দুর্ঘটনায় বন্য প্রাণীর মৃত্যু ঠেকাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বন বা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে সড়ক বা রেলপথ গেলে সেখানে বন্য প্রাণীর নিরাপদ চলাচলের জন্য বনসেতু বা ক্যানোপি তৈরি করা হয়। এতে রাস্তা পারাপারের সময় যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় প্রাণীর মৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব। বাংলাদেশে হবিগঞ্জে সাতছড়ি ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে সড়ক ও রেলপথের ওপর পরীক্ষামূলকভাবে কয়েকটি বনসেতু তৈরি করা হয়েছে। এ সেতু দিয়ে হাজারো প্রাণী চলাচল করছে। এতে দুর্ঘটনায় প্রাণীর মৃত্যু কমেছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জাতীয় উদ্যান দুটির ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক ও রেলপথের দুই পাশের দুটি উঁচু গাছের ডালপালার মধ্যে নাইলনের মোটা রশি বেঁধে সংযোগ স্থাপন করে বনসেতু তৈরি করা হয়েছে। সেতুগুলোর দূরত্ব ২২ থেকে ২৫ মিটার। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ২০২০ সালের নভেম্বরে নির্মাণ করা হয় দেশের প্রথম বনসেতু। শুরুতে তিনটি সেতু নির্মাণ করা হয়েছিল। পরে আরও তিনটি করা হয়। গত বছরের সেপ্টেম্বরে লাউয়াছড়ায় তৈরি করা হয় আরও পাঁচটি বনসেতু। এর মধ্যে সাতছড়িতে বানরজাতীয় প্রাণীসহ হাজারের বেশি বন্য প্রাণীর এ সেতু ব্যবহারের তথ্য মিলেছে। যদিও ক্যামেরা-বিভ্রাটের কারণে লাউয়াছড়ায় বন্য প্রাণীর সেতু ব্যবহারের তথ্য রেকর্ড হয়নি। বন্য প্রাণী গবেষকদের দাবি, সাতছড়িতে বনসেতু নির্মাণের লক্ষ্য প্রায় সফল। তবে লাউয়াছড়ায় ফলাফল জানতে নতুন ক্যামেরা স্থাপন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঢাকা-সিলেট রেললাইন এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিভিন্ন স্থান অনেক প্রশস্ত। অনেক প্রাণীর পক্ষে এক পাশের গাছ থেকে আরেক পাশের গাছে লাফ দিয়ে পারাপার সম্ভব হয় না। ফলে সড়ক ও রেলপথ দিয়ে পার হয়। বছরে শতাধিক বন্য প্রাণী সড়ক পার হতে গিয়ে মারা পড়ে।

বনসেতু তৈরির আগে সাতছড়িতে দুর্ঘটনায় বছরে গড়ে ১২টি পর্যন্ত বানরজাতীয় প্রাণীর মৃত্যু হতো। সেতু স্থাপনের পর এখন পর্যন্ত দুর্ঘটনায় এ ধরনের কোনো প্রাণীর মৃত্যু হয়নি। সেখানে সাত প্রজাতির বানরজাতীয় প্রাণীর মধ্যে উল্লুক ও অসমিয়া বানর ছাড়া বাকি সব কটি প্রজাতি বনসেতু দিয়ে আসা-যাওয়া করে। এ ছাড়া গন্ধগোকুল, কাঠবিড়ালিসহ হাজারের বেশি প্রাণী সেতু পার হয়েছে।

প্রকল্পের সঙ্গে গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বনসেতু বন্য প্রাণীর দুর্ঘটনাজনিত মৃত্যু ঠেকাতে অনেকটাই সফল। ফলে এ প্রকল্প সারা দেশের বন ও জাতীয় উদ্যানের ভেতরে যেখানে সড়ক ও রেলপথ আছে, সেখানে প্রয়োগ করা যেতে পারে। গবেষকদের দিয়ে বন্য প্রাণী চলাচলের রাস্তা চিহ্নিত করে সেসব স্থানে পর্যাপ্ত বনসেতু স্থাপন করুন। দুর্ঘটনায় বন্য প্রাণীর মৃত্যু ঠেকাতে হবে।