ট্রুথ কমিশনের সদস্য হিসেবে আমরা তত্কালীন সরকারের জারিকৃত অধ্যাদেশের বিধিবিধানগুলো অত্যন্ত নিষ্ঠা, সততা ও বিচক্ষণতার সঙ্গে পালন করতে সচেষ্ট ছিলাম। অনুরাগ বা বিরাগের বশবর্তী হইনি। প্রতিটি মামলা আদালতের আদলে শুনানির মাধ্যমে ন্যায়নীতি, প্রজ্ঞা, বিচারবুদ্ধির প্রয়োগ, বাস্তব পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হতো। অনেকে হয়তো মনে করে থাকেন, আমরা দুর্নীতিবাজদের অনুকম্পা দিয়ে ছেড়ে দিয়ে ভালো কাজ করিনি। পাঠকদের সদয় অবগতির জন্য আবার উল্লেখ করছি, অনুকম্পা দেওয়ার উদ্দেশ্যেই এই কমিশন গঠন করা হয়। সরকার দুর্নীতির দায়ে অভিযুক্তদের স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে আর্থিক দণ্ডের বিনিময়ে অনুকম্পালাভের সুযোগ দিয়েছিল। কিছুটা মর্যাদাহানিকর হলেও সংশোধনমূলক এই ব্যবস্থায় যাঁরা অনুকম্পা পেয়েছেন, তাঁরা অনুকম্পার যোগ্য বিবেচিত হয়েছেন বলেই মনে করি। মহান সৃষ্টিকর্তা যেখানে অনুতপ্ত গুনাহগারকে ক্ষমাভিক্ষার সুযোগ দিয়েছেন, সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রীয় প্রয়োজনে তেমন ব্যবস্থা থাকা অসঙ্গত হবে কেন! এখানে হাজির হওয়া সবার চোখে-মুখে ও অন্তরে অনুশোচনা ও আত্মশুদ্ধির প্রকাশ দেখেছি। অপরাধবোধ এবং সমাজ ও আপনজনদের কাছে লজ্জিত হয়ে কয়েক জনকে প্রচণ্ড রকম আবেগাপ্লুত হতে দেখেছি। প্রায় সবাই শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। কেউ কেউ বয়সে ভারাক্রান্ত ও রোগগ্রস্ত হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ছয় থেকে সাত জন জটিল রোগে আক্রান্ত। দুজন মারা যান যাঁর মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং অনুকম্পা পাওয়ার কয়েকদিন পরেই মারা যান। লক্ষ করেছি, এককালে যাঁরা সরকারের ঊর্ধ্বতন নামীদামি পদে অবস্থান করে ঠাটবাটে চলায় অভ্যস্ত, তাঁরা আরও করুণ অবস্থায় পতিত। সবাই স্বপ্রণোদিত হয়ে কৃত অপরাধ স্বীকার করে অর্জিত অর্থসম্পদ সরকারি কোষাগারে জমা দিতে অঙ্গীকারবদ্ধ হলেন। এখানে স্বাভাবিক প্রশ্ন থাকছে, যাঁরা আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে থাকেন, তাঁদের কজন আসলেই নির্দোষ। আমরা জানি বাস্তবে কী ঘটে। ত্রুটিযুক্ত তদন্ত ও দুর্বল মামলা পরিচালনার (কখনো ইচ্ছাকৃত) বিপরীতে তুখোড় আইনজীবী নির্দোষ প্রমাণে নানা কৌশলী প্রচেষ্টায় দোষীকে নির্দোষ প্রমাণে অধিকাংশ ক্ষেত্রেই সফল হন। দুদক সূত্রে জানা যায়, শতকরা মাত্র ১০-১২ ভাগ দুর্নীতি মামলায় দোষী প্রমাণ সম্ভব হয়। বিদ্যমান ব্যবস্থায় তদন্ত ও বিচার হলে অনুকম্পাপ্রার্থী অধিকাংশকেই দোষী প্রমাণ করা কঠিন হতো। অথচ এখানে যাঁরা এসেছিলেন, তাঁরা নিজদের দোষ স্বীকার করলেন।