দেশকে ভালোবাসা ইমানি দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি তথা দেশ-জাতির প্রতি ভালোবাসা ধর্মপ্রাণ মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। মানুষ মাত্রই তার পরিবার-পরিজন, তার দেশকে জন্মগতভাবেই ভালোবাসে। মা, মাতৃভাষা ও মাতৃভূমি—এ তিনটি জিনিস মানুষের কাছে মহামূল্যবান। জীবন-জীবিকার প্রয়োজনে বিদেশে বসবাস করলেও মানুষ জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলতে পারে না। এসবের প্রভাব প্রতিটি মানুষের দেহ, মন ও প্রাণে বিদ্যমান থাকে। মাতৃভূমি ও জন্মস্থানের প্রতি মানুষের এ দুর্নিবার আকর্ষণ বা ভালোবাসা, ভালো লাগা, গভীর অনুভূতি ও মমত্ববোধকে বলে দেশপ্রেম। ইসলামের দৃষ্টিতে দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে স্বদেশপ্রেম অত্যাবশ্যক। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মহানবী (সা.) জনগণের উদ্দেশে বলেছেন, ‘প্রত্যেক মানুষের উচিত দেশকে ভালোবাসা। যে লোক দেশকে ভালোবাসে না সে প্রকৃত ইমানদার নয়।’স্বদেশের প্রতি ভালোবাসা মানব চরিত্রের একটি মহৎ গুণ। দেশের প্রতি যার ভালোবাসা নেই, দেশের মানুষের প্রতি যার মায়া-মমতা নেই, সে দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে না, দেশের জন্য কোনো কিছু ত্যাগ করতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে না পারলে মান-সম্মান, স্বাধিকার ও ইমান-আমল রক্ষা করা যায় না। দেশ ও জাতির প্রতি ভালোবাসা ইমান ও আদর্শভিত্তিকই হতে হবে। ইমানপ্রেমের মতো দেশপ্রেমও মুমিনের অস্তিত্বের অংশ। এ জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বদেশপ্রেমের কথা বলা হয়েছে। ইসলামে স্বদেশের প্রতি ভালোবাসার জোরালো দিকনির্দেশনা রয়েছে। তাই আরবি প্রবাদে বলা হয়, ‘হুব্বুল ওয়াতানি মিনাল ইমান’ অর্থাৎ ‘স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।’ ইসলামে দেশপ্রেম ও দেশাত্মবোধকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান জীবনাদর্শে ও স্বভাবচরিত্রে দেশপ্রেমের অনন্য নজির উজ্জ্বল হয়ে রয়েছে। তিনি স্বদেশকে খুব ভালোবাসতেন, মক্কার কাফেরদের নির্মম নির্যাতনে যখন স্বজাতি কর্তৃক বিতাড়িত অবস্থায় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করছিলেন, তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে আফসোস করে বলেছিলেন, ‘হে আমার স্বদেশ! তুমি কতই না সুন্দর! আমি তোমাকে কতই না ভালোবাসি। আমার আপন গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।’ অতঃপর ৬৩০ খ্রিষ্টাব্দে বিনা রক্তপাতে মক্কা বিজয়ীর বেশে নবী করিম (সা.) যখন জন্মভূমিতে প্রবেশ করলেন, তখন মুসলমানদের ওপর স্বজাতি কর্তৃক যে ভীষণ অন্যায় ও অত্যাচার করা হয়েছিল, তা বিস্মৃত হলেন এবং দেশবাসীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে বিশ্বের ইতিহাসে অতুলনীয় দেশপ্রেম, উদারতা ও মহানুভবতার আদর্শ স্থাপন করেন।দেশপ্রেম একধরনের পরিশুদ্ধ ভাবাবেগ—যা মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্ব সচেতন করে তোলে। দেশের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে এবং জনগণের সেবায় উৎসাহী করে তোলে। দেশের সীমান্তরক্ষী অতন্দ্র প্রহরীদের সম্পর্কে হাদিস শরিফে বলা হয়েছে, ‘আল্লাহর পথে এক দিনের সীমান্ত প্রহরা দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তা থেকে উত্তম।’ অন্য এক বর্ণনায় আছে, ‘এক দিন ও এক রাতের সীমান্ত পাহারা ক্রমাগত এক মাসের সিয়াম সাধনা ও সারা রাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম।’ (মুসলিম) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এক দিন ও এক রাত সীমান্ত প্রহরায় থাকবে, সে বাড়িতে বসে এক মাস সিয়াম সাধনার সমান সওয়াব পাবে। যে ব্যক্তি সীমান্ত প্রহরায় থাকাকালে ইন্তেকাল করবে (কিয়ামত পর্যন্ত) তার জন্য সওয়াব জারি করে দেওয়া হবে। শহীদদের মতো সে রিজিক পেতে থাকবে। সে কবরের সব ফিতনা থেকে নিরাপদ থাকবে।’ (তাফসিরে মাজহারি)দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং দেশের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে, তাদের প্রতি আল্লাহ ও তাঁর রাসুলের কাছ থেকে বিশেষ পুরস্কারের আশ্বাস বাণী এবং প্রতিশ্রুতি রয়েছে। দেশপ্রেম জাহান্নাম থেকে মুক্তির উপায়। রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, ‘দুটো চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে আর একটি চোখ যা সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী যাপন করে।’ (তিরমিজি) দেশের জাতীয় সম্পদ, নিরাপত্তা রক্ষা ও সীমান্ত প্রহরায় জীবনদানকারীরা জান্নাতি এই মর্মে হাদিস শরিফে বর্ণিত আছে, ‘যারা স্বদেশ রক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী যাপন করে তাদের জন্য জান্নাত।’ দেশাত্মবোধ ও স্বদেশের প্রতি মমতা অনেক অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেম জাগ্রত করতে হবে। স্বদেশের প্রতি অনুগত থেকে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশকে ভালোবাসা সবার ইমানি দায়িত্ব ও পবিত্র কর্তব্য। সর্বোপরি দেশের জনগণের যার যার ধর্মের প্রতি নিষ্ঠা, ইসলামি বিধিনিষেধের যথার্থ অনুশীলন আমাদের প্রকৃত ইমানদার মানুষে পরিণত করতে পারে এবং সমাজ-জীবনে বয়ে আনতে পারে শান্তি-সুখের সুশীতল সমীরণ। বিত্তশালী ধর্মপ্রাণ লোকেরা চেষ্টা করলে দেশের অসহায় মানুষের জন্য অনেক কল্যাণকর কিছু করতে পারেন। মনের বিশুদ্ধতা ও প্রসারতায় যাঁরা দেশপ্রেম, সৎকর্ম, সত্যনিষ্ঠা ও সুশাসনের মাধ্যমে পৃথিবীতে অবদান রাখবেন, তাঁদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ‘নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস, যেখানে তারা চিরস্থায়ী হবে; তা হতে স্থানান্তর কামনা করবে না।’ (সূরা আল-কাহ্ফ, আয়াত: ১০৭-১০৮)ইসলামের আলোকে দেশপ্রেম ও দেশাত্মবোধ মানুষকে স্বদেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষণে দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। স্বদেশকে হেফাজত না করতে পারলে ধর্মকে হেফাজত করা যায় না, দেশের মানুষকে রক্ষা করা যায় না, তাদের স্বার্থ সংরক্ষণ করা যায় না। দেশপ্রেম ধর্মভীরু মানুষকে স্বদেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের মানুষের নিরাপত্তা, জাতীয় সম্পদ রক্ষা ও অপচয় রোধে উদ্বুদ্ধ করে। আর দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ ব্যতীত কোনো দেশের স্বাধীনতা স্থায়িত্ব লাভ করতে পারে না। তাই দেশের স্বার্থবিরোধী দুর্নীতিবাজদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো উচিত। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]