দুদকের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ ও নামের সঙ্গে সংগতি রাখতে পারছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। কার্যত দায়মুক্তি কমিশনে রূপান্তরিত হওয়া দুদকের এই দায়মুক্তি অবশ্য ক্ষমতাসীন দলের লোকজনের জন্যই। তাদের আচরণে মনে হচ্ছে, দুর্নীতি ও এর দমন বলে যদি কিছু থেকে থাকে, তা কেবলই এখন বিরোধী দলের বিষয়।
দুর্নীতি দমন কমিশনে কখন ক্ষমতাসীন দল ও এর সমর্থক লোকজন কেন দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি পান আর বিরোধী দলের লোকজনের বিরুদ্ধে মামলা হয়, তা বুঝতে কারও কষ্ট হওয়ার কথা নয়। সরকারকে ভয় পেলে ও তাদের কথা অনুযায়ী চলতে থাকলেই এমনটি হয়। প্রশ্ন হচ্ছে, তাহলে ‘দেশে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি এবং অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান এবং তদন্ত পরিচালনার জন্য একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা’ করা কেন প্রয়োজন হয়ে পড়েছিল? কমিশন আইনের সংজ্ঞায় থাকা ‘স্বাধীন’ শব্দটি তো অর্থহীন হয়ে পড়েছে।
দায়মুক্তি পাচ্ছেন ক্ষমতাসীনেরা প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুর্নীতির অভিযোগ থেকে যাঁরা দায়মুক্তি পাচ্ছেন, তাঁদের প্রায় সবাই কোনো না কোনোভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। আর দায়মুক্তির ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে দৃশ্যমান প্রমাণ থাকার পরও দুদকের কর্মকর্তারা কোনো প্রমাণ পাননি। দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরাও বলছেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে দুদকের গ্রহণযোগ্যতা আরও বেশি প্রশ্নের মুখে পড়েছে।
দুর্নীতি ও দুর্নীতি সংঘটনের সুযোগ ক্ষমতাসীন দলের লোকজনেরই বেশি। ফলে যাঁরা ক্ষমতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছেন, তাঁদের দুর্নীতির অভিযোগগুলো বিশ্বাসযোগ্যভাবে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই ‘স্বাধীন’ দুর্নীতি দমন কমিশনের কাজ। অতীতে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁদের দুর্নীতি তদন্ত করার জন্য ‘স্বাধীন’ কমিশনের দরকার পড়ে না। দুদকের মতো একটি স্বাধীন ও সাংবিধানিক কমিশনকে অথর্ব ও অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার দায় সাংবিধানিকভাবে নিয়োগ পাওয়া এর চেয়ারম্যান ও কমিশনারদেরই নিতে হবে।