যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগে তরুণদের গড়ে তোলা আন্দোলন আজ ১১ দিনে পড়েছে। গতকাল ছিল এই স্বপ্ন-জাগানিয়া সর্বব্যাপী আন্দোলনের দশম দিন। এই ১০ দিন বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এক অভাবিত গণজাগরণ: দল নয়, নেতা নয়—সাধারণ মানুষই এর স্রষ্টা এবং তাদের সম্মিলিত শক্তি যে কত অপরিসীম, এ আন্দোলন তারই প্রমাণ। ১৯১৭ সালের সোভিয়েত বিপ্লবের পটভূমিতে জন রিড দুনিয়া কাঁপানো ১০ দিন লিখে আলোড়ন সৃষ্টি করেছিলেন, বাংলাদেশের অমিত সম্ভাবনার তরুণেরাও ইতিমধ্যে দেশ কাঁপানো ১০টি দিন রচনা করেছেন, যার তুলনা আমাদের ইতিহাসে বিরল। তরুণদের এই আন্দোলন ষাটের দশকের প্যারিসে সংঘটিত ছাত্র আন্দোলন, হালের নিউইয়র্কের অকুপাই ওয়াল স্ট্রিট কিংবা ভারতের আন্না হাজারের আন্দোলন থেকেও ব্যাপকতর ও বহুমাত্রিক। এর অনন্য বৈশিষ্ট্য হলো এর স্বতঃস্ফূর্ততা ও প্রাণময়তা। ব্যস্ততম শহরের এই কেন্দ্রস্থলে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ—সবাই সমবেত হয়েছেন একটি দাবি জানাতে—যুদ্ধাপরাধীদের বিচার চাই। সর্বোচ্চ শাস্তি চাই।এই আন্দোলন গোটা দেশের মানুষকে সাহস জুগিয়েছে, স্বপ্ন দেখিয়েছে এবং বাড়িয়েছে প্রত্যয়। প্রথাগত আন্দোলন থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের এই আন্দোলন প্রতিদিনই নতুন নতুন মাত্রা যোগ করেছে জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে। বিশেষ করে আন্দোলনের অষ্টম দিনে বিকেল চারটা থেকে তিন মিনিট নীরবতা পালন কর্মসূচি জনচিত্তে অনন্য আলোড়ন ও উদ্দীপনা জাগিয়েছে। তিন মিনিটের জন্য গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। ঘরে-বাইরে, সড়কে-অফিসে যে যেখানেই থাকুন না কেন, যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। ন্যায়বিচার ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে এই নীরব প্রতিবাদ গোটা জাতির চৈতন্যে নাড়া দিয়েছে বলে আমাদের বিশ্বাস।এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচারের দাবিটিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, সবাইকে এই আন্দোলনে যুক্ত করা। সেই লক্ষ্য অনেকাংশেই পূরণ হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের দাবি এখন আর দলীয় রাজনৈতিক বৃত্তে বন্দী নেই। এটি পরিণত হয়েছে জাতীয় দাবিতে। অন্যদিকে আপিলের ক্ষেত্রে যে আইনি দুর্বলতা ছিল, সরকার তা সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমরা আশা করব, বিলটি অবিলম্বে জাতীয় সংসদের অনুমোদন পাবে এবং আইনে পরিণত হবে। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার বা যেকোনো সংক্ষুব্ধ নাগরিক আপিল করতে পারবেন। বিষয়টিকে আন্দোলনকারীদের প্রাথমিক বিজয় হিসেবে গণ্য করা যেতে পারে।যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েও যে কথাটি বলা প্রয়োজন তা হলো, অভিযুক্ত ব্যক্তির শাস্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ ক্ষেত্রে প্রসিকিউশনের কোনো দুর্বলতা থাকলে তা দ্রুত কাটিয়ে উঠতে হবে। আর যাঁরা এই আন্দোলনের বিরোধিতা করছেন বা এ বিষয়ে নীরব থাকছেন, তাঁদের মনে রাখতে হবে, তারুণ্যের অমিত শক্তি ও গণজাগরণের বিপরীতে দাঁড়িয়ে অতীতে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশ কাঁপানো ১০ দিনের প্রতিধ্বনি শুনুন।