গত সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়, তথ্য কমিশন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনস্টিটিউট সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যে মতবিনিময় সভা আয়োজন করেছে, তা গুরুত্বপূর্ণ। উল্লিখিত প্রতিষ্ঠানগুলো যেহেতু প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে কাজ করে, সেহেতু নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।
ওই মতবিনিময় সভায় দুদকের মহাপরিচালক প্রতিষ্ঠানটির মাত্র ২-৩ শতাংশ মামলা প্রভাবিত হয় বলে যে তথ্য দিয়েছেন, তা বিতর্কের দাবি রাখে। তেমনটি হলে প্রশাসনের চিত্র ভিন্ন হতো। এ ছাড়া সাংবাদিকেরা ভাসা ভাসা তথ্য দিয়ে রিপোর্ট করে দুদকের ক্ষতি করছেন বলে তিনি যে মন্তব্য করেছেন, তা আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার প্রয়াস মাত্র। সিএজি নিজেই তাঁর এই বক্তব্যের প্রতিবাদ করেছেন। সত্য উদ্ঘাটনের জন্যই সাংবাদিকেরা তথ্য সংগ্রহ এবং প্রকাশ করে থাকেন। দুর্ভাগ্যজনক যে, দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগে কোনো তথ্যই দিতে চায় না, অথচ রিপোর্ট প্রকাশের পর নানা ধরনের সাফাই গেয়ে থাকে।
দুদকের ২–৩ শতাংশ মামলা প্রভাবিত হয়তবে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যানের মন্তব্যটি তাৎপর্যপূর্ণ বলে মনে করি। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক অঙ্গীকার না আসবে, ততক্ষণ দুর্নীতি কমবে না। তাহলে দুদক কী করছে? প্রতিষ্ঠানটি যদি স্বাধীনভাবে কাজ করে, তাহলে রাজনীতিক বা আমলা কেউ দুর্নীতি করতে পারতেন না। কিন্তু যখন তঁারা বেছে বেছে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেন, আর ক্ষমতাসীনদের ঢালাওভাবে সৎ ও সাচ্চা সনদ দিয়ে থাকেন, তখন দুর্নীতি বাড়তে বাধ্য।
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে মানুষ খেদোক্তি বা হতাশার কথা শুনতে চায় না; বরং প্রতিষ্ঠানটি দলমত–নির্বিশেষে সব দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, এটাই দেখতে চায়। দু-একটি ক্ষেত্রে দুদক যে সাহসী সিদ্ধান্ত নেয়নি, এমনও নয়। এই বিরল ও ব্যতিক্রমকে যখন তারা নিয়মে পরিণত করতে পারবে, তখনই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে।