দেখামাত্র গুলির নির্দেশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে বা রেলপথে যারা অগ্নিসংযোগ, ভাঙচুর বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, তাদের প্রতিরোধ এবং নিবৃত্ত করা পুলিশ বাহিনীর কর্তব্য। কিন্তু তা আইনের গণ্ডির মধ্যে করতে হবে। দেখামাত্র গুলির নির্দেশ একটি নিন্দনীয় হুকুম। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতোই এটি মানবাধিকারের বিরোধী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।রাজনৈতিক কর্মসূচিকেন্দ্রিক বর্তমান সহিংসতার ধরন মূলগতভাবে রাজনৈতিক। কারণ, স্বীকৃতমতেই সরকার কোনো সংঘবদ্ধ কিংবা পেশাদার অপরাধী চক্রের বিরুদ্ধে লড়ছে না। যে সমস্যার মূলে রাজনৈতিক সংকট, তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।জাতীয় মানবাধিকার কমিশন যথার্থই সরকারের কথিত এ সিদ্ধান্তকে ‘চরম বাড়াবাড়ি’ হিসেবে ইঙ্গিত করেছে। প্রচলিত আইন এভাবে নির্বিচারে নাশকতাকারীকে দেখামাত্র গুলি চালানোর এখতিয়ার দেয়নি। আত্মরক্ষা ছাড়া কথিতমতে ‘দেখামাত্র’ গুলি করার সুযোগ নেই। পুলিশ প্রবিধানের ১৫৩ বলেছে, ‘কেবলমাত্র ব্যক্তিগত আত্মরক্ষার জরুরি প্রয়োজন ব্যতীত ব্যক্তিগত গুলি চালনা নিষিদ্ধ।’ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে আইন অনুযায়ী যা যা করা দরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা-ই করবে।’ আমরা তাঁর এই ব্যাখ্যার সঙ্গে একমত। এ বক্তব্য এক দিন আগে দেওয়া তাঁর বক্তব্য থেকে ভিন্নতর। হামলাকারী ও অগ্নিসংযোগকারীদের দেখামাত্র গুলি করা হলে মানবাধিকার লঙ্ঘিত হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেছিলেন, ‘সংখ্যাগরিষ্ঠ লোকের মানবাধিকার রক্ষা করার জন্য সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে তাতে মানবাধিকার লঙ্ঘিত হবে না।’ আমরা আশা করব, স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যাবেন না, সভ্য রাষ্ট্রের কতগুলো সর্বজনীন বৈশিষ্ট্য রয়েছে। এর অন্যতম হচ্ছে একজন পেশাদার খুনিরও মানবাধিকার রয়েছে এবং রাষ্ট্রকে তা সমুন্নত রাখতে হবে।গত পাঁচ মাসে শুধু পরিবহন খাতে ৪০০ বাস-ট্রাকে আগুন, তিন হাজারটি ভাঙচুর এবং তাতে ১৪ কোটির বেশি টাকার ক্ষতি হয়েছে। সরকার এ পর্যন্ত একটি নাশকতার ঘটনায় কারও দণ্ড নিশ্চিত করতে পারেনি। পিটুনি, গুলি ও আটক করার মধ্যেই তাদের দৌড় সীমিত। ক্ষতিপূরণের বিধানসংবলিত আইনের প্রয়োগ অনুপস্থিত। গুলি চালানোর প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে, অপরাধীর বিচারে বিদ্যমান বিচার বিভাগে সরকারের ভরসা ভঙ্গুর।বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। এ ধরনের তৎপরতায় পুলিশকে উৎসাহিত করলে তার ভাবমূর্তি আরও প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে বিরোধী দলকেও মনে রাখতে হবে, তারা যে ধরনের অপতৎপরতার মধ্য দিয়ে হরতালসহ রাজনৈতিক কর্মসূচি পালন করছে, তা গর্হিত ও নিন্দনীয়। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসের বিভীষিকা ছড়াচ্ছে। তাদের অবশ্যই আইনানুগভাবে প্রতিবাদের ভাষা রপ্ত করতে হবে। গাড়িতে অগ্নিসংযোগ ও সরকারি সম্পদ বিনষ্ট করার মতো নাশকতামূলক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে, তাদের কর্মসূচি জনবিচ্ছিন্ন। সে কারণেই তারা ভয় দেখিয়ে উপর্যুপরি হরতাল পালন করতে চাইছে।