যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কাদের মোল্লার বিজয়সূচক অঙ্গুলি প্রদর্শনের মানে কী? বাংলাদেশের জনগণকে কী বলতে চেয়েছেন তিনি? তাঁর বিজয় হয়েছে? হ্যাঁ, তিনি মনে করতে পারেন, তাঁর বিজয় হয়েছে। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেননি। যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে বড় শাস্তি তাঁকে দেওয়া হয়নি। কিন্তু যেসব অপরাধের অভিযোগে তাঁর বিচার করা হয়েছে, সেসব অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধীদের মধ্যে সবচেয়ে নৃশংস হিসেবে খ্যাত কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। তাঁর মৃত্যুদণ্ড না হওয়াকে তিনি নিজের বিজয় বলে মনে করছেন।কিন্তু কাদের মোল্লার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান এর উল্টো। জামায়াত কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড মেনে নেয়নি। তারা মনে করে, কাদের মোল্লা নিষ্পাপ ব্যক্তি, নির্দোষ নাগরিক। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ‘সরকার-প্রভাবিত’ ট্রাইব্যুনাল অন্যায় করেছেন। এই ‘অন্যায়ের’ প্রতিবাদে তারা পরদিনই আবার হরতাল ডেকেছে। জামায়াতের এই অবস্থানের তাৎপর্য ব্যাখ্যা করলে কাদের মোল্লার স্বকল্পিত ‘বিজয়’ খারিজ হয়ে যায়। প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বিজয়। জামায়াতে ইসলামী বাংলাদেশের এমন বিজয় কখনো চায়নি।পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড ও কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ৪২ বছর পর বাংলাদেশে আইনানুগভাবে গঠিত আদালতে বিচারের মাধ্যমে এই সত্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল যে, ১৯৭১ সালের নয় মাস ধরে এই দেশে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে, যেসব অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর এ দুই নেতাও জড়িত ছিলেন। এই বিচারের আগে পর্যন্ত যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো ছিল কেবলই অভিযোগ—অমীমাংসিত, যেন-বা প্রতিকারহীন। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রের বাইরে যেসব নিরীহ সাধারণ মানুষ রাজাকার-আলবদর-আলশামসদের হাতে প্রাণ হারিয়েছেন, নিগ্রহ-নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা ও তাঁদের স্বজনেরা মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চেয়েছেন দীর্ঘ ৪২ বছর ধরে। বিচার চেয়েছেন মানে অন্যায়ের প্রতিকার চেয়েছেন; সেই প্রতিকার ঘটে অপরাধীদের শাস্তিদানের মধ্য দিয়ে। কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধাপরাধীরা ছিলেন বিচারের বাইরে। দেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্রক্ষমতায় থেকে তাঁদের বিচার করার পরিবর্তে বরং পৃষ্ঠপোষকতা করেছে, পুরস্কৃত করেছে মন্ত্রিত্ব দিয়ে। যদি এভাবেই দিন আরও গড়াত, মানবতার বিরুদ্ধে অপরাধকারীরা যদি বিচার ও শাস্তির ঊর্ধ্বেই থেকে যেত, তাহলে এই দেশে যুদ্ধাপরাধ অপ্রতিকার্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যেত। কিন্তু তা যে নয়, সেটা প্রমাণিত হয়েছে বিচারের আওতায় আনা নয় যুদ্ধাপরাধীর মধ্যে দুজনের বিরুদ্ধে আদালতের দণ্ড ঘোষণার মধ্য দিয়ে।তবু কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হওয়ার খবরে বিপুলসংখ্যক মানুষ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মনে হচ্ছে, অতি গুরুতর অপরাধে দোষী কাদের মোল্লাকে দেওয়া হয়েছে লঘু দণ্ড। প্রথম আলোর অনলাইন সংস্করণে এক পাঠক মন্তব্য লিখেছেন: ‘এত বছর এত অপেক্ষার পর এই রায়ে মুক্তিযুদ্ধের চেয়েও বেশি ব্যথা পেলাম। মনে হচ্ছে, শাস্তি আসলে আমাদেরই হলো।’ এ রকম করুণ অনুভবের কারণ, কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হয়নি। যেহেতু যুদ্ধাপরাধের বিচারের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আছে, সেহেতু কাদের মোল্লার মৃত্যুদণ্ডের প্রত্যাশাই ছিল অধিকাংশ মানুষের। প্রথম আলোর আরেক পাঠক লিখেছেন, ‘আমি বাহরাইন থেকে বলছি, এ রায় মানি না। রাজাকারদের [যুদ্ধাপরাধী] ফাঁসি চাই...দেশের সকল জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা ঘরে ঘরে, রাস্তাঘাটে, সর্বস্তরে আন্দোলন গড়ে তুলুন; রাজাকারদের ফাঁসি চাই।’যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দানা বাঁধছে। এই বিচার মানি না, সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই—এমন অনেক স্লোগান পরদিন বুধবার দুপুরের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমে ইন্টারনেটের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর রাস্তায়। রায় ঘোষণার দিন বিকেল থেকে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ, সারা রাত তা চলেছে, পরদিন বুধবার সকাল থেকে সমাবেশের আকার আরও বেড়ে চলেছে। একই রকমের বিক্ষোভ সমাবেশ চলছে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে। মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ একত্র হচ্ছে প্রথমত ইন্টারনেটের মাধ্যমে এবং এটা করছে তরুণসমাজ। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর ফেসবুকে রায়ের প্রতিবাদ জানিয়ে এক বিক্ষুব্ধ তরুণ আহ্বান জানান: ঢাকায় শাহবাগে আর চট্টগ্রামে প্রেসক্লাবে জড়ো হোন। লোক বেশি হলে জামায়াতের অফিস ভাঙতে যাব, কম হলে ট্রাইব্যুনাল ঘেরাও করতে যাব। অজস্র তরুণ-তরুণী ফেসবুকে তাঁদের ক্রোধ ও বিক্ষোভ প্রকাশ করে চলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছেন। বুধবার দুপুরে প্রথম আলোর অনলাইন সংস্করণে এক পাঠক আহ্বান জানাচ্ছেন: ‘আমি শাহবাগ রওনা হলাম। আপনারাও আসেন। যে যেখানে আছি, রাজাকারদের ফাঁসি চাই।’ আরেক তরুণের অনুরোধ: ‘আজ সন্ধ্যায় যাঁরা শাহবাগে প্রতিবাদ সমাবেশে আসবেন, মোমবাতি সাথে করে নিয়ে আসবেন, প্লিজ...।’দুই বছর আগে আরব বসন্তের সময় মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার যে রূপ ধারণ করেছিল, আমাদের শাহবাগ মোড় যেন ক্রমশ হয়ে উঠছে সে রকম। শুধু ঢাকায় নয়, এ রকম প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন শহরে। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল সিলেটে তরুণ-তরুণীদের নিয়ে বসে পড়েছেন শহীদ মিনারে। সবখানে সবার মুখে এক কথা: এই বিচার মানি না; যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শাহবাগে প্রতিবাদ সমাবেশে যাঁদের দেখেছি, তাঁদের অধিকাংশই তরুণ-তরুণী। ১৯৭১ সালে যাঁরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, শাহবাগের বিক্ষোভ সমাবেশে তাঁদের প্রজন্মের সদস্যদের উপস্থিতি খুব কম। শাহবাগে যে দুর্বিনীত তারুণ্যের ঢল নেমেছে, তাদের সিংহভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছর। তারা মুক্তিযুদ্ধ দেখেনি। এই দেশে যাঁরা ভাবেন, মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়ু ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধ নিয়ে আবেগ মরে যাবে; যাঁরা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ মৃত ইতিহাসের মতো একটা বিরক্তিকর বিষয়, তাঁদেরকে অনুরোধ করি, একবার শাহবাগে গিয়ে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তরুণ-তরুণীদের চোখগুলোর দিকে মনোযোগের সঙ্গে তাকিয়ে দেখুন। ওঁদের চোখমুখের অভিব্যক্তিতে মুক্তিযুদ্ধের জীবন্ত ছবি দেখে আপনি সবিস্ময়ে আবিষ্কার করবেন, ওঁরা বহন করছেন সেই একই উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমি দেখিনি, আমার জন্ম তার অনেক পরে। কিন্তু ভাষা আন্দোলনের যে ছবি নানাভাবে আমার মনে গাঁথা হয়েছে সেদিকে তাকিয়ে, আর আজ শাহবাগ মোড়ের এই তরুণ-তরুণীদের মুখের দিকে চেয়ে দেখতে পাই আমাদের জাতীয় মননের এক অবিচ্ছিন্ন উত্তরাধিকার। মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে সেদিন সবার আগে রাজপথে নেমেছিলেন তরুণেরা; রাজনৈতিক নেতারা আন্দোলনে যোগ দিয়েছিলেন পরে, তরুণদের পিছু পিছু হেঁটে এসে। এখনকার মতো তখনো রাজনীতি সরল ছিল না, বেহিসাবি ছিল না। কিন্তু তারুণ্য বরাবরই সরল, ক্ষুরধার তরবারির মতো ঋজু এবং অবশ্যই বেহিসাবি। যা সে সত্য ও ন্যায় বলে বিশ্বাস করে, তার জন্য প্রাণ বিসর্জন দিতেও হিসাব করে না।আজকেও তার হিসাব করার ফুরসত নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকার পরিচালনা করছে, এ ধরনের বিক্ষোভ সমাবেশের ফলে দেশজুড়ে সরকারের জন্য অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হলে মুক্তিযুদ্ধের বিরোধী রাজনৈতিক শক্তি লাভবান হবে—এমন হিসাব কষার সময় তার নেই। জামায়াত-শিবিরের পেশিশক্তি বা অর্থশক্তির প্রভাবে কাদের মোল্লার বিচারের রায় এমন হয়েছে কি না; সরকারের সঙ্গে জামায়াতের কোনো গোপন বোঝাপড়ার ফলে এ রকম হলো কি না; এ রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের আপিল করার সুযোগ আছে কি না; কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করা সম্ভব কি না—এসব জল্পনাকল্পনা ও তর্কবিতর্কে কালক্ষেপণে সে আগ্রহী নয়। সে রাস্তায় নেমেছে। কারণ, যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। এই প্রশ্নে কোনো আপস সে মানে না। শাহবাগে সে ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছে: ‘আপসের পরিণাম, বাংলা হবে পাকিস্তান।’মশিউল আলম: সাংবাদিক ও কথাসাহিত্যিক।