দুদকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী কার্যক্রম জারি রাখতে দুদক অতি প্রয়োজনীয় প্রতিষ্ঠান। বিশেষত প্রভাবশালী ব্যক্তিদের বড় আকারের দুর্নীতির বিরুদ্ধে দুদকের চেয়ে কার্যকর আর কে বেশি হতে পারে? কিন্তু বিগত জরুরি অবস্থার সময় ছাড়া দুদককে তেমন সাহসী পদক্ষেপ নিতে দেখা যায়নি। বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় ব্যাংকটির চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে বাদ দিয়েই মামলা করেছিল আগের কমিশন। দেশের একজন বহুল আলোচিত মাদক ব্যবসায়ীকে দুদকই দায়মুক্তি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিসমিল্লাহ গ্রুপের এক হাজার কোটি টাকার জালিয়াতির মামলার কোনো আসামিকেই স্পর্শ করেনি দুদক। তাই দুদকের দিক থেকে বড় কোনো দুর্নীতির উদ্‌ঘাটনও আমরা দেখিনি।

দুদকের যা কিছু উৎসাহ তা মূলত গণমাধ্যমে আলোচিত কিছু ঘটনার মধ্যম সারির জড়িতদের ব্যাপারেই। দেশে বড় বড় প্রকল্পে অর্থ বরাদ্দের ছড়াছড়ি দেখা যায়। এগুলো সুষ্ঠুভাবে ব্যয়িত হচ্ছে কি না, সেই নজরদারির দায়িত্বও কিন্তু দুদকের।

যে দুদক ক্ষমতাশালী ব্যক্তিদের এড়িয়ে চলে, সেই দুদককে কি আপসহীন বলা যায়? রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে লাগাতারভাবে অর্থ জালিয়াতি করা হয়েছে। এসব মামলার অনেক আসামিই এখনো গ্রেপ্তার হননি। ছোট দুর্নীতি অথবা দুর্নীতির সহযোগীদের বিচারের উদ্যোগ ভালো। কিন্তু বৃহৎ দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি এড়িয়ে ছোটদের নিয়ে ব্যস্ত থাকাকে ‘লোক দেখানো কাজ’ বলে ভাবার সুযোগ থেকে যাচ্ছে। নিজেদের সততা, দক্ষতা ও আপসহীনতা প্রমাণের জন্য দুদককে রাঘববোয়ালদের কাঠগড়ায় আনতে হবে।