নিষিদ্ধঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা ১৩০টি মামলার বিচার সাক্ষীর অভাবে শুরু হতে না পারার তথ্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও গভীরভাবে অনুশোচনীয়। এই খবর শুধু যে অভ্যন্তরীণভাবে আমাদেরই হতবাক করে তা-ই নয়, এটা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে উদ্বিগ্ন এবং সরকারের সন্ত্রাসবিরোধী সংকল্প সবার কাছে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে।
বর্তমান সরকার ২০১৩ সালে এক সংশোধনীর মাধ্যমে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধঘোষিত ব্যক্তি, সংগঠন বা সত্তার অর্থের উৎস বন্ধ এবং বেআইনি সম্পদ বাজেয়াপ্ত ইত্যাদি সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২৬৭ ও ১৩৭৩ নম্বর সিদ্ধান্ত প্রস্তাবের আলোকে ব্যবস্থা নিতেও বাংলাদেশি বিচারকদের ক্ষমতাবান করেছে। অথচ দেশ যখন আন্তর্জাতিক যোগসূত্র থাকার আশঙ্কা আছে—এমন সন্ত্রাসী তৎপরতার শিকার, তখন আমরা শুনি, সন্ত্রাসবিরোধী আইন করার সাত বছরে (ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার প্রথমে অধ্যাদেশ করেছিল) একটি মামলারও বিচার হয়নি।
এটা লক্ষণীয় যে প্রধান বিচারপতি এস কে সিনহার আদালত পরিদর্শনের পরে অন্যান্য ফৌজদারি আইনে সাক্ষী হাজিরা বাড়লেও এখানে বাড়েনি। অবশ্য সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক বিবেচনায় মামলা দায়ের করার ফলেও সেসব মামলায় সাক্ষী-সংকট দেখা দেয়। দুর্ভাগ্যজনকভাবে ওই আইনের ২৮ ধারা অনুযায়ী, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকলেও এখনো তা অকার্যকর। দায়রা জজ বা অতিরিক্ত জজ দ্বারা অস্থায়ীভাবে বিচারের যে বিধান রাখা হয়েছিল, তা–ই বহাল আছে। ২০১৫ সালের ৮ জুলাই সংসদে পেট্রলবোমা হামলায় খালেদা জিয়ার বিচারে ওই আইনে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা এসেছিল মাত্র।
সুতরাং সরকারের উচিত হবে জরুরি ভিত্তিতে এই আইনের অধীনে সৃষ্ট বিচারিক অচলাবস্থা কাটিয়ে উঠতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া। বিশেষ ট্রাইব্যুনাল গঠনকে অগ্রাধিকার দিতে হবে। পুলিশসহ অধিকাংশ সাক্ষী নানা সরকারি সংস্থায় কর্মরত। তাই সাক্ষীদের যথাসময়ে হাজির করার দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। আর এই আইনে অভিযোগপত্র দেওয়ার পরে মামলা আমলে নিতে সরকারি অনুমোদনের বিধান বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী।