গাজীপুরের শ্রীপুরে কারখানার বর্জ্যমিশ্রিত পানি জমিতে সেচের কাজে ব্যবহৃত হওয়ার খবরটি আমাদের শঙ্কিত ও উদ্বিগ্ন করে তুলেছে।
মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, শ্রীপুর উপজেলার বালাপাড়া গ্রামে ছৌক্কার খালের দুপাশে ছোট–বড় অনেক শিল্পকারখানা রয়েছে। এসব কারখানার তরল বর্জ্য খালে ফেলার কারণে খালের পানি কালচে আকার ধারণ করেছে। জমি সেচের বিকল্প ব্যবস্থা না থাকায় ছৌক্কার খালের এই দূষিত পানিই সেচকাজে ব্যবহার করছেন কৃষকেরা। এটা খুবই উদ্বেগের বিষয়।
অতীতে দেখা গেছে, এভাবে দূষিত পানি দিয়ে যদি ফসল চাষাবাদ করা হয়, তাহলে জমির উর্বরতা শক্তি কমে যায়। স্বাভাবিকভাবেই ফসলের উৎপাদনও কমে যায়। এ ছাড়া ফসল নষ্ট হয়ে যায়, বিশেষ করে দূষিত পানি দিয়ে সেচ দেওয়া ধানের পাতা লালচে রং হয়ে যায়, এক গোছায় চার-পাঁচটির বেশি ধানের শিষ বের হয় না। পরে সে ধানও চিটা হয়ে যায়। দূষিত পানি দিয়ে আবাদ করা ফসল মানুষের শরীরের জন্যও ক্ষতিকর। এসব ফসল খেলে পেটের পীড়া, চর্মরোগসহ নানা ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়, যা তাদের শরীরের দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করতে পারে।
এভাবে শিল্পকারখানাগুলো দিনের পর দিন ছৌক্কা খালের পানি দূষিত করে চলেছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কোনো মাথাব্যথা নেই! পরিবেশ অধিদপ্তর কি জানে না বিষয়টি? স্থানীয় প্রশাসনই–বা কী করছে?
বর্তমানে বাংলাদেশে যত্রতত্র অপরিকল্পিতভাবে প্রচুর শিল্পকারখানা গড়ে উঠছে। এসব শিল্পকারখানার বর্জ্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) বা বর্জ্য শোধনাগারের মাধ্যমে পরিশোধিত করে সঠিক পাইপের মাধ্যমে নির্গমন করার কথা থাকলেও বেশির ভাগ কারখানা সঠিক নিয়ম অনুসরণ না করেই অপরিশোধিত বর্জ্য অবারিতভাবে নদী, খাল, বিল ও কৃষিজমিতে ফেলছে। ফলে ফসলি জমিতে আগের মতো ফসল ফলানো সম্ভব হচ্ছে না। অনেক জমিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। কিন্তু এসব শিল্পকারখানার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। শাস্তি বলতে শুধু অর্থ জরিমানা।
এ ব্যাপারে সরকারিভাবে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে শিল্পকারখানার আশপাশের সব ফসলি জমি ও নদী–নালার পানিও বিষাক্ত পদার্থের দ্বারা দূষণে ভয়াবহ আকার ধারণ করবে। সব শিল্পকারখানা যাতে বর্জ্য শোধনাগারের মাধ্যমে বর্জ্য ফেলে, সে জন্য তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কঠোর আইন করতে হবে এবং তা প্রয়োগ করতে হবে। শিল্পকারখানার বর্জ্যের কারণে যেসব জমি ইতিমধ্যে দূষণ হয়ে গেছে, সেগুলোর দূষণের মাত্রা কমানোর জন্য বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল প্রয়োগ করা যেতে পারে। এ ব্যাপারে সরকারকে এখনই শক্ত ভূমিকা নিতে হবে।