দেশের বিপুলসংখ্যক যাত্রী সিএনজিচালিত যানবাহনে চলাফেরা করেন। কিন্তু যানবাহনে ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের ফিটনেস ও মেয়াদ যথাসময়ে পরীক্ষা না করার ফলে বিপুলসংখ্যক যাত্রীর জীবন এখন হুমকির মুখে রয়েছে। যানবাহনে ব্যবহৃত সিলিন্ডারের মেয়াদ ও ফিটনেস যে নিয়মিত পরীক্ষা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা বোঝা যাচ্ছে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে সংঘটিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায়।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় সিএনজি স্টেশনে গ্যাস ভরার সময় ব্যক্তিগত গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িটির মালিকসহ দুজন নিহত হয়েছেন। এর আগে ১০ এপ্রিল চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়ির গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধসহ অন্তত ২০ যাত্রী আহত হন।
আন্তর্জাতিক নির্দেশনা এবং ২০০২ সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি পাঁচ বছর পর গ্যাস সিলিন্ডারের ফিটনেস পরীক্ষা করার বিধান রয়েছে। জানা গেছে, এই মেয়াদ পার হয়ে গেলেও প্রায় দেড় লাখ যানবাহনের সিলিন্ডার পরীক্ষার বাইরে রয়ে গেছে। উল্টো অনেক অননুমোদিত সিএনজি রূপান্তরকরণ কেন্দ্র বিভিন্ন যানবাহনে নিম্নমানের ও নকল সিলিন্ডার লাগিয়েছে। সিলিন্ডার পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য সুনির্দিষ্ট আইন না থাকায় অনেক গাড়ির মালিক তাঁদের গাড়ির সিলিন্ডার পরীক্ষা করাতে খুব একটা আগ্রহ দেখান না। অনেকে আবার নিম্নমানের বা নকল সিলিন্ডারের ব্যাপারে একেবারেই সচেতন নন।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত দুর্ঘটনা রোধে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। প্রতিটি যানবাহনের সিলিন্ডার ঠিক আছে কি না, তা পর্যবেক্ষণ বাধ্যতামূলক করতে হবে। যথাসময়ে সিলিন্ডার পরীক্ষা না করালে সেসব যানবাহনের চলাচল নিষিদ্ধ করতে হবে। যানবাহনের মালিকদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে। কেননা, এতে মূল ক্ষতি হয় তাঁদেরই।