ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) তাদের ২০১১-এর দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করেছে গতকাল, ১ ডিসেম্বর। সূচকের ০-১০-এর স্কেলে ২.৭ পেয়ে বাংলাদেশ ১৮৩টি দেশের মধ্যে ১২০তম অবস্থান পেয়েছে, যা তালিকার নিম্নক্রম অনুযায়ী ত্রয়োদশ স্থান। বাংলাদেশের সমান স্কোর পেয়ে এবার একই স্থান পেয়েছে আরও আটটি দেশ—ইকুয়েডর, ইথিওপিয়া, গুয়াতেমালা, ইরান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মোজাম্বিক ও সলোমন আইল্যান্ড। বাংলাদেশের অবস্থান ও স্কোরে কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে। গত বছর বাংলাদেশ ২.৪ স্কোর নিয়ে দ্বাদশ স্থানে ছিল। উল্লেখ্য, এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের তুলনায় কম স্কোর ও র্যাঙ্কিং পেয়েছে যেসব দেশ, তাদের মধ্যে রয়েছে ফিলিপাইন (২.৬), মালদ্বীপ ও পাকিস্তান (২.৫), লাওস ও নেপাল (২.২) এবং আফগানিস্তান ও মিয়ানমার (১.৫)। অন্যদিকে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত (৩.১), শ্রীলঙ্কা (৩.৩) ও ভুটান (৫.৭)। এই সূচক স্থান নির্ধারণের (র্যাঙ্কিংয়ে) ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রাপ্ত স্কোরের পাশাপাশি অন্য দেশের তুলনামূলক অবস্থান এবং তালিকায় কতগুলো দেশ অন্তর্ভুক্ত হলো বা কতগুলো দেশ বাদ পড়ল, এরূপ বিষয়ের প্রভাব পড়ে থাকে। তা ছাড়া বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যের সময়সীমা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগসহ ২০১১ সালের দুর্নীতিসংক্রান্ত ঘটনা প্রবাহের প্রতিফলন সূচকে ঘটেনি। অতএব ধারণাসূচকে গতবারের তুলনায় অবস্থান ও স্কোর অনুযায়ী উল্লিখিত পরিবর্তন যতটুকু, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বাংলাদেশ এখনো তালিকার এমন দেশগুলোর পাশে অবস্থান করছে, যেখানে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা উদ্বেগজনক (স্কোর ৩-এর চেয়ে কম)। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ হয়তো শিগগির ৫-এর ঊর্ধ্বে স্কোর পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে, যখন এই সূচক অনুযায়ী বলা যাবে যে দুর্নীতিকে মোটামুটি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে সে পথ এখনো অনেক দূর।দুর্নীতির ধারণাসূচক বা সিপিআই রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতির ব্যাপকতার ধারণার ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের একটি তুলনামূলক চিত্র প্রদান করে থাকে। ১৯৯৫ সাল থেকে এই সূচকটি প্রণীত হয়ে আসছে। শুরুর বছর এতে ৪৫টি দেশ অন্তর্ভুক্ত ছিল, আর ২০১০ সালে এতে ১৭৮টি দেশ অন্তর্ভুক্ত হয়।২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০-এর মতো এবারও ১.০ স্কোর পেয়ে সোমালিয়া পরপর পাঁচবারের মতো তালিকার সর্বনিম্নে অবস্থান পেয়েছে। যৌথভাবে একই স্থানে রয়েছে উত্তর কোরিয়া। অর্থা ৎ এই দেশ দুটিতে দুর্নীতি সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ও মিয়ানমার, তৃতীয় স্থানে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও সুদান, আর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ইরাক ও হাইতি।সূচকে সর্বোচ্চ ৯.