দুর্নীতির আমলনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক জরিপের ফল প্রকাশে সরকার নাখোশ, বিচার বিভাগের সঙ্গে জড়িত ব্যক্তিরা নাখোশ, পুলিশ নাখোশ; তবে কেবল শিক্ষামন্ত্রী কিছুটা বাহবা নিতে পারেন। অবশ্য শিক্ষার সঙ্গে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের নাখোশ হওয়া স্বাভাবিক। কারণ, শিক্ষা খাতে দুর্নীতি কমলে তাঁদের আয়ও কমে যায়। মোটের ওপর বলা যায়, দুর্নীতির বাস্তবতার প্রতিফলনই ঘটেছে টিআই বাংলাদেশের জরিপে। বিশেষত, সেবা খাতে দুর্নীতি বাড়ার সঙ্গে জনগণের ভোগান্তি বাড়ার বিষয়টি কোনোভাবে এড়ানো যায় না। এ সত্য যতই কঠিন হোক না কেন, মেনে নেওয়াই শ্রেয়। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রধান সব খাতেই দুর্নীতি কতটা বেড়েছে, তা স্বীকার না করলে প্রতিকার কীভাবে সম্ভব?কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি বাড়ার খবরকে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে ভাবা ঠিক নয়। অথচ সরকারের কয়েকজন মন্ত্র-প্রতিমন্ত্রী বিচার বিভাগের দুর্নীতি বাড়ার খবরকে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে থাকা মানেই দুর্নীতির বিষয়ে নীরব থাকা—এমন সমীকরণের পেছনে কী যুক্তি থাকতে পারে? আর ‘ষড়যন্ত্র’কে ষড়যন্ত্র হিসেবে প্রমাণ করার সুযোগ যেখানে সরকারের রয়েছে, সেখানে প্রমাণের ভিত্তিতে কথা বলাই ভালো।প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে পুলিশপ্রধান বা প্রধান বিচারপতির অবস্থান থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে দুর্নীতির ছড়াছড়ি, তা স্বীকার করা কঠিন। যদিও স্বয়ং প্রধান বিচারপতি সম্প্রতি এক সমাবেশে নিম্ন আদালতের বিচারকের ঘুষ গ্রহণ সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। ২০০৭-এর তুলনায় ২০১০ সালে বিচার বিভাগ কিংবা পুলিশ বিভাগে দুর্নীতি আশঙ্কাজনক হারে বেড়েছে—বিষয়টিকে ব্যক্তির বা সরকারের ভাবমূর্তির জায়গা থেকে না দেখে দুর্নীতি দূর করার তাগিদ হিসেবে দেখাই শ্রেয়। অভিযোগ খণ্ডানোয় বৃথা পরিশ্রমের চেয়ে অভিযোগের প্রতিকার করাই উত্তম পথ।দুদকের চেয়ারম্যানও টিআইবির জরিপকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এই জরিপের ফল দুদকের মুখও উজ্জ্বল করে না। কার্যকর দুর্নীতি দমন কমিশন থাকলে দুর্নীতি এত বাড়ে কীভাবে? দুদককে কার্যকর না করা; কিংবা বিচার বিভাগ ও পুলিশ বিভাগে দুর্নীতি বাড়তে থাকার দায় সরকারও এড়াতে পারে না। উটপাখির মতো বালুতে মুখ গুঁজে অভিযোগ অস্বীকার করতে দুর্নীতিবাজেরই আশকারা পাবে।অনেকেই দুর্নীতির সঙ্গে ব্যর্থ রাষ্ট্রের একটি সম্পর্ক খুঁজে পান। এ দুটিকে মোটেই এক করে ফেলা যাবে না। দুর্নীতি নিয়েও অনেক রাষ্ট্র অর্থনৈতিক সফলতা পেয়েছে। সুতরাং, দুর্নীতির জরিপের বিষয়টিকে না সরকার, না টিআইবি, কারও দিক থেকেই রাজনীতিকীকরণ করে ফেলার কোনো সুযোগ নেই। তথ্যবিপ্লবের এই যুগে টিআইবি পরিবেশিত দুর্নীতির তথ্যের বিরুদ্ধে সরকারেরও উচিত সুনীতির তথ্য হাজির করা। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতি যে কিছুটা কমে এসেছে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধুবাদ জানাই। এ থেকে প্রমাণ হয়, সঠিক নেতৃত্ব ও আন্তরিক প্রয়াস থাকলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি কমাতে পারলে অন্যরা পারবে না কেন?