এ কথা সুবিদিত যে, কোনো রাষ্ট্রের দুর্নীতিবিরোধী অভিযান কতটা শক্তিশালী ও কার্যকর, সেটা প্রশাসনের উচ্চপর্যায়ের দুর্নীতি দমন প্রক্রিয়ার কার্যকারিতার ওপর বহুলাংশে নির্ভর করে। ঢাকায় সোমবার এক সংবাদ সম্মেলনে টিআইর চেয়ারপারসন হোসে কার্লোস উগাস দুর্নীতির বিষয়ে একটি সর্বজনীন সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা সরকারের শত্রু নই। দুর্নীতিবাজদের শত্রু।’ আমাদের মনে হয়, এর সঙ্গে সরকারের তরফেও কারও দ্বিমত করার সুযোগ নেই।
আজকের দুনিয়ায় এটা মানতেই হবে যে দুর্নীতিবাজেরা কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের শত্রু নন, তাঁরা মানবতার শত্রু। সে কারণে আন্তর্জাতিক আইনে এখন এই রক্ষাকবচ তৈরির প্রবণতা বাড়ছে, যেখানে একজন দুর্নীতিবাজকে আন্তর্জাতিক অপরাধী মনে করা হয়। আর দেশে দুর্নীতিবিরোধী অভিযানে গতি ফিরিয়ে আনতে বর্তমান দুর্নীতি দমন কমিশন সম্প্রতি নতুন করে একটি অঙ্গীকার করেছে। পুনর্গঠিত দুদকের সাম্প্রতিক কিছু তৎপরতায় প্রতীয়মান হয় যে, তারা দুর্নীতি দমনে একটা গতি সঞ্চার করতে চাইছে। কিন্তু যেটা উদ্বেগজনক, সেটা হলো ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরে, বিশেষ করে যাঁরা রাজনৈতিক পদ–পদবির কারণে প্রভাব বিস্তার এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন, তাঁরা প্রধানত ধরাছোঁয়ার বাইরে থাকছেন বলে প্রতীয়মান হচ্ছে।
আমরা দেখছি, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোর বিচার অব্যাহতভাবে শিথিল থাকছে। কিংবা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের একটা ব্যবস্থার মধ্যে তাঁরা পার পেয়ে যাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত খাতের কয়েকটি ব্যাংকের বড় ধরনের লুটপাটের ঘটনায় রাঘববোয়ালদের কিন্তু ত্রস্ত হতে দেখা যায়নি। খবর বেরিয়েছে যে বেসিক ব্যাংকের দুর্নীতির ঘটনায় ৫৬টি মামলায় ব্যাংকটি যাঁর কথায় চলত, তাঁকে বাঁচিয়ে দেওয়ার পর এখন যে আরও ৩০টি মামলা হচ্ছে, সেগুলোতেও ব্যাংকটির সন্দেহভাজন সাবেক চেয়ারম্যানের নামটি যথারীতি অন্তর্ভুক্ত হয়নি।
সুতরাং, এই প্রেক্ষাপটে দুর্নীতিবিরোধী কার্যক্রমে মানুষের আস্থা ফেরাতে টিআইর চেয়ারপারসন ‘বড় দুর্নীতিবাজ’দের ধরতে যে আহ্বান জানিয়েছেন, তার অসামান্য গুরুত্ব রয়েছে। ১০ টাকা কেজির চাল বিক্রিতে যাতে কোনো দুর্নীতি না হয়, সে জন্য প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই অবস্থান নিশ্চয়ই প্রশংসাযোগ্য, কিন্তু দুর্নীতিগ্রস্ত রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে না পারলে সমাজে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানের কোনো ইতিবাচক বার্তা পৌঁছাবে না। সমাজে দুর্নীতিবিরোধী সতর্কবার্তা দিতে চাইলে রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: