‘গুনে গুনে ঘুষ’ নেওয়ার খবর ও ভিডিও প্রকাশিত হওয়ার পর মো. শহিদুল হক প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিআইই) ঢাকার নিয়ন্ত্রকের পদ হারিয়েছেন। এখন তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি হাতেনাতে ধরা পড়ার পর এই ব্যবস্থা শাস্তি না অপরাধ আড়াল করার চেষ্টা, সেই প্রশ্ন ওঠাও স্বাভাবিক। সিসিআইই ঢাকার নিয়ন্ত্রক শহিদুল হকের কীর্তিকলাপ যে সত্যকে আমাদের সামনে তুলে ধরেছে, তা হলো সরকারের গৃহীত কোনো ব্যবস্থাই এদের অপকর্ম থেকে নিবৃত্ত করতে পারেনি।
সিসিআইই কার্যালয়ে বসে শহিদুলের টাকা গ্রহণ, কথোপকথনের মধ্য দিয়ে এটা পরিষ্কার যে সরকারি অফিসে দুর্নীতি বেড়েছে, বৈ কমেনি। বিশেষ করে যাঁরা সেবাপ্রার্থী বা ব্যবসায়ীরা সেখানে নিত্য হয়রানির শিকার হন। ত্যক্ত-বিরক্ত হয়েই তাঁরা এই কর্মকর্তার কর্মকাণ্ড ভিডিও করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন। কিন্তু সিসিআইই কার্যালয়ে কি শহিদুল একাই এ কাজ করেছেন? তাঁর সহযোগীদেরও পাকড়াও করতে হবে।
এই কার্যালয়ের বাস্তবতা নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজানা ছিল না। এ ধরনের একটি ভিডিও প্রকাশ পাওয়ার আগে কেন তারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এটা পরিষ্কার যে নজরদারি বা জবাবদিহি-ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে। আর বিষয়টি শুধু সিসিআইই কার্যালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, দেশের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান ও কার্যালয়ের ক্ষেত্রেও কমবেশি সত্য।
তবে শহিদুল হকের ঘটনার পর সেখানকার বা অন্যান্য সরকারি অফিসের অন্যান্য ঘুষখোর কর্মকর্তা নিবৃত্ত হবেন কি না, সেটি নির্ভর করছে সরকারের ওপর। যথাযথ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণ ও শাস্তি নিশ্চিত করা গেলে তাঁদের সবার জন্য একটি কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে। আইনের ফাঁকফোকর দিয়ে যাতে শহিদুলেরা পার পেয়ে না যান, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ ওঠে বা দুর্নীতির সুযোগ বেশি এমন কার্যালয়গুলোতে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করা জরুরি বলে মনে করি।