যাঁরা অনুকম্পাপ্রার্থী হয়েছিলেন তাঁরা যে কারণে বা যে পরিস্থিতিতে পড়েই হোক, সৎসাহস দেখাতে পেরেছেন ও অর্থকড়ি ফেরত দিয়েছেন। কৃত অপরাধ ছাড়াও দুর্নীতিবিষয়ক তথ্যাদি জানালেন। নিজ নিজ দপ্তরের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ করেছেন। ক্ষমাভিক্ষা করে অর্জিত অর্থসম্পদ ফিরিয়ে দিয়ে ভালো কাজ করেছেন বলে আমি মনে করি। ইহকালে মানসিক প্রশান্তি পেলেন, পরকালেও পাবেন যদি আসলেই অনুতপ্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান। অন্যদিকে রাজনৈতিক দৃশ্যপট বদলের হাওয়া বইতে শুরু হওয়ামাত্রই দুর্নীতিবাজদের বড় অংশ মত পাল্টিয়ে ফেলল বোধগম্য কারণেই। তাঁরা জানেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সুযোগ আসছে। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন হলে সার্বিক অবস্থা যে তাদের অনুকূলে যাবে, সে বিশ্বাসে আস্থাবান হয়ে গেলেন। স্মরণ করা যাক, যখন আমলা, ব্যবসায়ী ও রাজনীতিকরা গ্রেপ্তার হয়ে চলছেন, দুর্নীতিবাজদের নামের তালিকা বের হচ্ছিল, দুর্নীতি ও জ্ঞাত আয়বর্হিভূত অর্থসম্পদ আহরণের বা সম্পদ গোপন করে আয়কর রিটার্নে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠছে বা ওঠার আশঙ্কা দেখা দিয়েছিল, তখন মহলবিশেষ পরোক্ষভাবে এমনটাই বুঝাতে তৎপর ছিল, ধরপাকড়ের কাজটা ভালো হচ্ছে না। মিডিয়ায় জোর দিয়ে ফলাও করে বলা হচ্ছিল, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত, এবার (বর্তমান সরকারের আমলে) কোনো ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়নি, তবে কেন রমজান শুরু হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। সে সময় সরকার নমনীয় হতে বাধ্য হলো। অবৈধ অর্থ উপার্জনের দায়ে ধরা পড়ার আশংকায় কিছু ব্যক্তি সে সময় সরকারি কোষাগারে আগাম অর্থ জমা দিয়ে পার পেতে চেয়েছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পর তাঁরা সে পথ থেকে ফিরে গেলেন। দুর্নীতিবাজ বলে চিহ্নিত হওয়া থেকে রক্ষা পেলেন। ভবিষ্যতে সাধু-অসাধু কার্যকলাপ চালিয়ে যেতে পারবেন। এঁরা লাভবান হলেও দুর্নীতি দমন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হলো; দেশে দুর্নীতিবাজদের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকল। বাংলাদেশে সত্য ও জবাবদিহিতা কমিশন তথা ট্রুথ কমিশন ধারণাটি ছিল নতুন। মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ীমহলের ভয়ভীতি দূর করা ও মামলাজট কমানো। দুই বছর স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার মেয়াদের প্রথমদিকে ঘোষণা দিয়েও যথাসময়ে যথাযথ আইনি উপাদান দিয়ে অধ্যাদেশ জারি করতে পারেনি। ট্রুথ কমিশন নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল। অধ্যাদেশের বিধিবিধান বিষয়ে অস্পষ্ট ধারণার ফলে কিছু বিভ্রান্তি ছিল। কমিশনকে শেষ পাঁচ মাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলায় জটিলতা বৃদ্ধি পায়। কোনো রকমে অমীমাংসিত মামলাগুলো সমাপ্ত করতে হয়। অধ্যাদেশটির বিরুদ্ধে হাইকোর্টে রিট হলে সরকারপক্ষ থেকে জোরালো অবস্থান নেওয়া হয়নি। হেরে যাওয়ার পরও কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনে স্থিতািবস্থার জন্য আপিল করার উদ্যোগ ছিল খুবই ঢিলেঢালা। ট্রুথ কমিশন যথাযথ গুরুত্বের সঙ্গে সঠিক সময়ে গঠিত হলে বহু দুর্নীতিবাজই চিহ্নিত হতো। যাঁরা পাপাচারের পথে চলেছিলেন, তাঁরা নিজদের পরিশুদ্ধ করে দুর্নীতির গ্লানিমুক্ত হয়ে সত্ জীবনে ফিরে যেতে পারতেন। প্রশাসনের আরও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীকে শনাক্ত করা সম্ভব হতো। সরকারের কোষাগারে আরও টাকা আসত। আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের তালিকা ৪৫২ জনের না হয়ে হয়তো বহুগুণ বড় হতো। রাজনৈতিক ও ব্যবসায়ী পরিমণ্ডলে ও সরকারি দপ্তরে অসাধুতা ও অসততার বিচরণ অনেকটাই হ্রাস পেত। এরই প্রাসংগিকতায় কালো টাকা বৈধ করার বিষয়টি মনে আসে। সরকার ব্যবসায়ী মহলের চাপে (নাকি খুশি রাখতে) রাজনৈতিক সমঝোতার অজুহাতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। অর্থাৎ এক দল নিজদের পরিচিতি গোপন রেখে দুর্নীতি ও অসাধু উপায়ে অর্জিত অর্থ-সম্পদ মাত্র ১০ শতাংশ অর্থ জমা দিয়ে বিনা প্রশ্নে বৈধ করার সুযোগ পেল। অথচ অপর দল অপরাধ স্বীকার করে একই উপায়ে অর্জিত সমুদয় অর্থ-সম্পদ সরকারের কোষাগারে জমা দিয়ে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে চিহ্নিত হলো। এর মধ্যে কোনটি দুর্নীতি দমনে সহায়ক হলো, আর কোনটি দুর্নীতি চালিয়ে যেতে সহায়ক হলো, সে প্রশ্ন রইল। যথানিয়মে যথাসময়ে যদি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত না হয়, বিচার করা সম্ভব না হয়, আর্থিক, মানসিক ও শারীরিক ভোগান্তিও চলতে থাকে, তা হলে ভুক্তভোগীদের উপায় কী। সবারই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। পুলিশ, দুদক বা অন্য কোনো সংস্থার দায়িত্বপ্রাপ্তদের যাঁরা দুরভিসন্ধিমূলক মিথ্যা অভিযোগের ভিত্তিতে বা পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ছাড়া মামলা দায়ের করেন, তদন্ত না করে ঝুলিয়ে রাখেন বা যাঁরা মামলা ফাইলবন্দী করে রাখতে সহায়ক হন, তাঁদের চিহ্নিত করা ও জবাবদিহি করা সহজ নয়। কাজেই দোষী-নির্দোষী নির্বিশেষে বিড়ম্বনা, ভোগান্তি ও অর্থিক ক্ষতির শিকার হতেই থাকবেন। এই সুযোগে আরেক শ্রেণী ভুক্তভোগীদের পকেট হাতড়িয়ে দুর্নীতি-বাণিজ্যে পসার ঘটাতে থাকবে। সম্প্রতি সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে, দেশে ১৪ লাখেরও বেশি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া অনুসন্ধান ও তদন্তপর্যায়ে বা আদালতপূর্ব প্রক্রিয়ায় থাকছে আরও অনেক। ক্ষমতাসীন সরকারকে এই প্রচণ্ড মামলাজট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় আইন সংস্কার ও বিচার-ব্যবস্থাপনার উন্নয়নের পদক্ষেপ নিতে হবে, যাতে বিচারকাজ দ্রুত হয়। মনে রাখতে হবে, শুধু দুর্নীতি দমন আইন ও কমিশন দিয়ে সর্বব্যাপী দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। সাময়িক হলেও বিকল্প বিচার বা কোনো বিশেষ ব্যবস্থার কথাও ভাবতে হবে। মনজুর রশীদ খান: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। সদস্য, বিলুপ্ত সত্য ও জবাবদিহিতা কমিশন।[email protected]