লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো নামটির সঙ্গে বাংলাদেশের সচেতন মানুষ সাম্প্রতিককালে পরিচিত হয়ে গেছে। বিশ্বব্যাংক কর্তৃক পদ্মা সেতুর ঋণ বাতিলের পটভূমিকা সবারই জানা। আরও জানা আছে এরপর শর্ত সাপেক্ষে অর্থায়নে ফিরে আসতে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক। শর্ত রয়েছে দুর্নীতি বিষয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। আর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের সে তদন্ত পর্যবেক্ষণ করবে তাদের নিযুক্ত একটি নিরপেক্ষ আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। সে বিশেষজ্ঞ দলের প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী আর্জেন্টিনার নাগরিক লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো। অন্য দুজন সদস্য হচ্ছেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং ও যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। দলটি গত বছরের অক্টোবর ও ডিসেম্বরে দুই দফা ঢাকা সফর করে। বৈঠক করে দুদকের কর্মকর্তাদের সঙ্গে। সৌজন্য সাক্ষাৎ করেছিল অর্থমন্ত্রীর সঙ্গেও। বিশ্বব্যাংকের শর্ত হচ্ছে, দুর্নীতির তদন্ত কার্যক্রম সম্পূর্ণ, সঠিক, স্বচ্ছ, পর্যাপ্ত ও নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ বিশেষজ্ঞ দলটির কাজ; বিষয়টিকে নিশ্চিত করতে দুদককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। দুদকের তদন্ত কার্যক্রমের ব্যাপারে তাদের মতামত বিশ্বব্যাংকের পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে, এটাই স্বাভাবিক। এসব পরিপ্রেক্ষিতেই মূলত বিশ্বব্যাংকের দেওয়া প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করে ঘুষ গ্রহণের ষড়যন্ত্রের অভিযোগে দুদক গত বছরের ১৭ ডিসেম্বর সাতজনকে আসামি করে এজাহার দায়ের করে। তাঁরা হচ্ছেন: সেতু বিভাগের তদানীন্তন সচিব, সেতু কর্তৃপক্ষের দুজন প্রকৌশলী এবং পরামর্শক হিসেবে নিযুক্তির জন্য বাছাইকৃত বিতর্কিত কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের চারজন কর্মকর্তা। এ এজাহার এবং এজাহার-পূর্ব অনুসন্ধান প্রতিবেদন দুদক মতামত সহকারে বিশেষজ্ঞ দলকে পাঠায়। এগুলো পর্যালোচনা করে দলের পক্ষে দলনেতা লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো দুদকের চেয়ারম্যানকে একটি দীর্ঘ চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁরা এজাহার দায়েরকে একটি ইতিবাচক উদ্যোগ বলে উল্লেখ করেছেন। তবে চিঠিটিতে এটাও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রাথমিক তথ্য ও উপাত্তে তদানীন্তন যোগাযোগমন্ত্রী ‘এ ঘুষ গ্রহণ ষড়যন্ত্রে’ ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ছিলেন বলে তাঁরা মনে করেন। তাঁদের মতে, তাঁকেও এজাহারভুক্ত করা উচিত ছিল। চিঠির ভাষ্য অনুসারে তাঁকে বাদ দেওয়ায় মনে হচ্ছে তদন্তটি সঠিক ও সম্পূর্ণ হয়নি। তদুপরি দুদক, বিশেষজ্ঞ দলকে জানিয়েছিল রাজনৈতিক হট্টগোলের ভয়ে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়নি। দুদকের এ ব্যাখ্যায় চরম অসন্তোষ প্রকাশ করেছে বিশেষজ্ঞ দল। লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর সই করা চিঠিতে বলা হয়েছে, যে রাজনৈতিক পরিচয়ই হোক না কেন তাঁকে ছাড় দেওয়া হলে তদন্তকে মোটেই সম্পূর্ণ ও নিরপেক্ষ বলা যাবে না। সাবেক যোগাযোগমন্ত্রীকে অভিযুক্ত ব্যক্তিদের বাইরে রাখার পক্ষে দুদক যেসব যুক্তি দিয়েছে, তার কিছু তথ্য-প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক বলেও বিশেষজ্ঞ দল মনে করে। তাদের মতে, দুদকের প্রতিনিধিরা স্বীকার করেছেন, মন্ত্রীর কার্যক্রম স্বচ্ছ ছিল না। তাঁর বিরুদ্ধে সন্দেহের কিছু আছে। তবে দুদক আবার বলেছে, তদন্ত শুরুর জন্য সন্দেহ যথেষ্ট নয়। এটাকে বাংলাদেশের আইনের অপব্যাখ্যা আখ্যায়িত করে বিশেষজ্ঞ দলনেতা লিখেছেন, তদন্ত শুরুর জন্য সুনির্দিষ্ট প্রমাণ নয়, ‘যুক্তিসংগত সন্দেহ’ যথেষ্ট। ঢাকার