৫ নম্বর পেয়ে উচ্চক্রম অনুযায়ী শীর্ষে অবস্থান পেয়েছে নিউজিল্যান্ড অর্থা ৎ সে দেশে দুর্নীতির প্রকোপ সবচেয়ে কম বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। তৃতীয় সুইডেন, চতুর্থ সিঙ্গাপুর, আর এরপর রয়েছে যথাক্রমে নরওয়ে, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও কানাডা।এশীয় দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর এই সূচকে প্রতিবারই দুর্নীতিতে সবচেয়ে কম প্রভাবান্বিত দেশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে গত বছর সিঙ্গাপুর যৌথভাবে ডেনমার্ক ও নিউজিল্যান্ডের সঙ্গে শীর্ষ স্থান পেয়েছিল। হংকং হচ্ছে দ্বিতীয় এশীয় দেশ, যেটি এমন দেশগুলোর মধ্যে অবস্থান পেয়ে এসেছে, যারা দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। হংকং এবার ৮.৪ নম্বর পেয়েছে এবং জাপান ও জার্মানির মতো দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছে।প্রতিবারের মতো এবারও উন্নত দেশগুলোই বিশেষ করে নিউজিল্যান্ডের পাশাপাশি স্ক্যান্ডেনেভীয় দেশগুলো তালিকার উচ্চক্রমের শীর্ষ ভাগে রয়েছে। কিন্তু এটিও উল্লেখযোগ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রিয়া ও স্পেনের মতো উন্নতির শীর্ষে অবস্থানকারী দেশগুলো ৮-এর নিচে নম্বর পেয়েছে। বিশেষ করে লক্ষণীয় যে, যুক্তরাষ্ট্রের মতো দেশের অবস্থান কাতার, চিলি, বাহামাস ও বার্বাডোসের পেছনে। তা ছাড়া পৃথিবীর কোনো দেশই শতভাগ স্কোর পায়নি, যা আবারও প্রমাণ করল যে, দুর্নীতি একটি বিশ্বজনীন চ্যালেঞ্জ এবং এটি শুধু উন্নয়নশীল দেশের একচেটিয়া সমস্যা নয়। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কা এবারো বাংলাদেশের তুলনায় উন্নততর অবস্থানে থাকলেও তারা উদ্বেগপূর্ণভাবে দুর্নীতিতে নিমজ্জিত হিসেবে চিহ্নিত হয়েছে। তবে বিশেষ করে ভুটানের কথা বলতে হয়, যারা ৫.৭ স্কোর পেয়ে ইতালি (৩.৯), থাইল্যান্ড (৩.৪), চীন (৩.৬), মালয়েশিয়া (৪.৩), তুরস্ক (৪.২), হাঙ্গেরি (৪.৬) ও পোল্যান্ডের (৫.৫) মতো দেশের চেয়ে ভালো ফল করেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে শুধু ভারতের স্কোর গত বছরের তুলনায় কমেছে। বাকি দেশগুলোতে স্কোর বাংলাদেশের মতোই সামান্য বেড়েছে। ভুটানের উ ৎ কৃষ্ট অর্জনের পেছনে রয়েছে সে দেশে সর্বোচ্চ পর্যায়ে অনমনীয় রাজনৈতিক সদিচ্ছা, আইনের শাসন ও দুর্নীতি দমন কমিশনের মতো জাতীয় সততা ব্যবস্থার মৌলিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা। স্মরণ করা যেতে পারে, ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত এই সূচকে বাংলাদেশ সর্বনিম্ন স্কোর করে তালিকার সর্বনিম্নে অবস্থান করেছিল। ২০০৬-এ পেয়েছিল তৃতীয় স্থান, ২০০৭-এ সপ্তম, ২০০৮-এ দশম, ২০০৯ ত্রয়োদশ ও ২০১০-এ দ্বাদশ।সিপিআই পরপর দুই বছরের তথ্যের একটি চলমান হিসাব। এ বছরের সূচকে জানুয়ারি ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত সময়ের তথ্যের প্রতিফলন ঘটেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সবগুলো তথ্য সূত্রের মেয়াদকাল ২০১০-এর ডিসেম্বর পর্যন্ত। অর্থা ৎ এবারের সূচকে ২০১০ পরবর্তী সময়ের দুর্নীতির অবস্থার প্রতিফলন পাওয়া যাবে না। তা ছাড়া দুর্নীতির ধারণাসূচকে গত কয়েক বছরে মোটামুটিভাবে যে কিছুটা অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে, তা স্থায়ী হওয়া না হওয়া এবং আরও অগ্রগতি হবে কি না, তা নির্ভর করছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার কার্যকর বাস্তবায়নের ওপর।