দুস্থ ও বিত্তহীন প্রায় সাড়ে তিন হাজার নারীর কাছে ক্ষমা চেয়ে রাষ্ট্রের উচিত হবে কালবিলম্ব না করে মুনাফাসহ তাঁদের দুই কোটি ৬৯ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর সমস্যা মিটিয়ে দেওয়া। ১৯৯৯ সালে ৪৭ লাখ টাকা দিয়ে তাঁরা আধা সরকারি বিআরডিবি-নিবন্ধিত সমিতি থেকে প্রতিরক্ষা সঞ্চয়পত্র কিনেছিলেন। আট বছর পরে সেটা ভাঙাতে গিয়ে জানলেন, তাঁরা মুনাফা পাবেন না। কারণ, তাঁদের সমিতি সমবায় সমিতি আইনে নিবন্ধিত নয়। মানবিক বিবেচনায় এর সুরাহা দিতে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর থেকে শুরু করে প্রতিটি সরকারি বিভাগ লিখিত সম্মতি দিয়েছে। অর্থমন্ত্রীর স্বেচ্ছাধীন ক্ষমতাও আছে। সাত বছর কেটে গেলেও দুস্থ নারীদের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ নেই। ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন নিশ্চিত করছে যে সরাসরি ও ত্বরিত রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এর সুরাহা হবে না।
আইনের ফাঁদে দুস্থ নারীআমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম্য এখন কত জটিল রূপ পরিগ্রহ করেছে, সেটা দুস্থ নারীর প্রতি জনপ্রশাসনের পাইকারি কুম্ভীরাশ্রু বর্ষণের ঘটনায়ও স্পষ্ট। যে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয় এবং লুটেরাদের রক্ষায় যখন–তখন বিধিবিধান পাল্টে যায়, সে দেশের দুস্থ নারীদের বিন্দু বিন্দু ঘামের দামে জমানো অর্থ মুনাফাসহ ফেরতদানের সিদ্ধান্ত সাত বছর ঝুলে আছে।
যে দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও উপাচার্যের মতো পদে নারীর অধিষ্ঠান নন্দিত, সে দেশে সাড়ে তিন হাজার দুস্থ নারীর প্রতি এত বড় রাষ্ট্রীয় অবিচার ও প্রবঞ্চনা নারীর ক্ষমতায়নের প্রশ্নটিকেই উপহাস করছে। মাত্র পাঁচ টাকা থেকে ২০ টাকা চাঁদা তুলে তারা ৪৭ লাখ টাকা জমিয়েছিলেন। এটি সঞ্চয় ও জাতি গঠনের এমনই একটি মহতী প্রয়াস, যার রাষ্ট্রীয় স্বীকৃতি ওই দুস্থ নারীদের প্রাপ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত—যে কারও ব্যক্তিগত হস্তক্ষেপই এই দুস্থ নারীদের দুঃখ ঘোচাতে পারে।