দেবে আর নেবে নীতিতে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ এপ্রিল ২০১৩ ঢাকায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় কর্ম কমিটির বৈঠকের সিদ্ধান্ত থেকে বাংলাদেশ, ভারত ও ভুটান পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ খাতে ব্যাপকভিত্তিক ত্রিপক্ষীয় সহযোগিতার রূপরেখা তৈরিতে সম্মত হয়েছে বলে প্রথম আলো খবর দিয়েছে। ১৫ এপ্রিল ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু জানায়, ভারতের বিদ্যুৎ, পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে গঙ্গা বেসিনের নদীগুলোর পানিসম্পদ ও জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই এবং তা ব্যবহারে নেপাল, ভারত ও বাংলাদেশ সহযোগিতায় সম্মত হয়েছে। ভারত প্রতিবেশী নেপাল ও বাংলাদেশের সঙ্গে গঙ্গা বেসিনের পানিসম্পদ ও জলবিদ্যুৎ নিয়ে সহযোগিতার কর্মতৎপরতা সমন্বয়ের লক্ষ্যে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনেও সম্মত হয়েছে। দীর্ঘদিন ধরে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা আলোচনা হয়ে আসছে। বাংলাদেশের আগ্রহ সত্ত্বেও ভারত ত্রিপক্ষীয় সহযোগিতা, বিশেষত গঙ্গা ও ব্রহ্মপুত্র বেসিনের পানিসম্পদ ব্যবস্থাপনা, নেপাল ও ভুটানে নদীর পানি থেকে জলবিদ্যুৎ উৎপাদন এবং বাংলাদেশকে সে প্রক্রিয়ায় অংশীদার করার ব্যাপারে সামান্যই উৎসাহ দেখিয়ে আসছিল। সাম্প্রতিক ঘটনাবলি ইঙ্গিত দিচ্ছে, ভারত ইতিবাচকভাবে তার অবস্থান পরিবর্তন করে বাংলাদেশকে গঙ্গা ও ব্রহ্মপুত্র বেসিনের পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ উৎপাদন এবং তার অংশীদার হওয়ার প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে আগ্রহ দেখিয়েছে। এখনো সুনির্দিষ্ট প্রকল্প পর্যায়ে সহযোগিতার ধরন, অংশীদারত্বের রূপরেখা প্রণয়ন এবং তার বাস্তবায়নের অভিজ্ঞতা ত্রিদেশীয় সম্পর্কের সম্মুখযাত্রায় কী দাঁড়াবে, তা স্পষ্ট করে বলার সময় হয়নি। তা ছাড়া জলবিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো নির্মাণ বেশ সময়সাপেক্ষ বিষয়। যাত্রা শুরু না করলে পরিণতি বোঝা সম্ভব হবে না। আমরা আশাবাদ নিয়ে সামনে দৃষ্টি ফেরাতে চাই।নেপাল-ভারত-বাংলাদেশ ও বাংলাদেশ-ভারত-ভুটান সম্মিলিতভাবে গঙ্গা ও ব্রহ্মপুত্র বেসিনের পানিসম্পদ পরস্পরের বর্ধিত আস্থা ও সহযোগিতার মধ্য দিয়ে ব্যবহার ও ব্যবস্থাপনা করতে পারলে এ অঞ্চলের ভূরাজনৈতিক আবহে ও আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সেই সঙ্গে পানিসম্পদ ও জলবিদ্যুৎ সম্ভাবনার নতুন নতুন ব্যবহারের সুযোগ তৈরি হবে। গঙ্গা ও ব্রহ্মপুত্র বেসিন নিয়ে বর্ধিত সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সেচসহ কৃষিতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ কাজে লাগানো যাবে। ভারত ও বাংলাদেশ উভয়ের দ্রুত বেড়ে চলা জ্বালানি ও বিদ্যুতের চাহিদা পূরণের অন্যতম জোগান আসতে পারে নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে দেশগুলোর মধ্যে লাভজনক ‘বিদ্যুৎ-বাণিজ্যের’ মাধ্যমে। নেপাল ও ভুটান উভয়ের অনাহরিত ব্যাপক সম্ভাবনার জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। কিন্তু আঞ্চলিক বাজারে বিদ্যুৎ সঞ্চালন ও প্রয়োজনীয় বিনিয়োগ-সীমাবদ্ধতায় সেই সম্ভাবনার সামান্যই কাজে লাগানো সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে সার্ক আঞ্চলিক সহযোগিতা সংস্থার বৈঠকগুলোয় আঞ্চলিক বিদ্যুৎ-বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে। ২০০৫ সালে সার্ক অঞ্চলে জ্বালানি সম্পদের উন্নয়ন এবং জ্বালানি-বাণিজ্য (এনার্জি ট্রেড) এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘সার্ক এনার্জি সেন্টার’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ২০০৯ সালে কলম্বোতে সার্কের জ্বালানিমন্ত্রীদের বৈঠকে ‘সার্ক এনার্জি রিং’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ২০১১ সালে মালেতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুতের অভিন্ন বাজার গড়ে তোলা ও আঞ্চলিক বিদ্যুৎ-বিনিময়ের লক্ষ্যে সমীক্ষার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে ভারত-বাংলাদেশ বিদ্যুৎ-বিনিময়ের ১২৪ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন (ভেড়ামারা-বহরমপুর) নির্মাণ প্রায় সম্পন্ন হওয়ার পথে এবং বাংলাদেশ আগামী কয়েক মাসের মধ্যে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে। ভবিষ্যতে একই সঞ্চালন লাইনে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ আমদানির কথাবার্তা চলছে। নেপাল-ভারত ও ভুটান-ভারত বাণিজ্যের অন্যতম উপাদান বিদ্যুৎ-বাণিজ্য এবং ভারত তার হিমালয়ের প্রতিবেশীদের কাছ থেকে নিয়মিত বিদ্যুৎ কিনছে। গবেষণায় স্পষ্ট, বাংলাদেশ ও ভারতের সীমান্ত অঞ্চলে ২২০-২৩০/১৩২ কেভি ক্ষমতার অনেক বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে, যেগুলো স্বল্প বিনিয়োগ এবং দ্রুত পরস্পর সংযুক্ত করে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের বহুমুখী উদ্যোগ নেওয়া সম্ভব; বিশেষত ভারতের আগরতলা, রোখিয়া ও ফারাক্কার সঙ্গে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীর বৈদ্যুতিক সঞ্চালন ও বিতরণব্যবস্থা দ্রুত সংযুক্ত হতে পারে। নেপাল-ভারত ও বাংলাদেশ-ভুটান আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হলে এবং এলাকার নির্মাণাধীন ও ভবিষ্যতে নির্মিত হবে—এমন বিদ্যুৎকেন্দ্রের লাভজনক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। এ প্রসঙ্গে ভারতের সিকিমে পরিকল্পিত দুই হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ পারস্পরিক লাভজনক শর্তে ৫০০ থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিতে পারে। এখন অবধি সিকিমের চাহিদা প্রায় ১০০ মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ। একইভাবে ত্রিপুরার অব্যবহূত গ্যাস ভারত-বাংলাদেশ সহযোগিতার অধীনে সীমান্তের কাছাকাছি অবস্থিত বাংলাদেশের গ্যাস পাইপলাইনে সঞ্চালন ও পরিবহনের ব্যবস্থা সম্ভব। এ জন্য আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড নির্মাণ এবং দেশগুলোর মধ্যে বিদ্যুৎ-বাণিজ্য চুক্তি প্রয়োজন।আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ-বাণিজ্য এবং প্রতিবেশীদের মধ্যে বিদ্যুৎ কেনাবেচার উদাহরণ পৃথিবীতে অসংখ্য। ইন্দোনেশিয়া পাইপলাইনে গ্যাস সরবরাহ করছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে; লাওস তার উৎপাদিত বিদ্যুৎ থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় রপ্তানি কবছে; আবার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে বিদ্যুৎ আমদানি করছে কম্বোডিয়া। ‘আসিয়ান’ভুক্ত দেশগুলো সিঙ্গাপুরে অপরিশোধিত জ্বালানি তেল পাঠাচ্ছে এবং সেখান থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে।মিয়ানমারের সমুদ্র উপকূল থেকে চীন পর্যন্ত তেল ও গ্যাস সরবরাহ পাইপলাইনের নির্মাণকাজ আগামী মে মাসে শেষ হওয়ার কথা। এ পাইপলাইন দিয়ে মিয়ানমার বছরে ২২ মিলিয়ন টন তেল ও ১২ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে রপ্তানি করতে পারবে। মিয়ানমারের নিজের গ্যাস রপ্তানি ছাড়াও মধ্যপ্রাচ্য থেকে চীনের আমদানি করা তেলও এ পাইপলাইন দিয়ে মিয়ানমার থেকে চীনে পৌঁছাবে।বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে, কিন্তু সীমিত স্থানীয় উৎস থেকে তার জোগান দেওয়া কঠিন। অপরদিকে, আমাদের প্রতিবেশীদের কাছে উদ্বৃত্ত জ্বালানি ও বিদ্যুতের উৎস রয়েছে। যৌক্তিক কারণেই আমরা পরস্পরের জন্য লাভজনক শর্তে এ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি। এ জন্য সদিচ্ছা ও প্রায়োগিক বিবেচনা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস প্রয়োজন। সেটিই এখন সময়ের দাবি।ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।