দুর্নীতির দায় সরকারপ্রধানেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের দুর্নীতি বাংলাদেশের গত ২১ বছরের চারটি গ্রহণযোগ্য সাধারণ নির্বাচনের প্রতিটিরই ফলাফলে ওই দলগুলোর জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে এবং বিরোধী দল বা জোটকে বিজয় এনে দিয়েছে। মানে, প্রতিবারই জনগণ দুর্নীতির খপ্পর থেকে মুক্তির আশায় ক্ষমতাসীন দলকে প্রত্যাখ্যান করছে। অতএব, বিএনপির নেতৃত্বাধীন জোট কিংবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জনগণের মন জয় করে পালাক্রমে নির্বাচনে জয়ী হচ্ছে মনে করলে বড় ভুল হবে। কোনো বিকল্প না পেয়েই জনগণ একবার খালেদা জিয়াকে, আরেকবার শেখ হাসিনাকে ‘মিউজিক্যাল চেয়ারের’ ঢংয়ে ক্ষমতার একচ্ছত্র অধীশ্বরী বানিয়ে চলেছে। প্রধানমন্ত্রী হওয়ার পরই দুই শীর্ষ নেত্রী ভুলে যাচ্ছেন যে তাঁরা দেশের একচ্ছত্র অধিপতি নন, একটি গণতান্ত্রিক সরকারের নির্বাচিত সরকারপ্রধান। এ জন্য যেমন ব্যক্তিগতভাবে তাঁদের মানসিকতাকে দায়ী করা যায়, তার চেয়েও বেশি দায়িত্ব এ দেশের সংবিধানপ্রণেতাদের। এমনিতেই এ দেশের প্রাচ্যদেশীয় রাজনৈতিক সংস্কৃতিতে একাধিপতির (despot) ইমেজটা ঐতিহাসিকভাবে গেড়ে বসে থাকায় নির্বাচনী রায়কে ‘পাঁচ বছরের রাজত্ব’ মনে করার মানসিকতা কাটিয়ে ওঠা কঠিন, তার চেয়েও বেশি ক্ষতিকর হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে প্রবল-প্রতাপান্বিত করার উদ্দেশ্যে ১৯৭২ সালের সংবিধানে সরকারের নির্বাহী বিভাগের একাধিপত্য প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করাটা। এর ফলে সাংবিধানিকভাবেই এ দেশের ‘প্রধানমন্ত্রীর একনায়কত্ব’ কায়েম করা হয়েছে। এ জন্য মন্ত্রিসভার অন্য সদস্যরা, নির্বাচিত সাংসদেরা কিংবা ক্ষমতাসীন দল বা জোটের অন্য সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর একক ইচ্ছাধীনে পরিচালিত হতে বাধ্য হচ্ছেন এবং দুই দলেই স্বাধীন ভূমিকা পালন কিংবা ভিন্নমত প্রকাশকে কঠোরভাবে নিবৃত্ত করার সংস্কৃতি থাকায় সবাইকে ‘জি জাহাঁপনা’ ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে। দুই নেত্রী তাঁদের এই পরম ক্ষমতাধর অবস্থান জানেন এবং দুজনেই তাঁদের এই ক্ষমতার বজ্রমুষ্টি শিথিল করতে নেহাতই গররাজি। খালেদা জিয়া তো ঘোষণা দিয়েই রেখেছেন, তাঁর উত্তরাধিকারী হিসেবে তাঁর পুত্র ক্ষমতাসীন হবেন। শেখ হাসিনা এখনো এ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তাঁর পুত্র-কন্যা কিংবা বোনকে যেভাবে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়ার ব্যবস্থা করেছেন, তাতে বারবার ‘যুবরাজ’ তারেক রহমানের ২০০১-০৬-এর বিএনপির শাসনামলের প্রটোকল প্রদানকেই স্মরণ করিয়ে দিচ্ছে। পাঁচ বছরের অসীম ক্ষমতার যে ঐতিহ্য এ দেশে আমরা সৃষ্টি করলাম, সেটাকেই আমি দায়ী করব যেনতেনভাবে ক্ষমতা ধরে রাখার মরিয়া প্রয়াসে ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালের সরকারগুলোর ন্যক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনাপ্রবাহের জন্য। ১৯৯৬ সালে এবং ২০০৬ সালে বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকার অপপ্রয়াসে যে দুষ্কর্মের নজির সৃষ্টি করে গেছে তা জনগণের স্মৃতি থেকে এত দিনে অনেকখানি মুছে গেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়া ‘শুধু পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়’ কিংবা ‘ওদেরকে (মানে বিরোধী দল) শায়েস্তা করার জন্য আমার ছাত্রদলের ছেলেরাই যথেষ্ট’ ধরনের হুংকার দিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য ১৯৯৬ সালের ফেব্রুয়ারির একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রহসন মঞ্চস্থ করেছিলেন, তারপর লাগাতার হরতালে যখন দেশ একটা গণ-অভ্যুত্থানের পর্যায়ে চলে গেল, তখন বাধ্য হলেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করতে। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে যখন বিএনপি হেরে গেল, তখন বোঝা গেল ত্রয়োদশ সংশোধনীর আসল মরতবা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় রাষ্ট্রপতিকে এমনভাবে ক্ষমতাধর করে ফেলা হয়েছিল যে ওই সময়ে বিএনপি রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মাধ্যমে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনীকে রাষ্ট্রক্ষমতা প্রদানের ব্যবস্থা প্রায় করেই ফেলেছিল, তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সাফল্যের সঙ্গে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার বিএনপির সাজানো প্রশাসনকেও রদবদল করে দিয়েছিল নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। এটাও খালেদা জিয়াকে নাখোশ করেছিল। বলা বাহুল্য, তিনি ওই পরাজয় কখনোই মেনে নেননি।এরপর আওয়ামী লীগ তাদের শাসনামলে ২০০১ সালের নির্বাচনের জন্য নিজেদের পছন্দমতো প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে সাজাল। তারপর শেখ হাসিনা ২০০১ সালের ফেব্রুয়ারিতে মদিনা সফরের সময় আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন, ২০০১ সালের মার্চ/এপ্রিলেই নির্বাচন। দেশে আসার পর হিসাব করে দেখা গেল, ওই সময়ে নির্বাচন হলে বিচারপতি মোস্তাফা কামাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যেতেন। ওই স্বাধীনচেতা ও কঠোর নিয়মানুবর্তী বিচারপতির ওপর ভরসা করতে চাইল না আওয়ামী লীগ। অতএব, বিচারপতি লতিফুর রহমানের পালা আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত হলো। বিচারপতি লতিফুর রহমান যখন নিশ্চিত হয়ে গেলেন যে তিনিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, তখন তিনি হোমওয়ার্ক শুরু করে দিলেন কারা উপদেষ্টা হবেন এবং প্রশাসনে রদবদল হবে। কয়েকজন হবু উপদেষ্টা তাঁর সঙ্গে যোগ দিলেন। এর ফলেই দেখা গেল, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করতে না-করতেই আওয়ামী লীগের সাজানো প্রশাসন তছনছ করে দেওয়ার অভূতপূর্ব মহাতৎপরতা। তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে এই এক হাজার ৫২৬ জন মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তার গণবদলির যজ্ঞটি পরিচালিত হলেও বিএনপি-জামায়াত সমর্থক কয়েকজন শক্তিধর আমলার ওই রদবদলে ব্যাপক ভূমিকা ছিল—এটা ২০০১-০৬ পর্যায়ে ওই কয়েকজন আমলার নিজস্ব জবানীতেই ফাঁস হয়ে গিয়েছিল পত্রপত্রিকায়। সারা দেশে আওয়ামী লীগের নেতা-পাতিনেতা-মাস্তান-ক্যাডাররা ধাওয়া খেল। আর ওই খালি মাঠ দখল করল বিএনপি-জামায়াত-শিবির-ছাত্রদলের ক্যাডার ও মাস্তানরা। ২০০১ সালের আওয়ামী লীগের পরাজয় এবং বিএনপি-জামায়াতের ভূমিধস বিজয়ে পরিণত হওয়ার জন্য ওপরে বর্ণিত কাহিনিটা কম গুরুত্বপূর্ণ ছিল না। ২০০৬ সালে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বিচারপতিদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করা হয়েছিল, এটা এখন সবাই জানে। কিন্তু, যেটুকু গুরুত্বের সঙ্গে আলোচিত হয়নি তা হলো, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিচারপতি হাসান যখন তাঁর অসম্মতি জানিয়েছিলেন, তখন খবরটা প্রচার না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাৎক্ষণিকভাবে খালেদা জিয়াকে ফোনে জানিয়ে দিয়েছিলেন। খালেদা জিয়া নয়াপল্টনের জনসভার মঞ্চে ওই খবরটি মোবাইল ফোনে পেয়ে সভার মাঝখানেই তড়িঘড়ি করে বঙ্গভবনে ছুটে গিয়েছিলেন। তখনকার পত্রপত্রিকায় এ খবর ছাপা হয়েছিল। ওই দিন বিকেল থেকে সন্ধ্যা এবং রাত ১২টা পর্যন্ত বিচারপতি হাসানের অসম্মতির খবরটা প্রচার না করাতে ঢাকাসহ সারা দেশে যে ভয়াবহ দাঙ্গায় ৫৩ জন মানুষ নিহত হয়েছিলেন, তার দায় বর্তায় খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ওই দিনের সিদ্ধান্তের ওপর। কারণ, ওই খবরটা বিকেলে বঙ্গভবন থেকে জাতিকে তাৎক্ষণিকভাবে জানানো হলে ওই দিন শেষ বিকেলের দাঙ্গা-হাঙ্গামা এড়ানো যেত।ওপরে যে বিষয়গুলোর অবতারণা করছি এ কারণে যে তা হলে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিরূপ ব্যাখ্যাগুলোর তাৎপর্য অনুধাবন করা সহজ হবে। এ দেশের ক্ষমতাসীন দল বা জোটগুলো যেহেতু দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠনকেই তাদের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে বেছে নেওয়ার ঐতিহ্য গড়ে তুলেছে, তাই গত ২১ বছরের প্রতিটি নির্বাচনেই জনগণ তাদের বিপুলভাবে প্রত্যাখ্যান করে চলেছে। বর্তমান সরকারের অনেক সাফল্য এবং সুকৃতি সত্ত্বেও দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠনকে আশকারা দেওয়ার ঐতিহ্য ইতিমধ্যেই তাদের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। এমতাবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে তাদের পছন্দ করার কারণ নেই। এতে তো আবারও তাদের সাজানো প্রশাসন তছনছ হয়ে যাবে। আবারও ২০০১ সালের মতো মাঠপর্যায়ে আধিপত্য বিস্তারকারী তাদের মাস্তান-ক্যাডাররা ভোজবাজির মতো গায়েব হয়ে যাবে ক্ষমতা ত্যাগ করামাত্রই! খালেদা জিয়া সুবিধা পেয়ে গেছেন তাঁর শাসনামলের দুর্নীতি আর দুঃশাসনের তাণ্ডব জনগণের স্মৃতিতে অনেকখানি দুর্বল হয়ে যাওয়ায়। এবারও দেখা যাবে মহাজোট সরকারের দুর্নীতির খবরগুলো জনগণের কাছে থাকবে একেবারে তরতাজা। তার তুলনায় হাওয়া ভবন, যুবরাজ তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, দু-তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদে অন্য সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুর্নীতির মহাযজ্ঞ, বিএনপি-জামায়াতের দলবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদী তাণ্ডব—সবই জনগণ ভুলে যেতে বসেছে। অতএব, এবারের নির্বাচনে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি-জামায়াতের বিজয় কে ঠেকাবে? এটাই খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারপ্রীতির প্রধান কারণ। আমি কিন্তু নিবন্ধের শিরোনামটি চয়ন করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে। মহাজোট সরকারের মেয়াদ আরও ১৫ মাস বাকি রয়েছে। দুর্নীতির বদনামটা ঘোচানো যায় না এই ১৫ মাসে? শেখ হাসিনা দাবি করে চলেছেন, তিনি তাঁর পুত্র-কন্যা, তাঁর বোন এবং বোনের পরিবারের কেউ কোনো দুর্নীতি করছেন না। