সারিয়াকান্দি উপজেলাসহ পার্শ্ববর্তী কিছু এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিতব্য ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের কাজ এগিয়ে চলেছে। সারিয়াকান্দি, চন্দনবাইশা, ধুনট, কাজীপুর হয়ে যমুনা সেতু পর্যন্ত রাস্তাটি বিগত সরকারের সময়ে নির্মিত হলেও সারিয়াকান্দি পৌরসভার গার্লস স্কুল মোড় থেকে সরকারপাড়া অংশটুকু অপ্রশস্ত হওয়ায় রাস্তার পূর্ব পার্শ্বে জমি অধিগ্রহণ করে রাস্তাটি সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাধার কারণে শহরের মাত্র এক কিলোমিটার অংশ রাস্তার কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যায়। ফলে উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এই অবস্থায় নির্মিতব্য ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের পোল পুরোনো রাস্তার কার্পেটিংয়ের ধার ঘেঁষে রাস্তার প্রায় মধ্যে বসানো হয়েছে। সেবাধর্মী প্রতিষ্ঠানের যেখানে সেবা নিশ্চিত করা প্রয়োজন, সেখানে রাস্তা ব্লক করে ফেলা হয়েছে। ওই রাস্তায় বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহনের চলাচল এবং জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য রাস্তার মাঝ দিয়ে বসানো পোলগুলো উঠিয়ে দিয়ে ১৪-১৫ ফুট পূর্ব দিকে রাস্তার সীমানা বরাবর সরিয়ে আটটি খুঁটি পুনঃস্থাপন করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. জহুরুল ইসলাম তরফদারসারিয়াকান্দি, বগুড়া।