একজন কারাবন্দী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে বসে কীভাবে জুম বৈঠক করেন? দেশে কি আইনকানুন বলতে কিছু নেই? বহুল আলোচিত ও বিতর্কিত বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন চিকিৎসার নামে প্রিজন সেলে এসে জুম বৈঠক করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আরও উদ্বেগজনক হলো সরকারের কোনো সংস্থা রফিকুল আমীনের এ কর্মকাণ্ড সম্পর্কে আগে জানতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রফিকুল আমীনের জুম বৈঠকের খবর প্রচারিত হওয়ার পর সরকার নড়েচড়ে বসে। বিএসএমএমইউতে তাঁর পাহারার দায়িত্বে থাকা প্রধান কারারক্ষীসহ আটজন কারারক্ষীকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। এ ছাড়া চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগেও লক্ষ করা গেছে, কারাগারে বা প্রিজন সেলে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর কারা প্রশাসন নিয়মমাফিক তদন্ত করে। কিন্তু অপরাধ বন্ধ হয় না। চলতি বছরের শুরুতে কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামি এক নারীর সঙ্গে সময় কাটিয়েছিলেন সেখানকার কর্মকর্তাদের যোগসাজশে।
রফিকুল আমীনের ঘটনায় কি কেবল উল্লিখিত কারারক্ষীরা জড়িত, না এর পেছনে বড় কর্মকর্তার সহযোগিতা ছিল? ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া প্রিজন সেলে বসে জুম বৈঠকের মতো ঘটনা ঘটতে পারে না। রুটিনমাফিক তদন্ত কমিটি গঠন কিংবা নিচের পর্যায়ের দু–চারজনকে গুরু পাপে লঘু শাস্তি দিলে কারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়ম-দুর্নীতি ছড়িয়ে পড়েছে, তা উচ্ছেদ হবে না।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় রফিকুল আমীন ২০১২ সালের অক্টোবর মাসে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মোট সম্পদের পরিমাণ ছিল ৩ হাজার ৩৫০ কোটি টাকা। তিনি ও তাঁর সহযোগীরা মানুষের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করেন এবং সেখান থেকে লভ্যাংশ, সম্মানী ও বেতন-ভাতার নামে ১ হাজার ৮৬১ কোটি টাকা সরিয়ে নেন। আদালতের নির্দেশে ২০১৩ সাল থেকে ডেসটিনির নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব পায় পুলিশ।
ডেসটিনি লাখ লাখ মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমএলএম ব্যবসার নামে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁদের অর্থ ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন করেছেন। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ডেসটিনি থেকে অর্থ উদ্ধার করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো কেউ অর্থ ফেরত পাননি।
প্রথম আলোর খবর অনুযায়ী, রফিকুল আমীন তিন মাস ধরে হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। একজন কারাবন্দী অসুস্থ হলে তাঁকে কারাগারের বাইরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর বিধান আছে। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মাসের পর মাস প্রিজন সেলে থাকবেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষ হলে তাঁকে কারাগারে ফেরত নিতে হবে। লেখক মুশতাক আহমেদ কারাগারেই মারা গেছেন। তাঁকে কারাগারের বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেনি কারা কর্তৃপক্ষ। অথচ রফিকুল আমীনের মতো একজন বিতর্কিত ব্যবসায়ী চিকিৎসার নামে কারাগারের বাইরে গিয়ে জুম বৈঠক করে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
আদালত ডেসটিনির সম্পদ পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এটি সাময়িক ব্যবস্থা। তাঁরাই ডেসটিনির সম্পদের মালিক, যাঁরা সংস্থাটি দ্বারা প্রতারিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ডেসটিনির সম্পদ ফেরত দেওয়া এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবিলম্বে দুদকের মামলাটির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।