যখন দেশের ভেতরে জঙ্গিদের নানামুখী অপতৎপরতা চলছে, তখন সিঙ্গাপুরের আদালতে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার চার প্রবাসী বাংলাদেশি তরুণের দোষী সাব্যস্ত হওয়া আমাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
গত মাসে সিঙ্গাপুরের টেররিজম (সাপ্রেসিং অব ফিন্যান্সিং) অ্যাক্টের অধীনে যে ছয় বাংলাদেশিকে আটক করা হয়, তাঁদের মধ্যে দুজন অভিযোগ অস্বীকার করলেও চারজন দোষ স্বীকার করেছেন। আদালত তাঁদের দোষী সাব্যস্ত করলেও শাস্তি নির্ধারণ করেননি। ২১ জুন পরবর্তী শুনানির দিন তা নির্ধারিত হতে পারে।
আদালতের নথিপত্র অনুযায়ী, এঁরা বাংলাদেশে ফিরে ‘অবিশ্বাসীদের’ বিরুদ্ধে সশস্ত্র জিহাদ তথা প্রচার অভিযান, খাবার, আগ্নেয়াস্ত্র ও ছুরি কেনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন। দেশের ভেতরেও একশ্রেণির জঙ্গি প্রায় একই ধরনের তৎপরতা চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে।
সিঙ্গাপুরে আমাদের লক্ষাধিক কর্মী আছেন, যাঁদের প্রায় সবাই সুনামের সঙ্গে কাজ করছেন। অনেকে সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে দেশের মুখও উজ্জ্বল করছেন। তা সত্ত্বেও কিছু তরুণের বিপথগামী হওয়াকে হালকা করে দেখার সুযোগ নেই। আদালতে দোষী সাব্যস্ত তরুণদের সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গিগোষ্ঠী কিংবা দেশে সক্রিয় জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কি না, সেটা খুঁজে বের করাই সরকারের প্রধান কর্তব্য বলে মনে করি। এ ব্যাপারে সিঙ্গাপুর সরকার, সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিঙ্গাপুরসহ যেসব দেশে বাংলাদেশি শ্রমিক আছে, সরকারের পক্ষ থেকে সেসব দেশকে এই বার্তাই দিতে হবে যে বাংলাদেশ প্রকৃতই জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি দূতাবাসগুলোর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জঙ্গি তৎপরতার বিপদ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বোঝাতে হবে, যাতে নতুন করে কেউ বিপথগামী না হন।
তথ্য–প্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানোর অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা।