মন্ত্রিসভার বৈঠকে প্রতারণা ও জালিয়াতির মামলা আবারও পুলিশের কাছে ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভালো উদ্যোগ। কিন্তু এই সংশোধনী স্মরণ করিয়ে দিচ্ছে যে সংসদীয় কমিটি সুচিন্তিতভাবে কী করে এত বড় একটি ভুল করেছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) লোকবল ও ব্যবস্থাপনাগত দিক বিবেচনায় না নিয়ে তারা বাড়তি কাজের বোঝা দুদকের কাঁধে চাপিয়েছিল। এখন দুদক হাঁফ ছেড়ে বেঁচেছে।
কিন্তু জনগণের স্বার্থের দিক থেকে দেখলে তাদের জীবনে এই প্রস্তাবিত সংশোধনী সামান্যই পরিবর্তন বয়ে আনবে। কারণ, দুদকের লোকবল ছিল না। আর পুলিশের কাছে প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রতিকার দেওয়ার সিদ্ধান্ত এমন একটি পটভূমিতে হচ্ছে, যখন পুলিশের ওপর ভরসার জায়গাটা বেশ নড়বড়ে। সুতরাং পুলিশের অধিক ক্ষমতায়ন ঘটছে জেনে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাওয়ার কারণ নেই। পুলিশ এত দিন এসব মামলা নিতে অনীহা বোধ করছিল, এবার তারা আগ্রহী থাকবে, এমনকি একশ্রেণির অসাধু পুলিশ ভুক্তভোগীদের হয়রানি করার নতুন হাতিয়ার পাবে। আশঙ্কাটা এখানেই।
প্রতারণা ও জালিয়াতির মামলা আবার পুলিশের কাছেসন্দেহ নেই যে অব্যাহতভাবে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং দলীয় ও অন্যান্য বিবেচনায় এই বাহিনীর সদস্যদের নিয়োগ, বদলি ও পদোন্নতি প্রদানের ঘটনায় তাদের কার্যকারিতা হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ ভয়ানক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। নিরীহ মানুষ বিপদে পড়লে পুলিশকে ডেকে আনার আগে সাতপাঁচ ভেবে সিদ্ধান্ত নেন। কারণ, তাদের ডেকে আনলে অনেক সময় তা খাল কেটে কুমির আনার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
আমরা আশা করব যে প্রতারণা ও জালিয়াতির বেসরকারি মামলাগুলো দুদক আইনের তফসিল থেকে বাদ দেওয়ার মতো টেকনিক্যাল প্রশ্নের কাগুজে নিষ্পত্তির দিকটিই যেন কেবল সংসদের বিবেচ্য বিষয় না হয়। পুলিশের সংস্কার আইনের খসড়া, ২০০৭ সাল থেকে যা বিবেচনাধীন রয়েছে, তার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। পুলিশের সুনাম ও পেশাদারির পুনরুজ্জীবন না ঘটলে প্রস্তাবিত সংশোধনী মানুষকে সুফল দেবে না।