দেবোত্তর সম্পত্তির পুকুর ভরাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বী লোকজন পুণ্য অর্জনের লক্ষ্যে মন্দিরের দেবতার উদ্দেশে সম্পত্তি উৎসর্গ করলে তাকে বলে দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর একটি অর্পণ বা চিরস্থায়ী দান। এ কারণে দেবোত্তর সম্পত্তি বেচাকেনার কোনো সুযোগ নেই। মন্দিরের সেবায়েত বা পুরোহিত যখন যিনি থাকেন, তিনি ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করেন। এ ধরনের সম্পত্তি প্লট আকারে বিক্রি বা স্থাপনা নির্মাণ একেবারেই অবৈধ। প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিবেচনাতেও এ ধরনের পুকুরের অস্তিত্ব টিকিয়ে রাখা জরুরি। কিন্তু ওই দুই ওয়ার্ড কাউন্সিলর এর কোনো কিছুরই ধার ধারেন বলে মনে হয় না। তাঁরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পুকুর ভরাটের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

এই পুকুর ভরাটের প্রতিবাদে ও খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসী ইতিমধ্যে মানববন্ধন করেছেন। তাঁরা জেলা প্রশাসককে এ ব্যাপারে একটি স্মারকলিপিও দিয়েছেন। এখন জেলা প্রশাসকের উচিত এলাকাবাসীর দাবিকে আমলে নিয়ে পুকুর ভরাট বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষেরও কিছু করার আছে। কারণ, দুজন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধেই এই পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। সিটি করপোরেশনের উচিত এ অভিযোগের ব্যাপারে তদন্ত করা এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।