চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আসামি ধরতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের সংঘর্ষ এবং গুলিতে পাঁচজনের মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক। এর আগেও বিভিন্ন স্থানে আসামি ধরতে গিয়ে নিরীহ মানুষ ও পুলিশের সদস্য হত্যার ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর এ পর্যন্ত ৮৭ জনের প্রাণহানি ঘটল। কোনো কোনো ক্ষেত্রে ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এমন ব্যক্তিও পুলিশের গুলি কিংবা রাজনৈতিক দলের সহিংসতার শিকার হয়েছেন।গত শুক্রবার বেলকুচি এবং বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের ঘটনা থেকে সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিক্ষণীয় আছে বলে মনে করি। খতিয়ে দেখতে হবে আসামি গ্রেপ্তার করতে গেলেই পুলিশ কেন প্রতিরোধের মুখে পড়ে? এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন কী ছিল? তাদের সতর্কবার্তা কি আমলে নেওয়া হয়েছিল? নেওয়া হলে এ ধরনের সহিংস প্রতিরোধ বন্ধে আগাম ব্যবস্থা নেওয়া হলো না কেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠপর্যায়ের কর্মকর্তাদের অদক্ষতা, অসততা ও নিষ্ক্রিয়তা সর্বজনবিদিত। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কেবল শিবগঞ্জের ঘটনায় পুলিশের তিনটি মামলায় ৪০০-৫০০ লোকের নাম উল্লেখ করে এবং ১৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। একটি থানায় এত বিপুলসংখ্যক মানুষ এই সহিংসতা ঘটিয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। কোনো মামলায় গয়রহ সবাইকে আসামি করা হলে জনমনে যেমন আতঙ্ক সৃষ্টি হয়, তেমনি পুলিশি-বাণিজ্যও প্রসারিত হয়।২৮ ফেব্রুয়ারির সহিংসতার পর যে শিবগঞ্জের মানুষ এককাট্টা হয়ে সর্বদলীয় শান্তি কমিটি গঠন করেছিল, সেই শিবগঞ্জে সশস্ত্র প্রতিরোধের কী কারণ থাকতে পারে? সূত্রমতে, মামলায় দোষী ব্যক্তিদের সঙ্গে নির্দোষ ব্যক্তিদের জড়ানোর কারণেই এলাকাবাসী ক্ষুব্ধ ছিল, যার সুযোগটি কাজে লাগিয়েছে জামায়াত-শিবির। সহিংসতা বা অপরাধের সঙ্গে যারা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের গ্রেপ্তার করবে। তবে সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা কিংবা অপরাধী ধরার নামে নিরপরাধ মানুষকে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।দ্বিতীয়ত, সরকারকে মনে রাখতে হবে, এটি সাধারণ ফৌজদারি অপরাধ নয়। এর সঙ্গে রাজনীতি ও রাজনৈতিক সংগঠন জড়িত। তাদের মোকাবিলায় যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কৌশলী হতে হবে, তেমনি তাদের অভিযান চালাতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। একটি এলাকায় শত শত লোকের বিরুদ্ধে মামলা কিংবা নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করা হলে জনমনে তার বিরূপ, এমনকি বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেওয়াও অস্বাভাবিক নয়। সে ক্ষেত্রে পুলিশের বাড়াবাড়ির নিচে অপরাধ সংঘটনকারী রাজনৈতিক দলটির নেতা-কর্মীদের অপরাধ চাপা পড়ে যাওয়ার আশঙ্কাই বেশি। ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনার ক্ষেত্রে বিষয়টি আমলে না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হবে।