বাংলাদেশের রাজনীতিতে আবার হরতাল, অবরোধ, সন্ত্রাস, খুন, গাড়ি পোড়ানো শুরু হয়েছে। সংবাদপত্রের পাতায় ও টিভির পর্দায় আবার সেই ধ্বংসযজ্ঞের ছবি আমরা দেখছি। কিন্তু রাজনীতির অঙ্গনে এসব নারকীয় কাণ্ড কি নতুন? আমাদের খুব অচেনা? আমার তো মনে হয়, গত কয়েক মাসে ঢাকাসহ দেশের নানা স্থানে যা যা হয়েছে, তা সবই আমাদের চেনা ও অভিজ্ঞতার অংশ। তবু সচেতন জনগোষ্ঠীর বিরাট অংশ এই চেনা দৃশ্যগুলো দেখেই আর্তনাদ করে উঠেছেন। নেতৃত্বস্থানীয় কয়েকজন বুদ্ধিজীবী সংবাদপত্রে বিবৃতি দিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সংবাদপত্রে প্রায় একই ভাষায় মন্তব্য প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এ ধরনের নারকীয় ঘটনা পরবর্তী সময়ে ঘটলে সংবাদপত্র একই ভাষায় নিন্দা প্রকাশ করবে। সবই রুটিন ঘটনা। সংবাদপত্রে কয়েক বছর আগের গাড়ি পোড়ানোর ছবি ছাপা হলে পাঠকেরা বুঝতেই পারবেন না, এগুলো পুরোনো ছবি। এগুলোই তো মূলধারার রাজনীতি! আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত যে রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে, সেখানে জনগণ কি অন্য কিছু আশা করেছিলেন? আশা করে হতাশ হয়েছেন? কী আশা করেছিলেন? এবং কেনই বা ইতিবাচক কিছু আশা করেছিলেন? এই তিনটি দলের মধ্যে কী কী পরিবর্তন আপনি দেখেছেন যে রাজনীতি অন্য রকম হবে? এদের রাজনীতি তো এ রকমই হওয়ার কথা। গত ১৫-২০ বছর এ রকম ‘গণতান্ত্রিক’ রাজনীতিই তো আমরা দেখে আসছি। হরতাল, অবরোধ, খুন, সন্ত্রাস ও গাড়ি পোড়ানোর মহোৎসব করেই তো আমরা ‘গণতন্ত্র’ চর্চা করছি। এ বছর নতুন যোগ হয়েছে পুলিশকে আক্রমণ করা ও পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে ঘায়েল করা। ‘গণতন্ত্রের’ কিছুটা অগ্রগতি তো থাকতেই হবে। আমি খুশি হব যদি কোনো পাঠক বলতে পারেন, ‘না, এ রকম রাজনীতি হওয়ার কথা ছিল না। তিনটি প্রধান দল থেকে আমরা গণতান্ত্রিক আচরণ আশা করেছিলাম। অতীতেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের আন্দোলন দেখেছি। এ বছর এসব ঘটনা খুবই ব্যতিক্রম।’ আমার জানার খুব আগ্রহ দেশের কতজন লোক এ রকম ধারণা পোষণ করেন। গত কয়েক মাসে দেশে রাজনীতির নামে যা হয়েছে, তা খুবই স্বাভাবিক এবং দলগুলোর অতীত কর্মকাণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ। তারা মোটেও ‘অস্বাভাবিক’ বা ‘ব্যতিক্রমী’ কোনো আচরণ করেনি। এগুলোই আমাদের মূলধারার রাজনীতির বৈশিষ্ট্য। এসব দলের নেতাদের আমরা ভোট দিয়ে সংসদে পাঠাই, সরকার গঠন করতে দিই। এই দল তিনটির অনেক শক্তি। অনেক জনপ্রিয়তা। তারা চাইলে বাংলাদেশে রাতকে দিন, দিনকে রাত করতে পারে। এখন হা-হুতাশ করে কোনো লাভ নেই। সামনে আরও দিন আসছে। অপেক্ষা করুন। ‘গণতান্ত্রিক’ রাজনীতির আরও নানা চেহারা দেখার সুযোগ পাবেন। শান্তিপ্রিয় সচেতন মানুষ তাহলে কী করবেন এখন? এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সচেতন মানুষ কি দেখতেই থাকবেন সন্ত্রাসীদের তাণ্ডব? আলোচনা এই পয়েন্ট থেকেই শুরু করতে হবে। সাধারণ সচেতন মানুষ, পেশাজীবী, নারী সমাজ, তরুণ সমাজকে দেশের বিভিন্ন প্রান্তে এই আলোচনা শুরু করতে হবে: এই তাণ্ডব থেকে মুক্তির উপায় কী?আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেও বহু প্রকৃত গণতন্ত্রমনা নেতা-কর্মী রয়েছেন। তাঁরা আন্তরিকভাবে চান দেশটি গণতান্ত্রিকভাবে ও সুষ্ঠুভাবে পরিচালিত হোক, তাঁরা দূষিত নেতৃত্বের কারণে দলের মধ্যে এসব আলোচনা করতে পারছেন না। দলের কিছু নেতা-কর্মীর সন্ত্রাস, দুর্নীতি ও খুনখারাবির দায় তাঁদেরও নিতে হচ্ছে। যেহেতু দলের মূল নেতৃত্ব সন্ত্রাসীদের ত্যাগ করতে চান না, তাই বড় দুই দল ও অন্যান্য দলের গণতন্ত্রমনা ব্যক্তিদের আজ সংঘবদ্ধ হতে হবে। বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে বড় কয়েকটি দলের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, যারা আমাদের গণতান্ত্রিক রাজনীতিকে সন্ত্রাসীদের কুঠারাঘাতে রক্তাক্ত করতে দিয়েছে। বিভিন্ন নির্দল পেশাজীবী ও নির্দল নাগরিক সমাজকে এই আন্দোলনের পেছনে দাঁড়াতে হবে। তারা রাজনীতি বা দল না করলেও দেশে একটা সুষ্ঠু, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আন্দোলনকে সহায়তা করা প্রত্যেকের কর্তব্য। বড় কয়েকটি দলের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে দেশের সব শান্তিপ্রিয় ও গণতন্ত্রমনা মানুষের জীবন আজ বিপন্ন। এসব সন্ত্রাসী রাজনৈতিক দলের কারণে মানুষের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন বিপর্যস্ত। বহু ছাত্রছাত্রীর লেখাপড়া, পরীক্ষা, ব্যবসায়ীর ব্যবসা, কুলি-মজুরের দৈনিক আয়, খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা বিঘ্নিত। একটা স্বাধীন দেশে কেন আমরা শুধু কয়েকটি রাজনৈতিক দলের আচরণের কারণে এই শাস্তি ভোগ করব? রাজনৈতিক দলগুলো তো সাধারণ মানুষের রুটি-রুজির ব্যবস্থা করে না। তাদের কর্মসূচি দ্বারা আমরা পরিচালিত হব কেন?এই সন্ত্রাস, নারকীয় হত্যাকাণ্ড, দুর্বৃত্তায়ন, দুর্নীতি, দলীয়করণ ইত্যাদি নানা নেতিবাচক উপসর্গ থেকে মুক্তি পেতে হলে দুই বড় দলের গণতন্ত্রমনা নেতা, কর্মী, সমর্থক, অন্যান্য গণতান্ত্রিক দল, নির্দল পেশাজীবী, নির্দল নাগরিক সমাজ, তরুণ ও ছাত্রসমাজ, নারীসমাজ সবাইকে একযোগে পথে নামতে হবে সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য। দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা রাজপথ দখল করে রেখেছে। তারা সংখ্যায় বেশি নয়। সংখ্যায় বেশি শান্তিপ্রিয় মানুষ। তফাত শুধু এটুকু, শান্তিপ্রিয় মানুষ সংঘটিত নয়। এটাই তাদের দুর্বলতা। দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের সংস্কার আনতে হবে। সারা জীবন প্রধানমন্ত্রী থাকা, দলের প্রধান থাকার একনায়কসুলভ বিধান রদ করতে হবে। দুই বড় দলের দুই নেত্রী আজ দুই দলকে নিজের ব্যক্তিগত জমিদারির মতো পরিচালনা করছেন। দলের অন্য নেতারা যেন তাঁদের প্রজা। দুই রাজনৈতিক দলের এই ‘জমিদারি সংস্কৃতি’ পরিবর্তন করতে না পারলে বড় দুই দলে অনেক কিছুরই পরিবর্তন করা যাবে না। আর পরিবর্তন সম্ভব না হলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, সন্ত্রাস ও দুর্নীতিও বন্ধ করা যাবে বলে মনে হয় না। রাজনৈতিক অঙ্গনে সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন দেখে প্রতিবছর আমরা যদি একই ভাষায় উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করি, তাহলে সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন বন্ধ করা যাবে না। সংবাদপত্রে আরও ১০০টা সম্পাদকীয় ও বুদ্ধিজীবীদের বিবৃতি প্রকাশিত হলেও পরিস্থিতির পরিবর্তন হবে না। এর উৎসমূলে আঘাত করতে হবে। রাজনীতিতে যে নেতৃত্ব সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন পালন করেন, প্রশ্রয় দেন, তাঁদের পরিবর্তন করতে হবে। দলের মধ্যে গণতন্ত্রমনা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যাঁরা দলকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করবেন, যাঁরা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দলের বক্তব্য তুলে ধরবেন। আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান নেতৃত্ব ও চলমান রাজনৈতিক সংস্কৃতি বহাল রেখে দেশে গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রচনা সম্ভব নয়। এই নেতৃত্ব সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের মাধ্যমেই তাঁদের নেতৃত্ব ও আধিপত্য বজায় রাখতে চান। তাঁরা সন্ত্রাসীদের স্বার্থে প্রশ্রয় দেন। এ ক্ষেত্রে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অসহায়। হয় নেতৃত্ব পরিবর্তন করতে হবে, অথবা এর মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, দলের অভ্যন্তরীণ দূষিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে গণতান্ত্রিক সংস্কৃতির প্রচলন ঘটাতে হবে। বড় দুই দলের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে দেশে সন্ত্রাস, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন সম্ভব নয়। বছরের বিভিন্ন সময় নানা রাজনৈতিক সন্ত্রাসী ঘটনা ঘটার পর আহাজারি করলে, বিবৃতি দিয়ে উৎকণ্ঠা প্রকাশ বা কাঁদুনে গীত গেয়ে লেখালেখি করলে পরিস্থিতির পরিবর্তন হবে না। অসুখটা কী, তা সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং তার জন্য উপযুক্ত ওষুধের ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসাকাজে অগ্রসর হতে হবে। চিকিৎসা না করে শুধু অসুখ! অসুখ! বলে চিৎকার করলে রোগী সুস্থ হবে না। মুহাম্মদ জাহাঙ্গীর: উন্নয়নকর্মী ও কলাম লেখক।