চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানার গ্যাসের ট্যাংক বিস্ফোরণ দুর্ঘটনা মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন জেগেছে। প্রথমত, এটি দুর্ঘটনা, নাকি দায়িত্ব অবহেলার ফল, তা জানতে তদন্ত বাকি আছে। দ্বিতীয়ত, গ্যাসের ট্যাংকের চাপ সামলানোর প্রযুক্তি থাকার পরও বিস্ফোরণ কেন ঘটল, তা-ও জানা দরকার। এসব মিলিয়েই প্রশ্ন উঠেছে যে এ ধরনের মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধ এবং ঘটে গেলে তার মোকাবিলার প্রস্তুতি যথাযথভাবে ছিল কি না?
ট্যাংকে অ্যামোনিয়া গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখার দুটি ব্যবস্থা ছিল। গ্যাসের চাপ বাড়লে ‘প্রেশার সেফটি ভাল্ভ’ দিয়ে গ্যাস বাইরে বেরিয়ে যাওয়ার কথা। এই পদ্ধতি ব্যর্থ হলে বা অকার্যকর হয়ে গেলে ফ্লেয়ার স্টিক বা আগুনের শিখার সাহায্যে গ্যাস পুড়িয়ে ফেলারও বিকল্প ছিল। দুটি বিকল্পের একটিও কেন কাজ করল না? এ ধরনের কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকা প্রয়োজন। সেটা ছিল কি? এসব বিষয়ে নিরপেক্ষ ও পেশাদার বিশেষজ্ঞদের দিয়ে সত্যানুসন্ধানী তদন্ত হওয়া দরকার। ভবিষ্যতের জন্য এবং অপরাপর একই ধরনের কারখানার নিরাপত্তার জন্যই সঠিক তথ্যের ভিত্তিতে যথাযথ বৈজ্ঞানিক ও ব্যবস্থাপনাগত বিশ্লেষণ প্রয়োজন।
বিস্ফোরণের পর দূষণ মোকাবিলায় পানি ছিটানোর প্রক্রিয়াতেও ভুল ছিল। অ্যামোনিয়া-মিশ্রিত পানি ট্যাংকে ধারণ করে ধীরে ধীরে ছড়ানোর কথা। কিন্তু তা না করায় সেই দূষিত পানি নালা দিয়ে গড়িয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে। যাওয়ার পথে তা বিপুল পরিমাণ মাছ, জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়েছে এবং গাছপালা ও পরিবেশেরও ক্ষতি সাধিত হয়েছে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক মানুষ। দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া এখনো দেখার অপেক্ষা। শিল্প দুর্ঘটনা মোকাবিলায় আমাদের সক্ষমতা নিয়ে তাই সন্দেহ জাগা স্বাভাবিক।
সার কারখানার চেয়ে অনেক জটিল ও ঝুঁকিপূর্ণ প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। চট্টগ্রামের বিপর্যয়ের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এ ধরনের দুর্ঘটনা, দুর্ঘটনার ঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি নিয়ে সামগ্রিক চিন্তা-ভাবনা জরুরি হয়ে পড়েছে।