দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধস আর এতগুলো মৃত্যুর ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। এটা হত্যাকাণ্ডের শামিল। সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। কারণ, এ ঘটনা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়নি, আগে জানান দিয়েছিল। ব্যবস্থা নিলেই এ প্রাণগুলোকে বাঁচানো যেত। এ মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই।বুধবার সাভারের রানা প্লাজা ধসে পড়ার আগের দিন সেখানে ফাটল ধরা পড়েছিল। প্রশাসনের দায়িত্ব ছিল এ ভবনে কাউকে প্রবেশ করতে না দেওয়া ও ভবনটির প্রকৃত অবস্থা কী, তা তদন্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তা না করে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে বলেছেন যে এ ফাটলের কারণে ভবনধসের কারণ নেই। স্থানীয় যুবলীগের নেতার ভবন বিষয়ে এ ধরনের সনদ দেওয়ার কারণেই সেদিন পোশাক কারখানা খুলেছিল। এ প্রাণহানির দায় স্থানীয় প্রশাসনকে নিতে হবে। অনুমতি ছাড়া ভবনটি কীভাবে তৈরি হলো এবং সেখানে দিব্যি ব্যাংক, দোকানপাট ও পোশাক কারখানা চলছিল, তার দায় রাজউককে নিতে হবে। দুর্ঘটনার পর ইমারত আইনে রাজউক ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করেছে, দুর্ঘটনার আগেই কেন ভবনটিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়নি?ভবনটি নির্মাণের অনুমতি দিয়েছিল সাভার পৌরসভা। সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ভবন নির্মাণবিধি না মেনে পৌরসভাকে এ ধরনের ভবন নির্মাণের অনুমতি দেওয়ার দায় এড়াতে পারে না স্থানীয় সরকার মন্ত্রণালয়ও। এ ধরনের দুর্ঘটনার পর প্রতিবারই সরকারের তরফ থেকে নানা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজ কিছুই হয় না। সে ধরনের কিছু হলে গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। সে সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের টিম বিভিন্ন কারখানা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য জানা যায়নি। এ ব্যর্থতার দায় সরকারেরই।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএকেও এ দুর্ঘটনার দায় নিতে হবে। রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ার পর তাদের প্রতিনিধিরা ভবনটিতে পরীক্ষা ছাড়া কারখানা চালু না করতে বলেছিলেন। বিজিএমইএর এ সিদ্ধান্ত উপেক্ষিত হলো কেন? কেন কারখানা বন্ধ রাখার ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা নিতে পারল না? অথচ ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ সেই ভবনে অবস্থিত তাদের শাখাটি বন্ধ রাখায় অন্তত কিছু লোকের প্রাণ বেঁচেছে। ভবনধসের জন্য সরাসরি দায়ী হচ্ছেন ভবনের মালিক এবং কারখানাগুলোর মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ ধরনের দুর্ঘটনায় আগেও মামলা হয়েছে কিন্তু শাস্তির নজির নেই। সরকার যদি দায় এড়িয়ে যায়, দায়ী ব্যক্তিরা যদি পার পেয়ে যায়, তবে ভবিষ্যতে এ ধরনের আরও ঘটনার মুখোমুখি হতে হবে আমাদের। এতগুলো মৃত্যুও কি সরকারসহ সংশ্লিষ্ট সবার টনক নড়াতে পারবে না?