লোকাল রুটে চলাচলকারী মিনিবাস নামে পরিচিত বাসগুলোর আসন এত ছোট যে যাত্রীদের বসতে ভীষণ কষ্ট হয়। দুটি আসনের মধ্যবর্তী স্থানে জায়গা এত কম যে যাত্রীদের হাঁটু বাঁকা করে বসতে হয়। দুই আসনে দুজন যাত্রী আঁটসাঁট করে বসতে হয়, জানালার পাশের যাত্রী প্রচণ্ড চাপে এবং করিডরের যাত্রীর শরীরের অর্ধেক অংশ আসনের বাইরে থাকে, যা বিরক্তিকর। ইঞ্জিন কভারে নামমাত্র গদি লাগিয়ে তা আসন হিসেবে চালিয়ে দেওয়া হয়। এমন দুর্ভোগের বিষয়গুলোর কথা মালিক এবং নির্মাতাপ্রতিষ্ঠানগুলো কখনোই চিন্তা করে না। ফলে যাত্রীদের কষ্টের শিকার হতে হয়। এই সমস্যাগুলো কে বা কারা দেখার দায়িত্বে আছেন, জানা নেই। যদি না থাকে তবে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সার্টিফিকেট দেওয়ার আগে অবশ্যই যাত্রী অধিকার সংহত হয়েছে কি না, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পর যেন সার্টিফিকেট দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আরিফা সরকার সহকারী শিক্ষিকা, সোনামণি কেজি স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী।