বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ২০১৪ সালে চতুর্থ, ২০১৬ সালে তৃতীয় এবং ২০১৭ সালে দ্বিতীয় হওয়া ধারাবাহিক ‘উন্নতির’ প্রমাণ বৈকি। দূষণের এই উন্নতির অপর পিঠে রয়েছে বসবাসের অযোগ্য শহরের শিরোপা অর্জন এবং হাজারো মানুষের বায়ুদূষণে মৃত্যুর ভয়াবহ রেকর্ড! যে উন্নয়নের পথ আমরা বেছে নিয়েছি, তার প্রাণবিক মূল্যটা নিয়ে কি নীতিনির্ধারকেরা কখনো বিচলিত হয়েছেন?
২০১৫ সালে নাসা বলেছিল, ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত নয় বছরে ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাই-অক্সাইড সবচেয়ে বেশি হারে বেড়ে হয়েছে ৭৯ শতাংশ। অপরিকল্পিত নির্মাণ ও উন্নয়নকাজ, রাজধানী ঘিরে থাকা অজস্র কয়লা পোড়ানো ইটভাটার ধোঁয়া এবং যানবাহনের পোড়া ধোঁয়া ঢাকাকে দূষণের চরমে নিয়ে যাচ্ছে। ঢাকার বাতাসে মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক উপাদান পিএম ২ দশমিক ৫-এর মাত্রাও রয়েছে ভারত ও চীনের পরের অবস্থানে। এ বছরের তালিকায় ঢাকার চেয়ে দূষণে এগিয়ে রয়েছে দিল্লি। দিল্লিতে এনটিপিসির বেশ কটি কয়লা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা সে দেশের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) গবেষণায় বিশ্বের মধ্যে সবচেয়ে দূষণকারী বলে চিহ্নিত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভাল্যুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে বছরে ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষের মৃত্যুর সরাসরি কারণ বায়ুদূষণ। শ্বাসতন্ত্র ও ফুসফুসের ক্ষতি, হৃদ্রোগ ও ক্যানসারের হার বেড়ে যাওয়ার অন্যতম কারণও দূষিত বায়ুতে নিশ্বাস নেওয়ার অভিশাপ।
এ পরিস্থিতি সহনীয় করা অসম্ভব নয়। ইটভাটাগুলোর প্রাযুক্তিক পরিবর্তনের মাধ্যমে কয়লা বর্জন, নির্মাণকাজের সময় ধুলানিরোধের ব্যবস্থা এবং মেট্রো ও ট্রেনের মতো গণপরিবহন সুলভ করতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারেও নিয়ন্ত্রণ চাই। নারায়ণগঞ্জ ও গাজীপুরের দূষণও বৈশ্বিক রেকর্ড গড়েছে। এ শহরগুলোর ভেতর-বাইরের বনভূমি, নদী ও জলাধারগুলো আগের অবস্থায় নেওয়া গেলে বাতাস অনেকটা নির্মল ও সজল হবে। এগুলোর সবই হতে হবে বৃহৎ সমন্বিত পরিকল্পনার অধীনে।
সংকট সেখানেই। ঢাকাসহ বড় বড় শহরের উন্নয়ন, নির্মাণ, ব্যবসা, আবাসন—সবই নিয়ন্ত্রিত হচ্ছে বেপরোয়া বাণিজ্যিক শক্তির ইচ্ছা অনুযায়ী। সরকারকে জনস্বার্থে এর রাশ টানতে হবে। স্বাধীনতার ৪৬ বছরেও আধুনিক, মানবিক ও উন্নত নগর গড়তে না পারার ব্যর্থতা আর কত?