রাজশাহী-৪ আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হকের প্রভাব-প্রতিপত্তির সীমা নেই। তাঁর মালিকানাধীন এনা প্রপার্টিজের কর্মকর্তা কাঞ্চন দাস আরও এক কাঠি সরেস! এই কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক যতন কুমার রায়কে ‘হাওয়া’ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এটা স্পষ্টতই হত্যা বা লাশ গুম করার হুমকি, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া উচিত।
সাংসদ এনামুল হক ও তাঁর এনা প্রপার্টিজের বিরুদ্ধে সরকারের সঙ্গে বেআইনিভাবে ব্যবসা করাসহ নানা অভিযোগ রয়েছে। উত্তরার ফ্ল্যাট প্রকল্প বাতিল হওয়ার পর রাজউককে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, তাও দিচ্ছে না তাঁর প্রতিষ্ঠান। দুদক তাঁর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে; তদন্তের দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক যতন কুমার রায়। তিনি হুমকি পাওয়ার পর গত বুধবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর অভিযোগ, এনা প্রপার্টিজের কর্মকর্তা কাঞ্চন দাস তাঁকে ফোন করে বলেছেন, তিনি যদি সাংসদ এনামুল হকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন, সেই প্রতিবেদনে যদি এনামুল হকের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেন, তাহলে তাঁকে ‘হাওয়া’ করে দেওয়া হবে।
আমাদের বিবেচনায়, দুদকের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে এভাবে হাওয়া করে দেওয়ার হুমকি অত্যন্ত গুরুতর একটি বিষয়। এটা শুধু দুদকের একজন কর্মকর্তার নিরাপত্তার বোধ ও স্বাভাবিক শান্তি বিঘ্নিত করবে না, গোটা প্রতিষ্ঠানটির কাজকেই নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ক্ষমতাধর ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা এই দেশে এমনিতেই কঠিন। উপরন্তু এ ধরনের গুরুতর হুমকি দুদকের কর্মকর্তাদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধির কারণ হতে পারে।
হুমকির শিকার উপপরিচালক যতন কুমার রায় ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হুমকিদাতার বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপও নিতে হবে অবিলম্বে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়।