একটি ইংরেজি দৈনিকের ১৯ জানুয়ারি প্রধান শিরোনাম হচ্ছে: সাবেক যোগাযোগমন্ত্রীকে মামলায় আসামি করা হলে বিশ্বব্যাংক প্রতিশ্রুত অর্থ ছাড়ের নিশ্চয়তা দিয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে এর দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক সাক্ষাৎ করলে তিনি এ নিশ্চয়তা দেন বলে খবরটিতে উল্লেখ রয়েছে। এ তথ্যটি আমাদের সরকারের ওপরের মহলকে অবহিত করা হয়েছে বলেও খবরটিতে দাবি করা হয়। এখন অবস্থাটা কোন দিকে যাচ্ছে। বিশ্বব্যাংক যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে বিশেষজ্ঞ দলের মতামত প্রকল্প ছাড়ের অনুকূল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্লেখ করা আবশ্যক, এ ধরনের সেতু নির্মাণে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমটি কারিগরি। যেমন মূল সেতুর নির্মাণকাজ ও নদীশাসন এ প্রকল্পের প্রধান দুটি অঙ্গ। এর প্রযুক্তিগত দক্ষতা ও যন্ত্রপাতিসমৃদ্ধ কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি। সংযোগ সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ অন্য কাজগুলো উঁচু প্রযুক্তিনির্ভর নয়। দেশীয় প্রতিষ্ঠান এগুলো করতে পারবে। তবে উভয় দিকে রেলপথ সম্প্রসারণের কাজেও দক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের আছে বলে মনে হয় না। তাই এসব কাজের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যথোপযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের আবশ্যকতা রয়েছে। এ ছাড়া সেতু নির্মাণ ও প্রাসঙ্গিক অন্য সব কাজের জন্য প্রায় ৩০০ কোটি ডলার আবশ্যক। বিলম্ব যা হয়েছে তার জন্য প্রকল্প ব্যয় এ প্রাক্কলনকে ছাড়িয়ে যাওয়ারই কথা। আমাদের নিজস্ব সম্পদ থেকে এ অর্থায়নও অনেকটা দুরূহ কাজ। তাই বিদেশি ঋণদানকারী সংস্থার আবশ্যকতা থেকে যায়। বর্তমান সরকারই এ প্রকল্পের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির ব্যবস্থা করেছিল। অর্থায়নে সম্মত হয়ে ঋণচুক্তি করেছিল বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংক। সবচেয়ে বড় অংশীদার বিশ্বব্যাংক। ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয়েছিল তাদের সঙ্গে।অবশ্য বিশ্বব্যাংককে যেকোনো মূল্যে আমরা চাই, এমনটি কিন্তু নয়। তাদের সন্তুষ্টির জন্য কোনো নিরপরাধ সম্মানিত ব্যক্তিকে অকারণে মামলায় জড়িয়ে দিতে হবে, এমন কথা কেউ বলবে না। তবে এসএনসি-লাভালিন কর্মকর্তাদের ডায়েরি, বিভিন্ন ই-মেইল বার্তা, তাঁদের এ দেশে সন্দেহজনক আনাগোনা ও বৈঠক এবং সর্বোপরি একটি অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে তিন-তিনবার মূল্যায়ন কমিটিতে রদবদল কি অভিযোগটির প্রাথমিক সত্যতা লক্ষণীয় হয় না? আর এর মূল ব্যক্তি অভিযোগের বাইরে থাকলে, অনুসন্ধান ও তদন্তের গ্রহণযোগ্যতা সম্পর্কে সন্দেহকে কি অমূলক বা বিদ্বেষপ্রসূত বলা যাবে? ঘুষ গ্রহণের আলাপ-আলোচনার কোনো কার্যবিবরণী কোথাও লিপিবদ্ধ হয় না। আর সে ধরনের আলোচনাও হয় না মাইক্রোফোনে। আমাদের দেশে দুর্নীতিসংক্রান্ত তদন্তের জন্য আইনের দ্বারা গঠিত স্বাধীন কমিশন আছে। অথচ এ অভিযোগটি সূচনাতেই তারা নাকচ করে দিল, কোনো দুর্নীতি হয়নি বলে। ঋণ চুক্তি বাতিলের পরও বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকারের আগেই দুদক প্রতিক্রিয়া জানায়। এ-জাতীয় ভূমিকার জন্য দুদক তার স্বাধীন সত্তা দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তা না হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল গঠনের প্রশ্ন হয়তো আসত না। সময়মতো দুদক জোরদার অনুসন্ধানে নামলে ঋণচুক্তিটি হয়তো বা বাতিলও হতো না। নিজের কাজটি আমরা নিজেরা করতে পারি না। অন্যরা আঙুল দিয়ে দেখিয়ে করিয়ে নেয়। এটা তো অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং ঘটছে। আরও বিস্ময়ের ব্যাপার, আলোচিত চিঠিটি আসার পর দুদকের একজন কমিশনার মন্তব্য করেছেন, দুদকের তদন্তে বিশ্বব্যাংক খুশি। তিনি আরও বলেছেন, ‘সামগ্রিকভাবে বিশ্বব্যাংকের এ প্রতিক্রিয়ায় দুদক সন্তুষ্ট।’ অবশ্য দুই দিন পর দুদকের চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সব শঙ্কা ও উৎকণ্ঠা নিরসনে দুদক কাজ করছে। তাহলে তো বলতে হয় বিশ্বব্যাংক নিয়োজিত বিশেষজ্ঞ দলের যে শঙ্কা ও উৎকণ্ঠা আছে, তিনি তা অনুধাবন করতে পেরেছেন। তবে কমিশনের চেয়ারম্যান ও একজন কমিশনারের বিপরীতধর্মী বক্তব্যে বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি করে। আমরা আশা করব, দুদক ন্যায়নিষ্ঠ ও বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাংকের ঋণপ্রাপ্তির বিষয়টি সমাধানে সক্ষম হবে। এ সেতুটির প্রয়োজনীয়তার কথা আলোচনার অপেক্ষা রাখে না। এটা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে অন্য অংশের সঙ্গে সরাসরি যুক্ত করবে। দ্বার খুলে যাবে সে অঞ্চলের অবরুদ্ধ অর্থনীতির। সৃষ্টি করবে নতুন সুযোগ। সুফল ভোগ করবে গোটা দেশ। কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী ও বর্তমান যোগাযোগমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক না এলে ফেব্রুয়ারিতে এ সেতুর বিষয়ে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হবে। হয়তো বা অর্থায়নের জন্য বিকল্প উৎসের সন্ধান করা হবে। নিজস্ব অর্থায়নও হতে পারে এ বিকল্পের একটি। তবে স্মরণ রাখার আবশ্যকতা রয়েছে, জেদের বশে আমরা যেন সেতুটির নির্মাণকাজ ব্যয়বহুল করে না বসি। এমনিতেই রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ব্যয় আধিক্যের মাশুল দিচ্ছে দেশবাসী। সেতুর ক্ষেত্রে এ ধরনের ভুল হলে প্রভাব পড়বে দীর্ঘমেয়াদি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে এ প্রকল্পে বড় ধরনের অর্থায়ন অন্যান্য উন্নয়ন কর্মসূচি শোচনীয়ভাবে ব্যাহত হবে। এমনিতেই দেশের রাস্তাঘাটের বেহাল অবস্থা দূর করার প্রধান প্রতিবন্ধকতা অর্থের সংকট। সুতরাং, সে সংকটকে আরও ঘনীভূত করার চেষ্টা যথাযথ হবে না। স্থানীয়ভাবে ঋণ গ্রহণ কিংবা বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করলেও সুদের হার বেশিই হবে। আর তারল্যসংকটও দেখা দিতে পারে। বাইরের উৎস থেকে বন্ড ছেড়ে বা ধার করে অর্থ সংগ্রহও সহজ ও কম ব্যয়বহুল হওয়ার কথা নয়। ব্যক্তিগত দান-অনুদান খুব বড় অঙ্কের হবে বলে মনে হয় না। তদুপরি সুনিশ্চিত অর্থায়নের ব্যবস্থা না থাকলে দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের আগ্রহ কমে যাবে। নামীদামি প্রতিষ্ঠান আসতে ইতস্তত করতে পারে। এলেও অতিরিক্ত দর উদ্ধৃত করার সম্ভাবনাই বেশি থাকবে। এসব সংকট ও সম্ভাবনার বিবেচনায় আমাদের চুক্তিবদ্ধ ঋণটির ছাড় করাতে ন্যায়সংগত কিছু পদক্ষেপই তো যৌক্তিক হবে। দু-একজন ব্যক্তির অন্যায্য মানসম্মান একটি জাতির স্বার্থের বিপরীতে স্থান পেতে পারে না। অথচ আমাদের দুর্ভাগ্য, এখন পর্যন্ত তা-ই ঘটছে বলেই মনে হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে তৃতীয় বিশ্বের অনেক দেশেই প্রকল্পের কাজে দুর্নীতি ঘটে থাকে। তবে আমরা চাই না দুর্নীতি ঘটুক। বিশ্বব্যাংকের উৎকণ্ঠার সঙ্গে আমাদেরও দ্বিমত নেই। তবে কতিপয় ব্যক্তি দুর্নীতি করার চেষ্টা করেছিল—এ অভিযোগে ১৬ কোটি মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ সেতু নির্মাণে অর্থায়ন বাতিল কিংবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা সংক্রান্ত বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তটির যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। প্রকল্প বাস্তবায়নকালে দুর্নীতি যাতে না হতে পারে, তার জন্য প্রয়োজন মনে করলে তারা নজরদারি আরও জোরদার করতে পারে। বিষয়টি নিয়ে ঘাঁটাঘাঁটি তো কম হয়নি। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবস্থান অপরিবর্তিত রেখেই তারা সেতু নির্মাণের জন্য অর্থ ছাড় করতে পারে। এটা আমাদের যৌক্তিক ও সমীচীন প্রত্যাশা। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]