আওয়ামী লীগের ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়গুলোর মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি দুর্নীতির বিরূদ্ধে দৃঢ় ও সুনির্দিষ্ট প্রত্যয় ব্যক্ত হয়। কমপক্ষে ডজন খানেক নীতিমালার উল্লেখ পাওয়া যায় আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারে, যার বাস্তবায়ন বাংলাদেশে দুর্নীতিকে কার্যকর ও স্থায়ীভাবে নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। সরকার গঠনের পর সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতিগুলো মোটামুটি ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে কিছু সম্ভাবনাময় পদক্ষেপও গৃহীত হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সূচিত হয়েছে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার দৃষ্টান্ত। দুর্নীতি দমন কমিশন আইনের কতিপয় সংশোধনীর প্রস্তাব করে সরকার কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা প্রতিষ্ঠার পথে বড় ধরনের নৈরাশ্যজনক সম্ভাবনা সৃষ্টি করেছিল। টিআইবিসহ সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি স্থগিত রয়েছে। সংসদীয় কমিটি জনমতের পক্ষে অবস্থান গ্রহণ করে নেতিবাচক সংশোধনী প্রস্তাবগুলো আইনে রূপান্তরিত করা হবে না, এই মর্মে গণমাধ্যমকে জানিয়েছে, যা আশাব্যঞ্জক। তবে শেষ পর্যন্ত বিষয়টি কীভাবে সুরাহা হয়, তার ওপর নির্ভর করবে দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বাস্তবে কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ এই প্রশ্নের উত্তর।সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করতে জাতীয় সংসদকে কার্যকর করার যে নির্বাচনী অঙ্গীকার সরকার ও বিরোধী উভয় দলেরই ছিল, তা বাস্তবায়নে প্রত্যাশিত অর্জন হয়নি। একদিকে বিরোধী দলের যুক্তিহীনভাবে সংসদ বর্জন, অন্যদিকে সংসদ সরকারি দলের একচ্ছত্র ভুবন হিসেবে পরিণত হওয়ায় এবং সংসদীয় কমিটিগুলোতে অনেক ক্ষেত্রেই স্বার্থের দ্বন্দ্বের কারণে গণতন্ত্রের এই সর্বোচ্চ প্রতিষ্ঠানের কার্যকারিতা সুদূর পরাহতই রয়েছে। প্রশাসনকে জনমুখী ও দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করার অঙ্গীকার কাগজে-বক্তৃতায়ই সীমাবদ্ধ থাকল। একই অবস্থা পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রতিশ্রুতির।একদিকে সাংবিধানিক অঙ্গীকার অন্যদিকে ২০০৮-এ প্রদত্ত সরকারের সুনির্দিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকার অনুপার্জিত আয় ও কালোটাকা অর্জনকে পুরস্কৃত করা অব্যাহত রেখেছে। ন্যায়পাল প্রতিষ্ঠার সুস্পষ্ট নির্বাচনী অঙ্গীকার থেকে সরে এসে করন্যায়পাল পদটি বিলুপ্ত করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়ায় ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার’ নিষ্পত্তিকরণ ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এরূপ বিতর্কিত পদক্ষেপের পাশাপাশি সরকার তথ্য অধিকার আইনের মতো দুর্নীতি প্রতিরোধে যুগান্তকারী পরিবর্তনের সুযোগ সৃষ্টিকারী আইন এবং এর সঙ্গে সঙ্গে সম্পূরক অতীব গুরুত্বপূর্ণ একটি নতুন আইন—তথ্য প্রদানকারীর সুরক্ষা আইন পাস করে প্রশংসার দাবিদার হয়েছে। সরকার সব সেবামূলক প্রতিষ্ঠানে নাগরিক সনদ কার্যকর করার উদ্যোগ নিয়েছে। সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন অনুযায়ী অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার কৌশলপত্র অনুমোদন করেছে, যা আশার উদ্রেক করে, যদিও এর কার্যকর বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ এখনো পর্যাপ্ত নয়।