অনেক দেরিতে হলেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতাদের বিরুদ্ধে দুদকের নতুন উদ্যোগ নিশ্চয়ই ভালো, তবে এর প্রকৃত তাৎপর্য বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখতে হবে এই উদ্যোগ সত্যিই আন্তরিক, নাকি লোক দেখানো? কারণ, এর আগে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হলেও দুদকের অনুসন্ধান কার্যত বন্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য ব্যাংকটির সাবেক চেয়ারম্যানকে দায়ী করা হলেও দুদক তাঁর বিরুদ্ধে তখন অনুসন্ধানে উৎসাহ দেখায়নি। এখন বলছে সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যদি তা-ই হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আর দেরি করার যুক্তি থাকতে পারে না।
সম্প্রতি জাতীয় সংসদে বিষয়টি আলোচনায় আসে। সাংসদেরা এমন প্রশ্নও তোলেন যে সাবেক ওই চেয়ারম্যানের অবস্থান কি এতই উঁচুতে যে আইন তাঁকে স্পর্শ করতে পারে না? অর্থমন্ত্রীও বেসিক ব্যাংকের কেলেঙ্কারির মূল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করতে পারায় আফসোস করেন। সুতরাং দুদককে এখন বুঝতে হবে, জাতীয় সংসদ ও মন্ত্রী যেখানে অভিযুক্ত ব্যক্তিদের বিচারে সোচ্চার, সেখানে নিষ্ক্রিয় বসে থাকার সুযোগ নেই।
বেসিক ব্যাংকের বিরুদ্ধে নিয়ম ভেঙে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ উঠলেও দুদকের অনুসন্ধানে মাত্র এক হাজার কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কারসাজি করে ঋণ জালিয়াতির দায় কমিয়ে দেখানোর চেষ্টা করা হলে পরিণতি শুভ হবে না। অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া যাবে না। জালিয়াতির জন্য দায়ী সব ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
দুদকের এখন কর্তব্য হবে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ দায়ী সবার বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দায়ের করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা। এভাবে দৃষ্টান্ত স্থাপন করা গেলে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর লুটপাট যেমন কমবে, তেমনি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাও সহজ হবে।