দেশজুড়ে সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির ও ধর্মভিত্তিক কয়েকটি দলের কর্মীরা গত শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন, তার মর্মান্তিক ফল চারজন মানুষের মৃত্যু। পরদিন শনিবার মৃত্যু ঘটেছে আরও দুজনের। শুক্রবার আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে শুধু ওই সব সংগঠনের কর্মীরাই নন, সাধারণ পথচারী, সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন। এদিকে কয়েকটি ধর্মভিত্তিক দল আজ রোববার সারা দেশে হরতাল ডেকেছে। প্রাণ ও সম্পদের হানি ঘটে এবং জনজীবনের স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়, এমন সহিংসতাপূর্ণ আচরণ ও কর্মসূচি অবশ্যই পরিত্যাজ্য।কয়েকজন ব্লগার ইন্টারনেটে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর উক্তি লিখেছেন—এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ জানাতে এবং ওই ব্লগারদের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে জামায়াত-শিবিরসহ কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে পড়েন। তাঁদের বিক্ষোভের প্রকাশ শান্তিপূর্ণ ছিল না; ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় তাঁদের সহিংস কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। ঢাকার বাইরে রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট ও চাঁদপুরে ধর্মভিত্তিক দলগুলোর বিক্ষুব্ধ কর্মীরা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গঠিত তরুণ সমাজের নির্দলীয় গণজাগরণ মঞ্চগুলো ভাঙচুর করেন। চূড়ান্ত পর্যায়ে কয়েকটি স্থানে তাঁরা জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছেন, হামলা চালিয়েছেন শহীদ মিনারে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তাঁরা নির্বিচারে আক্রমণ চালিয়েছেন সংবাদকর্মীদের ওপর। তাঁদের হামলায় এবং পুলিশের রাবার বুলেটের আঘাতে মোট ১৭ জন সংবাদকর্মী আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুতর। ধর্মভিত্তিক দলগুলোর কর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবেও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। সংবাদকর্মীদের ওপর শারীরিক আক্রমণ এবং তাঁদের সংগঠনের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনাগুলো বিশেষভাবে নিন্দনীয়। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া জরুরি। ধর্মের অবমাননা, ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া যারপরনাই নিন্দনীয় কাজ। কিন্তু আমরা দেখলাম, এর প্রতিবাদ করতে গিয়ে কার্যত ধর্মকেই অবমাননা করা হলো। মসজিদের মতো একটি পবিত্র ধর্মীয় স্থানকে ব্যবহার করে যে সহিংসতা চালানো হলো, তা অগ্রহণযোগ্য। তা ছাড়া শহীদ মিনারে হামলা চালানো এবং জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধের অবস্থানই প্রকাশ পেয়েছে। ধর্ম অবমাননার প্রতিবাদ জানাতে গিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অবস্থান নিতে হবে কেন? গণজাগরণ মঞ্চগুলোর প্রতিই বা তাঁদের এত আক্রোশ কেন? যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে তোলা মঞ্চ দল ও ধর্মীয় বিশ্বাস-নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষের সমাবেশ। তাঁদের আন্দোলনের সঙ্গে ধর্ম অবমাননারও কোনো সম্পর্ক নেই, এ কথা তাঁরাও জোরের সঙ্গে জানিয়ে আসছেন। এই মঞ্চ গোড়া থেকেই শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। ঢাকার শাহবাগ বা দেশের অন্য কোনো স্থানের গণজাগরণ মঞ্চ থেকে এ পর্যন্ত কোথাও কোনো আক্রমণ চালানো হয়নি। বিচ্ছিন্নভাবে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে, তার সঙ্গেও গণজাগরণ মঞ্চের কোনো সম্পর্ক নেই। আমরা সেসব হামলারও নিন্দা জানাই। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অহিংস আন্দোলনের নীতি অব্যাহতভাবে অনুসরণের অনুরোধ জানাই। ধর্মপ্রাণ মানুষের আবেগকে উসকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এ দেশে নতুন নয়। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। সহিংসতা ধর্মের বা জাতির কোনো কল্যাণ করে না। আমরা ধর্মভিত্তিক দলগুলোকে সহিংস পথ পরিহারের আহ্বান জানাচ্ছি।