আইনের প্রয়োগে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাপক ঘাটতি জনগণকে আশাহত করেছে। অন্যদিকে গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধি বা তাদের সমর্থনপুষ্ট ব্যক্তিরা সাম্প্র্রতিক কালে যেভাবে স্থানীয় পর্যায়ে টেন্ডারবাজি, নদী-বনাঞ্চল-ভূমি দখল ও টোলবাজিসহ আইনের শাসন পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন, তাতে দুর্নীতি প্রতিরোধে অপরিহার্য প্রাতিষ্ঠানিক ভিত্তি ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পদক্ষেপ, বিশেষ করে দক্ষতা ও অভিজ্ঞতার অবমূল্যায়ন, কোনো অবস্থায়ই সরকারি-বেসরকারি উভয় খাতে দুর্নীতি প্রতিরোধক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে না। একইভাবে টেলিযোগাযোগ আইন ২০১০, বিদ্যু ৎ ও জ্বালানি খাতে দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল ২০১০ সংশ্লিষ্ট খাতে সুষম প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়ক হবে, এরূপ আশা করা কঠিন। শেয়ারবাজারে অনিয়মজনিত সমস্যা সমাধানে সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে, বিশেষ করে দায়ী হিসেবে চিহ্নিত মহলকে বিচারের মুখোমুখি করতে সরকারের সদিচ্ছার দৃষ্টান্ত পাওয়া যায়নি।দুর্নীতি, তা যেই পর্যায়েই ঘটুক না কেন, কারও প্রতি কোনো প্রকার ভয় বা করুণা না করে, সব ধরনের দলীয় বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে তার বিচারের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আইন প্রয়োগে আদালতকে কোনো অবস্থায় প্রভাবিত না করা দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত। দুর্নীতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তখনই সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, যখন বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনের যথাযথ প্রয়োগ সম্ভব হবে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা তখনই সুফল আনবে, যখন এই বিভাগে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষতা, স্বচ্ছতা, পেশাগত উ ৎ কর্ষতা ও সততার সঙ্গে কার্য পরিচালনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে। এ বছরের সিপিআই সরকার ও অন্য সব স্টকহোল্ডারদের জন্য সময়োপযোগী বার্তা এই মর্মে যে, দুর্নীতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কোনো প্রকার ভয় বা করুণার ঊর্ধ্বে থেকে রাজনৈতিক সদিচ্ছার বাস্তায়ন, প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। এ ক্ষেত্রে অব্যাহত ব্যর্থতা অদূর ভবিষ্যতে নেতিবাচক ফল বয়ে আনতে পারে। এ ক্ষেত্রে সরকার কর্তৃক তার নিজস্ব নির্বাচনী অঙ্গীকারের প্রতি সজাগ দৃষ্টিই যথেষ্ট। সরকারের কার্যক্রম তার নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে যত বেশি অসামঞ্জস্যপূর্ণ হবে, সরকারের রাজনৈতিক ও নির্বাচনী ভবিষ্যতের জন্য তা ততটাই আত্মঘাতী হবে। একই সঙ্গে সিপিআইয়ের মতো সূচকে বাংলাদেশর অগ্রগতি ততই কঠিন হবে।ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।