দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু নয়, যেকোনো প্রতিষ্ঠানই সাংবাদিকদের তথ্য প্রদানে একটি নীতিমালা চালু করতে পারে। কিন্তু বলা যাবে না যে এত দিন পর্যন্ত দুদকের কোনো গণমাধ্যমনীতি ছিল না। তাহলে হঠাৎ কী হলো। খালি চোখে আমরা দেখছি, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে পত্রপত্রিকায় এমন সব খবর ছাপা হয়েছে, যাতে সরকারের ভাবমূূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। কানাডা পুলিশের সঙ্গে তাদের সহযোগিতার বিষয়টি জনগণের কাছে ধোঁয়াশা ঠেকছে। এই প্রেক্ষাপটেই দুদক সাংবাদিকদের প্রতি কঠোর হলো।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এর আগে বলেছিলেন, পদ্মা সেতুসংশ্লিষ্ট বিষয়ে তাঁদের কাছে যেসব তথ্যপ্রমাণ রয়েছে, তার সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অসংগতি রয়েছে। তবে তিনি নির্দিষ্টভাবে বলেননি সেই অসংগতি কী। এই দায় তাঁর।জনগণের কাছে প্রতীয়মান হচ্ছিল যে ‘নখদন্তহীন’ দুদকের নখদন্ত বুঝি একটু নড়াচড়া শুরু করেছে। এর আগে তারা পদ্মা সেতুর অভিযোগের বিষয়ে দ্রুত সততার সনদ দিয়েছিল। এরপর দুদক যখন নতুন তথ্যপ্রমাণ পেল, তখন গণমাধ্যম সংগত কারণেই আগ্রহ দেখিয়েছে। তবে এর মধ্যে গণমাধ্যম যদি ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে দুদক তাদের কাছে উপযুক্ত ব্যাখ্যা দিয়ে তা যথাযথভাবে প্রকাশের দাবি করতে পারে।গণতান্ত্রিক রীতিনীতি মানলে ভুল তথ্য নির্দিষ্টভাবে খণ্ডাতে দুদককে উদ্যোগী হতে হবে। এমনকি প্রতিষ্ঠানটি যদি মনে করে যে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা প্রশ্নে প্রথম আলোতে প্রকাশিত কোনো প্রতিবেদন ঠিক তথ্য দেয়নি, তাহলে তা নির্দিষ্টভাবে উল্লেখের যে প্রতিষ্ঠিত রীতি, তা তাকে অনুসরণ করতে হবে। এর আগেও দুদক সে রীতি মেনেছে। সুতরাং, গণমাধ্যমের বিরুদ্ধে অনির্দিষ্ট ও ঢালাও মন্তব্য কিংবা নেতিবাচক অবস্থান গ্রহণযোগ্য নয়।দুদকের চেয়ারম্যান সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ প্রসঙ্গে স্মরণ করেছেন যে কোনো কোনো পত্রিকা ও টিভি তিনি যা বলেননি তা-ই প্রচার করে। এটা তো দুঃখজনক ও নিন্দনীয়। কিন্তু তিনি স্বীকার করবেন যে এই যুক্তি দেখিয়ে ‘পূর্বানুমতি ছাড়া’ দুদকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করতে পারেন না। যে ব্যবস্থা চালু করা হয়েছে, সেটা প্রকারান্তরে কালাকানুন।সাংবাদিকেরা দুদকে প্রবেশ করে দুদকের কর্মকর্তাদের সঙ্গেই আলাপ-আলোচনা করেন। এখন এই নিষেধাজ্ঞার আরেকটি অর্থ হচ্ছে নিজেদের কর্মকর্তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন বা তাদের একটি অংশকে ঝুঁকিপূর্ণ ঠাহর করা। তথ্য অধিকার আইনের প্রয়োগ ও সার্থক অনুশীলনে সবাইকে সচেষ্ট হতে হবে। দুদকের সিদ্ধান্ত সরকারকে খুশি করলেও তথ্য পাওয়া থেকে জনগণ বঞ্চিত হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ঠিকই বলেছেন যে দুদকের এমন রক্ষণশীলতা কাম্য নয়। ‘দুদক ডাকলেই সাংবাদিকেরা যাবেন, অন্যথায় নয়’—এটা ভুল বার্তা পৌঁছাবে। এতে মনে হতে পারে, সাংবাদিকদের দুদক আজ্ঞাবহ ভাবছে। দুর্নীতির মতো ব্যাধি দূর করতে দুদক ও গণমাধ্যমকে পরিপূরকভাবে কাজ করতে হবে।