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এ ব্যাপারে। কিন্তু মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্য-নেতা-পাতিনেতা যাঁরাই দুর্নীতি করুক না কেন, ওই দুর্নীতির দায়ভার সরকারপ্রধানের ওপরই বর্তাবে। ওটাই নিয়ম। অতএব, তিনি বা তাঁর পরিবার দুর্নীতি করছেন না দাবি করে পার পাওয়া যাবে না। দুর্নীতি দমনের ব্যবস্থা জোরদার না করা কিংবা দুর্নীতিতে নিমজ্জিত মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টা, নেতা-পাতিনেতা, কর্মীদের শায়েস্তা না করাটাও দুর্নীতিকে আশকারা দিয়ে চলেছে। ওই দায়ভারও সরকারপ্রধানকেই নিতে হবে। ক্ষমতাসীনদের নানা কিসিমের দুর্নীতির খবরগুলো দেশ-বিদেশের পত্রপত্রিকা ও টেলিভিশনে ফলাওভাবে প্রচার হতেই থাকবে মিডিয়ার কল্যাণে। বিজ্ঞজনের আলোচনা-বিশ্লেষণে, টক শোতে, কলামে বা সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগগুলো প্রবলভাবে আলোচিত-সমালোচিত হবেই, এটাকেও মেনে নিতে হবে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বিভিন্নজনের উদ্দেশে ‘আনগাইডের মিসাইলের’ মতো প্রায়ই যে বাক্যবাণ ছুড়ছেন, তা বন্ধ করুন। বর্ষীয়ান সাংবাদিক এবিএম মূসা কিংবা সৎ ও মেধাবী অর্থনীতিবিদ আমলা ও মুক্তিযোদ্ধা আকবর আলি খান এহেন মিসাইল আক্রমণের লক্ষ্যবস্তু হবেন কেন? এবিএম মূসাকে যেভাবে অপদস্ত করলেন, তাতে প্রধানমন্ত্রীরই ক্ষতি হয়েছে অনেক বেশি। আকবর আলি খান এবং অন্য তিনজন উপদেষ্টা ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করাতেই খালেদা জিয়া ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের জারিজুরি ভণ্ডুল হয়ে গিয়েছিল; তাঁর ওই ঐতিহাসিক ভূমিকা ভুলে যাচ্ছেন কেন? এমনকি, এবারও সব জীবিত সাবেক প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে লটারি করে প্রধান উপদেষ্টা বাছাই করে তাঁকে উপনির্বাচনে সর্বসম্মতভাবে জিতিয়ে আনার যে ফর্মুলা তিনি দিয়েছেন, সেটাকেও আমি বর্তমান সংকটের গ্রহণযোগ্য সমাধান মনে করি এবং বিষয়টি বিবেচনার আহ্বান জানাই। ব্যারিস্টার রফিক-উল হক একজন সাংবাদিকের বারবার প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে তিনি রাজি আছেন বলে জানিয়েছিলেন। বিএনপি এবং খালেদা জিয়া রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ওই প্রস্তাব গ্রহণের ঘোষণা দিলেন। আওয়ামী লীগের প্রত্যাখ্যানটা ‘আমি কার খালু রে’ ধরনের ঠাট্টা-মশকারার মাধ্যমে না দিলে কি হতো না?প্রধানমন্ত্রী, সমালোচকদের প্রতি বিক্ষিপ্ত এসব বাক্যবাণ বুমেরাং হয়ে ফিরে আসবে। দুর্নীতির ব্যাপারে ঘর সামলান, দল সামলান। এখনো সময় আছে জনগণের স্বার্থে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারের। ১৫ মাস অনেক সময়। ড. মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।