সচিব নিয়ে সমস্যার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করলেও বিষয়টিতে সাড়া দিতে সরকার রহস্যজনকভাবে নিস্পৃহ রয়েছে। কমিশনের পক্ষ থেকে দুদকের সচিব মাকসুদুল হাসানকে সরিয়ে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার ৪৫ দিন পরও এর ফল পাওয়া যায়নি। দুদকের ব্যাপারে সরকারের অবস্থানটি এ থেকে সহজেই ধারণা করা যায়।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, দুদকে প্রেষণে লোকবল নিয়োগ নিয়ে কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনারের সঙ্গে সচিবের মতভেদ দেখা দেয় এবং শেষ পর্যন্ত তা চরম আকার ধারণ করে। এ অবস্থায় দুদকের মতো জাতীয় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা কেবল দুরূহ নয়, অসম্ভব। ফলে দুদকের পক্ষ থেকে সচিবকে প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানানো হয়। কমিশনের চিঠিতে সচিবের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা গুরুতর।
দুদকের সচিবের বিষয়ে পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয় কমিশন অভিযোগ করেছে, সচিবের উদাসীনতা, অনাগ্রহ ও কোনো কোনো ক্ষেত্রে অবাধ্যতার কারণে কমিশনের কার্যক্রমে অচলাবস্থা চলছে। এমনকি কমিশনের দৈনন্দিন কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ধরনের অভিযোগ ও তাঁকে প্রত্যাহার করে নেওয়ার অনুরোধের পর জনপ্রশাসন মন্ত্রণালয় কীভাবে দীর্ঘ ৪৫ দিন নিশ্চুপ রয়েছে, তা সত্যিই বিস্ময়কর। এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার অর্থ হচ্ছে দুদকের কাজকর্মে অচলাবস্থাকে আরও দীর্ঘায়িত করা।
দুদকের চিঠি পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনায় এনে সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ব্যাপারে তদন্তের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির কাজ কীভাবে চলবে, সে ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নেওয়া। কিন্তু মন্ত্রণালয় অজ্ঞাত কারণে সচিবকে প্রত্যাহারও করেনি, কমিশনের চিঠির জবাব বা নতুন সচিব নিয়োগের জন্য আলোচনায় বসারও উদ্যোগ নেয়নি। বলা হয়েছে, দুদকে পদায়নের জন্য নাকি একজন উপযুক্ত কর্মকর্তা খোঁজা হচ্ছে। তাদের এই অনুসন্ধান কবে শেষ হবে, আদৌ শেষ হবে কি না, সেই প্রশ্নের উত্তর জানার অধিকার নিশ্চয়ই জনগণের আছে।
দুদকের সচিবসংকট নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি।