২০১১ সালের ১১ মার্চ জাপানের মূল দ্বীপ হোনশুর উত্তর-পূর্বাঞ্চলের ওপর আঘাত হানে ভূমিকম্প, সুনামির জলোচ্ছ্বাস এবং এরপর যে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছে, তার ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রশাসনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যম এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও পুনর্বাসনকাজের সাফল্য-ব্যর্থতার হিসাব কষছেন। এর সঙ্গে দেশের জ্বালানি নীতিমালা ও দুর্যোগ-প্রস্তুতির আলোকে আগের তৈরি নীতিমালা থেকে সরে এসে বিকল্প পথে এগোনোর কথাও ভাবছে দেশটি। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দুর্যোগ সামাল দেওয়ার মূল দায়িত্ব পালন করা জোট পরাজিত হওয়ায় তাদের সাফল্য-ব্যর্থতার দিকগুলোও আলোচনায় আসছে।দুর্যোগ ব্যবস্থাপনার নানামুখী দিকের মধ্যে শুরুতেই আছে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন। বিশাল উপকূলীয় এলাকাজুড়ে আঘাত হানা ভূমিকম্প ও সুনামি হাজার হাজার বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় বিশাল। যে চার লাখ ৭০ হাজার মানুষকে দুর্যোগের কারণে নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, তাদের মধ্যে তিন লাখ ২০ হাজার স্থায়ীভাবে বাস্তুহারা হয়ে পড়ে। সরকার অবশ্য তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দিয়েছে। তবে নিজেদের স্থায়ী নিবাসে ফিরে যাওয়া তাদের অনেকের পক্ষেই এখনো সম্ভব হয়নি; বিশেষ করে দুর্যোগকবলিত ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চার দিকের ২০ কিলোমিটার এলাকায় যারা বসবাস করছিল।অন্যদিকে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও গত দুই বছরে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দুর্যোগকবলিত অঞ্চলের প্রধান সড়ক ও রেল নেটওয়ার্ক অল্প দিনের মধ্যেই ঠিক করা হয়েছে এবং বিধ্বস্ত হাসপাতাল ও স্কুল ভবনের অধিকাংশই পুনর্নির্মাণ করা গেছে। তোহোকু অঞ্চলজুড়ে অবস্থিত জাপানের মোটরগাড়িশিল্পের খুচরা যন্ত্রাংশ তৈরির যেসব কারখানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোও আগ্রাধিকারের ভিত্তিতে মেরামত করা হয়। ফলে জাপানের শিল্পোৎপাদন-প্রক্রিয়ায় ভূমিকম্প ও সুনামির সরাসরি ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে এর পরোক্ষ প্রভাব জাপানের অর্থনীতিকে কিছুটা মেঘাচ্ছন্ন করে রেখেছে।দুর্যোগ আঘাত হানার আগমুহূর্ত পর্যন্ত জাপানের মোট ৫৪টি পারমাণবিক চুল্লি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে আসছিল। ফুকুশিমার দুর্ঘটনা সব কটি চুল্লি বন্ধ করে দিয়ে এগুলোর নিরাপত্তা পরীক্ষা করতে সরকারকে বাধ্য করে এবং সব কটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করাও সম্ভব হয়নি। জরুরি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল আমদানির মাধ্যমে সরকার বন্ধ রাখা বিভিন্ন তাপবিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করে বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম হলেও তা অর্থনীতির ওপর বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্যে উদ্বৃত্ত জাপান এখন বাণিজ্য ঘাটতির দেশে পরিণত হয়েছে। শিল্প খাতের চাপের মুখে বন্ধ রাখা পারমাণবিক চুল্লি আবার চালু করার আভাস দিয়েছে নতুন সরকার।বাহ্যিক দিক থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হলেও দুর্যোগের মানসিক প্রভাব জাপানকে নিশ্চিতভাবেই দীর্ঘকাল ধরে বহন করতে হবে। মনের বেদনা হচ্ছে এ রকম কিছু, যা থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসা বাস্তবে অসম্ভব। ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস সাম্প্রতিক এক রচনায় এই বেদনামুক্ত হওয়াকে তুলনা করেছেন সমুদ্রে নিঃসরিত তেলের প্রবাহে আটকে পড়া পাখির মুক্ত হতে পারার সঙ্গে, যে মুক্তি কিনা স্থায়ী এক ক্ষত রেখে যায়।বেসরকারি সংগঠন আশিনাগা স্বজন হারানো আপনজনদের মনের সেই ক্ষতের সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেসব শিশু ভূমিকম্প আর সুনামিতে মা-বাবা কিংবা ভাইবোনদের হারিয়েছে, তাদের কাছে আবেদন জানিয়েছিল, মনের কথা তুলে ধরে তারা যেন চিঠি লেখে। সেই আবেদনে অভূতপূর্ব সাড়া আশিনাগা পায় এবং সে রকম বেশ কিছু চিঠির একটি সংকলন তারা প্রকাশ করে। বেদনাভরা সেই দিনে স্কুলে যাওয়ার আগে মায়ের সঙ্গে ঝগড়া করা এক বালিকার একটি চিঠি আমাদের সহজেই বলে দেবে কতটা গভীর ছিল মনের ক্ষত। ২০১১ সালের ১১ মার্চ বালিকার বয়স ছিল নয় বছর। চিঠিতে সে লিখেছে:‘১১ মার্চ সকালে মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়। এতে আমার প্রচণ্ড রাগ হয়েছিল এবং ঝগড়া করার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ না করে স্কুলের ব্যাগ কাঁধে ঝুলিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাই। ক্লাস শেষ হওয়ার পর আমার মনে হয়েছিল, মা হয়তো এখন আর আমার ওপর রাগ করে নেই। তবে এ নিয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম বলে দৌড়ে বাড়ির দিকে রওনা হই। বাড়িতে যাওয়ার পথে একটি সেতু যখন আমি পার হচ্ছিলাম, হঠাৎ করেই তখন “বুম”—এ রকম প্রচণ্ড এক শব্দ হয় আর সেই সঙ্গে সেতুটি প্রচণ্ড রকমভাবে কাঁপতে শুরু করে। ঠিক তখনই সাইরেন বেজে ওঠে এবং সুনামি যে আসছে, সেই সতর্কতা আমি শুনতে পাই। আমি তখন মরিয়া হয়ে বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম। তবে একটু পরই আমি শুনতে পাই কে যেন বলছে, “অসম্ভব”। তাকিয়ে দেখি হাইস্কুলের এক ছাত্র সেখানে দাঁড়িয়ে। সবাই আমরা আবারও স্কুলে ফিরে আসি। এর ঠিক পাঁচ মিনিট পর সুনামির ঢেউ সেতুটি ভাসিয়ে নিয়ে যায়।‘পরদিন মা-বাবা সবাই তাঁদের সন্তানদের খোঁজে স্কুলে আসতে শুরু করেন। এর দুই দিন পর প্রায় সবাই মা-বাবার সঙ্গে বাড়ি ফিরে যায়। তৃতীয় দিন বোন যখন আমার খোঁজে স্কুলে আসে, তখন ওর দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে খারাপ কিছু হয়েছে। তবে শুরুতেই যে প্রশ্ন ওকে আমি করি তা হলো, “মা কেমন আছে?” প্রশ্নের উত্তর ছিল খুব ছোট, “মা মারা গেছে।”‘মনের রাগ নিয়েই মা আমার মারা গেছে কি না, তা আমি আজও জানতে পারিনি। .... কান্নাভেজা কণ্ঠে “আমি দুঃখিত, মা” বলার পরই আমার মনে হয়েছে, মায়ের মুখে যেন হাসি খেলে গেল।‘মা, সেদিন অযথা ঝগড়া করার জন্য আমি দুঃখিত। আমাকে তুমি ক্ষমা করে দিয়ো। আর দূর থেকে মুখে হাসি নিয়ে আমার দিকে তুমি খেয়াল রেখো। প্রতি শুক্রবার বেলা দুইটা ৪৬ মিনিটে আমি একটি ঘণ্টা বাজাই আর মাকে বলি, “আমি দুঃখিত, মা!” আমার মনে হয় আমার এই কণ্ঠস্বর তিনি শুনতে পান।’টোকিওমনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।