দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান প্রতিষ্ঠানটিকে ‘নখদন্তহীন বাঘ’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু এখন সম্ভবত দুদকের সে অবস্থা নেই। সম্প্রতি তার ক্ষমতা বাড়ানো হয়েছে এবং সেই ক্ষমতার প্রয়োগও দৃশ্যমান হয়ে উঠেছে। অবশ্য এই দৃশ্যমানতা দুর্নীতি দমনে তাদের আন্তরিকতার সাক্ষ্য বহন করে না; বরং সংশয় থেকেই যায়।
দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করার পর্যায়েই অভিযুক্ত যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা পাওয়ার পর গত সাড়ে ছয় মাসে দুদক ৭০ জন ব্যাংক কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে। কিন্তু এর ফলে জনমনে এমন ধারণা সৃষ্টি হয়নি যে ব্যাংক খাতের ব্যাপক দুর্নীতির যথাযথ প্রতিকারে দুদক সত্যিই তৎপর হয়েছে। কারণ, আর্থিক খাতের অন্তত তিনটি খুব বড় জালিয়াতির হোতা হিসেবে চিহ্নিত ব্যক্তিদের অনেকেই দুদকের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। যেমন বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় জনতা ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু একই মামলার অন্যতম আসামি, ব্যাংকটির মহাব্যবস্থাপক মো. আবদুস সালাম আজাদকে গ্রেপ্তার করা তো হয়ইনি, বরং তিনি পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। আর রাষ্ট্রীয় মালিকানাধীন তিন ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুদক মামলা করেছে; কিন্তু তাঁদের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মামলা করা হয়নি। প্রকৃতপক্ষে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া শুধু ব্যাংক কর্মকর্তাদের পক্ষে বড় অঙ্কের ঋণ দেওয়া সম্ভব নয়।
প্রশ্ন উঠেছে বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় দুদকের পদক্ষেপ নিয়ে। ওই জালিয়াতির সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ও পরিচালনা পর্ষদের সংশ্লিষ্টতার অভিযোগ ব্যাপক আলোচিত হয়েছে, কিন্তু তাঁকে ও পরিচালনা পর্ষদের সদস্যদের বাদ দিয়ে দুদক ৫৬টি মামলা দায়ের করেছে ওই ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে।
দুদকের এই বেছে বেছে দুর্নীতি দমনের তৎপরতায় ব্যাংক খাতে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স তাদের উদ্বেগ সরকারকে জানিয়েছে। আমাদের ধারণা, ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতির রাশ টানতে দুদকের এই সীমিত তৎপরতা প্রত্যাশিত ফল দেবে না, বরং এতে ব্যাংকিং কার্যক্রমে স্বতঃস্ফূর্ততা ব্যাহত হতে পারে।
আসলে দুদককে আরও ওপরে হাত দিতে হবে, ধরতে হবে দুর্নীতির রাঘববোয়ালদের।