‘নীলগাইয়ের সন্ধানে’ গল্পটি উত্তম পুরুষে লিখেছিলেন আবুল খায়ের মুসলেহ উদ্দিন। গল্পের ভাষ্যকার একজন শিকারি। নীলগাই শিকার করতে ঠাকুরগাঁওয়ের এক ঘন জঙ্গলে মাচা পেতে রাইফেল হাতে বসেছিলেন তিনি। ‘দীর্ঘ দিবস দীর্ঘ রজনী’ সেই মাচায় নড়াচড়াহীনভাবে বসেছিলেন তিনি। কারণ, নীলগাই এত সতর্ক প্রাণী যে একটু শব্দ হলেই তারা সজাগ হয়ে ছিটকে সরে যায়। মানুষের উপস্থিতি টের পেলেই সে হারিয়ে যায়। টান টান উত্তেজনাপূর্ণ সেই গল্পে শিকারি শেষ পর্যন্ত রাইফেলের গুলিতে একটি নীলগাইকে ধরাশায়ী করেন। সে গল্পের রোমাঞ্চকর বর্ণনা আর সফল শিকারের বিজয়োল্লাসে বিলীয়মান প্রজাতির একটি প্রাণীর বিলুপ্তির আশঙ্কাতাড়িত হাহাকার ঢাকা পড়ে গিয়েছিল।
গল্পটিতে যে সময়ের কথা লেখা হয়েছিল, সে সময় নীলগাই ওই অঞ্চলে হরহামেশা দেখা না গেলেও অতি দুর্লভ ছিল না। কিন্তু ঝড়ের গতিতে বন উজাড়, বেপরোয়া শিকার ও প্রাণী সংরক্ষণ বিষয়ে প্রায় সব সরকারের চর্চিত উদাসীনতার বলি হয়ে হরিণসদৃশ প্রাণীটি হারিয়ে গেছে।
এর মধ্যে এক–দেড় বছর পরপর হঠাৎ হঠাৎ করে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় ভারত থেকে নীলগাই ঢুকে পড়ার খবর মেলে। সেসব খবর প্রায়ই বিয়োগান্ত হয়ে থাকে। ঢুকে পড়া নীলগাইকে ধরতে গ্রামবাসী সম্মিলিতভাবে তাড়া করে। তাড়া খেয়ে ছুটতে ছুটতে সেই নীলগাই হয় আহত হয়ে, নয়তো হৃদ্রোগে মারা যায়।
সর্বশেষ ঘটনায় রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুক্তারবস্তি এলাকায় তাড়া খেয়ে মারা গেছে একটি নীলগাই। কাঁটাতার পেরিয়ে সেটি ভারত থেকে ঢুকেছিল। কয়েক দিন ধরে সেটিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। পরে শুক্রবার গ্রামবাসী সেটিকে বেকায়দায় পেয়ে ধাওয়া করেছিল। ধাওয়া খেয়ে নীলগাইটি একটি ঘরে ঢুকেছিল। লোকজন ঘিরে ফেললে সেটি জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে এবং আঘাতপ্রাপ্ত হয়ে সেখানেই মারা যায়।
কিছুদিন আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শৌলাদোগাছি এলাকায় জবাই করার সময় গ্রামবাসীর হাত থেকে একটি নীলগাই উদ্ধার হয়েছিল। তারও আগে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের যদুয়ার গ্রামে আরেকটি নীলগাই ধরা পড়ে। আরও একবার তাড়া খেয়ে হার্ট অ্যাটাকে একটি নীলগাই মারা যায়।
যেহেতু একই এলাকায় একই ধরনের ঘটনা কিছুদিন পরপর ঘটছে, সে ক্ষেত্রে প্রাণী সংরক্ষণ বিভাগের একটি উদ্যোগ থাকা জরুরি। সর্বশেষ ঘটনায় নীলগাইটিকে কয়েক দিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। সে সময়ই সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপর হওয়া উচিত ছিল। তবে তার আগে বাংলাদেশে এ ধরনের অতি দুর্লভ প্রাণীর উপস্থিতির গুরুত্ব কতটা, সেটি তাদের বোঝা দরকার।