১০ বছর পেরিয়ে গেল; কিন্তু কথা রাখেনি দুদক। দুর্নীতি দমনের চেয়ে প্রতিষ্ঠানটি দুর্নীতির দায়মুক্তির সনদই বেশি বিতরণ করেছে। এ বছরের প্রথম আট মাসেই এক হাজার ৫৯৮ জন দুদকের কাছ থেকে দায়মুক্তি পেয়েছেন। এর মধ্যে ৮৭০টিতে কোনো মামলাই হয়নি। অথচ দুদকের চেয়ারম্যান দাবি করেছেন, ‘দায়মুক্তি কমিশন বলা হলে সেটা হবে অবিচার।’ দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের রেহাই দেওয়াই যে বড় অবিচার, দুদকের ১০ বছরের কার্যক্রম তা প্রমাণ করে।
দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান ‘দুদক আগের চেয়ে অনেক শক্তিশালী’ বলে দাবি করেছেন। কিন্তু পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ থেকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ ১০ জন দায়মুক্তি পান। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোজাম্মেল হোসেন, সাংসদ আসলামুল হক ও বিটিএমসির সাবেক চেয়ারম্যান আবুল কালামের ‘অবৈধ সম্পদের’ অভিযোগ উঠিয়ে নেওয়া হয়।
রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে দুর্নীতি অনেক কমবেবহুল আলোচিত রেল কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তর বিরুদ্ধে অনুসন্ধানই চলেনি। তাঁর ছেলেকে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার ঘটনাও সুবিদিত। এভাবে অব্যাহতি পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। পেট্রোবাংলার সদ্য সাবেক চেয়ারম্যান হোসেন মনসুরের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত মাঝপথে থেমে যায়। দেখা যাচ্ছে, যাঁরা দায়মুক্তি পাচ্ছেন তঁারা সরকারি দলের লোকজন।
কেবল বিরোধী দলের নেতাদের দোষী প্রমাণে দুদকের সজাগ থাকা থেকে প্রতীয়মান হয়, দুদক রাজনৈতিক প্রভাবাধীন পক্ষপাতী প্রতিষ্ঠান। রাজনৈতিক পরিচয়ই দুর্নীতির তদন্তে প্রধান বিবেচ্য হলে আইনের শাসন বলে কিছু থাকে না। দুর্নীতি যে করে আর দুর্নীতি যে সহে, উভয়ের দোষ সমান না হলেও দুর্নীতির দায়মুক্তির দায় কোনোভাবেই দুদক এড়াতে পারে না।