তত্ত্বাবধায়ক সরকার ও আগামী নির্বাচন ইস্যুতে বাংলাদেশের রাজনীতির অঙ্গন এখন সরগরম। নানা আলোচনায় মাঝে-মধ্যে দেশে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি উদ্ভবের কথাও উঠে আসে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ, প্রবীণ রাজনৈতিক নেতা ড. কামাল হোসেন এবং আরও কেউ কেউ নিজেদের দল বা জোটকে সেই প্রত্যাশিত ‘তৃতীয় শক্তি’ বলে দাবি করেছেন। ‘তৃতীয় শক্তি’র কথা জোরেশোরে ওঠার কারণ হলো: দেশের বেশির ভাগ রাজনীতিসচেতন মানুষই মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো দল ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রত্যাশিত উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। কিছু সুবিধাভোগী ছাড়া দেশের বেশির ভাগ লোকই দুই দলের শাসন থেকে মুক্তি চান। তবে চাইলেই তো মুক্তি পাওয়া এত সহজ নয়। কারণ, এই দুই দল নানাভাবে ভোট সংগ্রহে পারঙ্গম। যাঁরা এখন নিজেদের ‘তৃতীয় শক্তি’ বলে দাবি করছেন, তাঁরা কেউ ‘তৃতীয় শক্তি’ হতে পারবেন বলে মনে হয় না। কারণ, তাঁদের সেই জনসমর্থন নেই। যদি ‘আরব বসন্তের’ মতো দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী একটা উত্তাল গণবিক্ষোভের আয়োজন করা যায়, তখন নানা বিরোধী দল বা জোট মিলে একটা ‘তৃতীয় শক্তি’ জেগে উঠতে পারে। আমাদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা খুব সহজ কাজ হবে না।এই পত্রিকাতেই কয়েক মাস আগে আমি লিখেছিলাম: ‘যুবশক্তিই হবে তৃতীয় শক্তি’। আমি এখনো এই বক্তব্যে বিশ্বাসী ও আস্থাবান। দেশের তরুণ ও যুবসমাজের এক বড় অংশ (প্রধান অংশই বলা যায়) এখনো বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত বা জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হয়নি। ছাত্রলীগ বা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি করার সময় ২৫ বছরের নিচের কোনো ছাত্রকে তারা খুঁজে পায় না। ‘আদু ভাই’ ছাড়া এসব দলের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। এ ছাড়া নব্বইয়ের পরে দেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এবং সুস্থ ছাত্ররাজনীতি নির্বাসিত হওয়ায় ছাত্রসমাজে নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি। উচ্চ শিক্ষারত ছাত্ররাও কোনো তথাকথিত ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত হননি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসনের কারণে বিরোধী ‘ছাত্রদল’ নেতারা গত তিন বছর ক্যাম্পাসেই প্রবেশ করতে পারেননি। ফলে দেশে ছাত্ররাজনীতি একধরনের টেন্ডার-বাণিজ্য ও সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করেছে। এসব কারণে দেশে নব্বইয়ের পর কোনো সুস্থ তরুণ নেতৃত্ব গড়ে উঠতে পারেনি।এই পটভূমিতে দেশের তরুণ ও ছাত্রসমাজকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, গণতন্ত্র চর্চা, জাতীয় সংসদ, ভবিষ্যৎ রাজনীতি, ভবিষ্যৎ সরকার ইত্যাদি সম্পর্কে গুরুত্বসহকারে ভাবতে হবে। আগামী ১০ বা ১৫ বছর পর দেশের পরিস্থিতি কেমন হতে পারে, কেমন হওয়া উচিত ইত্যাদি নিয়ে তরুণদের এখনই চিন্তাভাবনা ও কাজ শুরু করা উচিত। দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা ও আলোচনা করার জন্য কোনো ছাত্র বা রাজনৈতিক দলের সদস্য হতে হয় না। এ জন্য ছাত্ররা নিজেদের উদ্যোগে একটি ‘ফোরাম’ গঠন করতে পারেন। প্রতি বিশ্ববিদ্যালয়ে (পাবলিক ও প্রাইভেট) এর শাখা খুলতে পারেন। প্রতি মাসে একটা বিষয় বা ইস্যু নিয়ে তাঁরা সভা করতে পারেন। তাঁদের মতামত পত্রিকা ও টিভিতে প্রচার করতে পারেন। তাঁরা টিভির বিভিন্ন টক শোতে অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে তাঁদের মতামত প্রকাশ করতে পারেন। তাঁরা নিজেরাই টক শোতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার উদ্যোগ নিতে পারেন।প্রথম পর্যায়ে (এক বছর) এই ফোরাম শিক্ষা, সিলেবাস, তথ্যপ্রযুক্তি, তরুণদের কর্মসংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা শুরু করতে পারে। এগুলো তাদের জন্য খুব প্রয়োজনীয় বিষয়। এসব ইস্যুতে সব সময় আলোচনা চলতে পারে। একটা ইস্যুর নানা ডাইমেনশন থাকে। প্রতিটি ডাইমেনশন আলোচনার জন্য পৃথক বিষয় হতে পারে। এসব ইস্যুতে সরকারের নতুন কোনো নীতি বা সিদ্ধান্ত পাওয়া গেলে তার পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে। এভাবে ছাত্রদের একটা ‘ফোরাম’ নিয়ে কাজ শুরু করার সুযোগ রয়েছে।একই মডেলে দেশের যুবসমাজও (২৫-৩৫ বছর বয়স) একটি ফোরাম গঠন করতে পারে। তারা দেশের রাজনীতি, গণতন্ত্র চর্চা, বড় বড় রাজনৈতিক দলের কর্মকাণ্ড, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় সংসদের কার্যক্রম, প্রশাসন দলীয়করণ, সরকারের নানা নীতি, যুবকদের জন্য তৈরি নানা সরকারি প্রতিষ্ঠান, এনজিও, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালনা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গণতন্ত্র চর্চা, প্রশাসনে ছাত্রদের প্রতিনিধিত্ব, বিজ্ঞান চর্চা, উচ্চতর বিজ্ঞান ও গবেষণা, জনশক্তি রপ্তানি, শিক্ষিত জনশক্তি রপ্তানির সম্ভাবনা, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সমাজে বৈষম্য, বিভিন্ন বৈষম্যমূলক সরকারি নীতি, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার অনুষ্ঠান, সংবাদপত্রের নিরপেক্ষতা, সাংবাদিকতার মান ইত্যাদি বিষয়ে যুব সম্প্রদায় তাদের পর্যালোচনা ও পরামর্শ তুলে ধরতে পারে। মনে রাখা দরকার, এই যুবকেরাই দেশের রাজনীতি, সরকার থেকে শুরু করে প্রাইভেট সেক্টরেও প্রায় সব প্রতিষ্ঠানের হাল ধরতে যাচ্ছেন। অনেকে এখনই হাল ধরেছেন। শুধু সরকার বা রাজনৈতিক দলের নীতিনির্ধারণে তাঁরা এখনো যেতে পারেননি।তরুণ ও যুবসমাজকে একটা কথা উপলব্ধি করতে হবে, শুধু বক্তৃতা বা আলোচনা করলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান প্রবীণেরাও করবেন না। তবে মনে রাখতে হবে, আমাদের প্রবীণ রাজনীতিকেরা দেশের স্বাধীনতা এনেছেন। গণতন্ত্র এনেছেন। অনেক সমস্যার সমাধান করার ক্ষমতা তাঁদের নেই। অনেক প্রবীণের এই ক্ষমতা রয়েছে, দুর্ভাগ্যবশত তাঁরা রাষ্ট্রক্ষমতার সঙ্গে যুক্ত নন। রাষ্ট্রক্ষমতার সঙ্গে যুক্ত না হলে কোনো জাতীয় সমস্যার সামগ্রিক সমাধান সম্ভব হবে না। আংশিকভাবে হবে। যেমন এনজিওরা আংশিক সমাধান করছে। যুবকদের এটা বুঝতে হবে।যুবকদের এই ‘ফোরাম’ যদি জনপ্রিয় হয়, তা হলে এই যুব ফোরাম একটি ‘যুব সংগঠনে’ পরিণত হতে পারে। এ ব্যাপারে তারা দেশের সম্মানিত বিশেষজ্ঞ ও মেধাবী প্রবীণদের সহায়তা নিতে পারে। শুধু তাত্ত্বিক সহায়তা। প্রবীণেরা এসব ফোরামে যুক্ত হবেন না। এই যুব সংগঠন ও ছাত্রদের ফোরামের মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে। প্রবাসী বাংলাদেশি ছাত্র ও তরুণদের এসব ফোরামে সম্পৃক্ত করা যায়। প্রবাসী তরুণদের সঙ্গে নির্দিষ্ট ইস্যুতে স্কাইপের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা যায়। এসব ফোরামের ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক ইত্যাদির মাধ্যমে আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা যায়।এই তরুণেরা হবেন অত্যন্ত রাজনীতিসচেতন। তবে সেই রাজনীতি বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতি নয়। ‘স্বাধীনতার ঘোষণা’ ধরনের বিতর্কে তাঁরা কখনো নিজেদের জড়াবেন না। ইতিহাসের বিষয় ইতিহাসবিদদের জন্য তুলে রাখাই আপাতত ভালো হবে। ইতিহাসের প্যান্ডোরার বাক্স একবার খুললে অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করার সময় পাওয়া যাবে না। ‘ইতিহাস ও স্মৃতিচারণা’ আমাদের ট্র্যাডিশনাল রাজনীতিকে অসুস্থ করে তুলেছে। ইতিহাস একটা জাতির জন্য খুবই প্রয়োজনীয় বিষয়, সন্দেহ নেই। কিন্তু সেই চর্চা এখন না করলে জাতির অগ্রগতি থেমে যাবে না। বাংলাদেশ একটি বিভক্ত জাতির দেশ। বিভক্তি পৃথিবীর খুব কম দেশেই রয়েছে। যে দেশে ‘জাতির পিতা’ নিয়েই বিরাট মতভেদ, সে দেশে সুস্থভাবে ইতিহাস চর্চা করা খুব কঠিন। তরুণেরা ইতিহাস চর্চা চিরদিন বাদ দেবেন না। আমরা ইতিহাস চর্চা আপাতত স্থগিত রাখতে বলছি। দেশের ১০০ ভাগ লোককে শিক্ষিত করে, ১০০ ভাগ লোককে দারিদ্র্য থেকে মুক্ত করে, প্রতিটি শিক্ষিত ও শিক্ষাবঞ্চিত ছেলেমেয়ের কর্মসংস্থান করে, জিডিপিকে অনেক ওপরে তুলে এনে, দেশকে শিল্পায়িত করে, আমদানিনির্ভরতা কমিয়ে একটি উন্নত দেশে পরিণত করার পর আমরা সবাই মিলে ইতিহাস চর্চায় মনোনিবেশ করতে পারি। এ ছাড়া পেশাদার গবেষক ও ইতিহাসবিদেরা তাঁদের প্রজ্ঞা দিয়ে ইতিহাস চর্চা তো সব সময় করে যাবেন। এটাই তো তাঁদের কাজ। তরুণদের এই ফোরাম থেকে যে সংগঠনের জন্ম নেবে, তা ২০১৯ সালের সংসদ নির্বাচনে (অর্থাৎ আগামী নির্বাচনের পরের নির্বাচন) অন্তত ১০০ আসনে মনোনয়ন দেওয়ার চিন্তা করা উচিত। ৫০টা আসনেও যদি জয়লাভ করা যায়, সেটা হবে তরুণদের বিরাট সাফল্য। এই প্রক্রিয়ার মাধ্যমে তরুণেরা সরকারী নীতি প্রণয়নে যুক্ত হতে পারবেন। মনে রাখা দরকার, সরকারি নীতি প্রণয়ন-প্রক্রিয়ায় যুক্ত হতে না পারলে দেশের জন্য বড় কিছু করা সম্ভব হয় না। কাজেই ২০১৯ সালের নির্বাচন একটা বড় টার্গেট হতে হবে। ২০১৯ সালের নির্বাচনের পর এই দল পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বিকশিত হতে পারে। এ দেশে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটি ‘মডেল’ হিসেবে যেন দলটি স্বীকৃতি লাভ করে। বর্তমান বড় রাজনৈতিক দলগুলোর সব নেতিবাচক দিক স্বজ্ঞানে পরিহার করে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা নিজেদের গড়ে তুলবে। ভারত, ব্রিটেন, আমেরিকা প্রভৃতি গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নিয়মকানুন, প্র্যাকটিস, সুদৃষ্টান্ত তারা দলের মধ্যে বাস্তবায়ন করবে। আমরা মনে করি, এভাবে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এ দেশে একটি ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ গড়ে উঠতে পারে। যদি আজকের ছাত্র ও তরুণেরা এই উদ্যোগ এখনই নেন। পরিবারতন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের বাইরে গিয়ে একটি সুস্থ, গণতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বদানের উপযোগী রাজনৈতিক দল গঠন এই মুহূর্তে বাংলাদেশের সময়ের দাবি। আগামী নির্বাচনই বাংলাদেশে শেষ নির্বাচন নয়। সামনে আরও বহু নির্বাচন হবে। যেসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানসম্পন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল, দক্ষ নেতৃত্ব, যুগোপযোগী রাজনৈতিক কর্মসূচি দরকার। তার আয়োজন এখন থেকে শুরু না করলে আমাদের আরও বহু বছর পরিবারতন্ত্র ও দুর্বৃত্তায়নের রাজনীতির বৃত্তে বন্দী থাকতে হবে।এখনকার ছাত্র, তরুণ ও যুব সম্প্রদায় কি তাই চায়? না, দেশের রাজনৈতিক মানচিত্রটা ইতিবাচকভাবে পাল্টানোর জন্য তারা এখন থেকে কাজ শুরু করবে? সিদ্ধান্তটি ছাত্র ও তরুণদেরই নিতে হবে। মুহাম্মদ জাহাঙ্গীর: উন্নয়ন ও মিডিয়াকর্মী।