দুপুরে উচ্ছেদ, বিকেলে দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার গুলিস্তান এলাকায় ফুটপাত ও সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান ব্যর্থ হওয়ার প্রধান কারণ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও পুলিশের প্রয়োজনীয় সহযোগিতার অভাব। সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার এ অভিযোগের সুরাহা করতে না পারলে হকারমুক্ত ফুটপাত ফিরে পাওয়া কঠিন। অভিযোগ ভিত্তিহীন নয়। একজন হকারের ভাষায় ‘নেতারা’ তাঁদের আগেই বলে রেখেছেন যে অভিযান শুরু হলে সরে যেতে হবে, আবার সিটি করপোরেশনের লোকেরা চলে গেলে ফুটপাতে দোকান সাজিয়ে বসতে হবে।
এই নেতারাই নষ্টের গোড়া। হকারদের কাছ থেকে প্রতিদিন কে ‘টাকা’ আদায় করে, সে টাকা কীভাবে ভাগ-বাঁটোয়ারা হয়, সন্ধ্যায় বাতির জন্য বিদ্যুৎ–সংযোগ কোথা থেকে আসে, তার বিল ডেসা পায় না অন্য কেউ হাতিয়ে নেয়, এ ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর কেউ জানে না। কিন্তু চোখের ওপর এসব ঘটে চলেছে। এ অপরাধী চক্রকে আগে শায়েস্তা করা চাই। চাঁদাবাজি বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে।
অভিযানের দেড় ঘণ্টার মধ্যে আবারও দখলপুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগ দিয়েই হকারদের রাস্তা ও ফুটপাত থেকে সরাতে হবে। পুরো দায়িত্ব হয়তো সিটি করপোরেশন নিতে পারবে না। কিন্তু সময় দিলে হকারদের অনেকে অন্যখানে সরে যেতে পারবেন। সমস্যা হলো অতীতে বিভিন্ন সময় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেও সুফল পাওয়া যায়নি। প্রভাবশালী মহলের যোগসাজশে নতুন করে আরেক দল হকার বসে গেছে। প্রয়োজনে ছয় মাসের সময় দিয়ে হকার উচ্ছেদ করা হোক। কিন্তু এরপর যেন আরেক দল হকার এসে ঘাঁটি গাড়তে না পারে, সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
প্রকৃতপক্ষে ক্ষমতাসীন দলের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া হকার সমস্যার স্থায়ী সমাধান প্রায় অসম্ভব। এখন সরকারকেই ঠিক করতে হবে, ওরা হকারমুক্ত ফুটপাত চায় কি না। যদি চায়, অভিযুক্ত স্থানীয় নেতাদের সামলানোর দায়িত্ব তাদেরই নিতে হবে।