব্দটি মুছে ‘অ্যাক্ট অব পার্লামেন্ট’ মুদ্রিত হচ্ছে। আগের নীতি ও আইনি বিধানাবলি সবটাই থাকবে আগের মতো। আইনপ্রণেতাদের এ রকম পদক্ষেপ তাই কার্যত আত্মঘাতী ও আত্মমর্যাদার জন্য অনিষ্টকর। জনগণ দেখবে, সেনাশাসক ও নির্বাচিত শাসকের মধ্যে যেন মৌলিক পার্থক্য নেই।সংসদীয় কমিটি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু এই বিলগুলো জনমত যাচাইয়ের ব্যবস্থা না করার জন্য কমিটির আক্ষেপ নেই। আইনপ্রণেতাদের জন্য এটা লজ্জার যে এ কাজটি তাঁদেরকে একান্তই আদালতের নির্দেশ অনুযায়ী করতে হচ্ছে। ক্ষমতাসীন দলের নিষ্ঠা থাকলে ১৯৯৬ সালেই তাদের পক্ষে এটা শুরু করা সম্ভব ছিল। আমাদের অনুরোধ থাকবে, যান্ত্রিকভাবে নয়, জনগণের স্বার্থসংশ্লিষ্ট আইনগুলো তৈরির প্রক্রিয়ায় জনগণকে যত দূর সম্ভব সরাসরি অন্তর্ভুক্ত করুন। আদালতের সময়সীমা যথারীতি মেনেও জনগণের মত নিয়ে ধীরে-সুস্থে আইনগুলোকে গণমুখী করার প্রক্রিয়া চলমান রাখা সম্ভব।