নগরায়ণের বিস্তার ও তার সংকট নিরসনে বিশ্বব্যাংক আয়োজিত সেমিনারে যেসব সুপারিশ এসেছে, তার বাস্তবায়ন চাইলে প্রয়োজন সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার। ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে না পারলে সেমিনার-সিম্পোজিয়ামে কোনো কাজ হবে না। নগর জনসংখ্যার ৪১ শতাংশ মানুষের শুধু রাজধানী ঢাকায় বাস করার পরিসংখ্যান নির্দেশ করেছে যে সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে।
ঢাকাভিত্তিক ও কেন্দ্রমুখী কোনো নীতিনির্ধারণী প্রশাসনিক ব্যবস্থা দিয়ে ১৭ কোটি মানুষের দেশকে শাসন করা যাবে না। সংবিধানে বাহাত্তরে যখন স্থানীয় শাসনকাঠামো তৈরি করা হয়েছিল, তখন জনসংখ্যা ছিল মাত্র সাড়ে ৭ কোটি। এখন তা প্রায় আড়াই গুণ। আগামী ৩৫ বছরে ৪ কোটির বেশি লোক নগরে ঠাঁই নেবে, কিন্তু দেশের স্থানীয় সরকার কাঠামো সেভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেই। বরং প্রকৃত মনমানসিকতা যে সামন্ততান্ত্রিক রয়ে গেছে, তা নারায়ণগঞ্জের মেয়রের কথায় ফুটে উঠেছে। তিনি বলেছেন, উন্নত বিশ্বের মতো স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা নয়, এখানে আরও দুর্বল করার চেষ্টা চলে!
বিশ্বব্যাংকের সেমিনার আয়োজন, তাতে দেশি-বিদেশি তিন শতাধিক মেয়রের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই। কিন্তু বিশেষজ্ঞদের মতামতে যা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে বলে সুপারিশ এল, তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারেরই।
দেশকে সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে নগরায়ণের বৃহৎ পরিকল্পনা নিতে না পারা মূলত রাজনৈতিক ব্যর্থতা। অপ্রিয় হলেও সিদ্ধান্ত যখন যেটুকু নেওয়া সম্ভব হয়েছে, তা অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়ন না হওয়া দুর্ভাগ্যজনক। গত রোববার নতুন বিশদ অঞ্চল পরিকল্পনাসংক্রান্ত (ড্যাপ) রাজউকের পর্যালোচনা সভায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ২০০০ সালের জলাধার আইনের পরে যারা পুকুর ধ্বংস করে বাড়ি করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারকদের বক্তব্য কী।
সুতরাং নগরকেন্দ্রিক সুষ্ঠু পরিকল্পনার জন্য সবার আগে প্রয়োজন উচ্চপর্যায়ের রাজনৈতিক সংকল্প। একে বাদ দিয়ে আলোচনা ও পরিকল্পনা কাগজে-কলমেই থেকে যাবে।