গত কয়েক দিনে রাজধানীর মার্কেটে ও গণপরিবহনে নারীদের নিগ্রহ করার যেসব ঘটনা ঘটেছে, তাতে এটাই আবার প্রমাণিত হলো যে এ দেশের নারীদের কোথাও কোনো নিরাপত্তা নেই। তাঁরা যেকোনো সময় যেকোনো স্থানে আক্রান্ত হতে পারেন। এ পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইডেন কলেজের এক শিক্ষার্থী গত শুক্রবার মা, খালা ও বান্ধবীদের নিয়ে চাঁদনিচক মার্কেটে কেনাকাটা করতে যান। সেখানে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা নিয়ে দোকানের কর্মচারীদের সঙ্গে নারীদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় দোকানের কর্মচারীরা তাঁদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে থাকেন। এর প্রতিবাদ জানালে ওই কর্মচারীরাসহ আরও বেশ কয়েকজন মিলে ওই নারীদের গায়ে হাত দিয়ে যৌন হেনস্তা করেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বোনের সঙ্গে বাসে ওঠার কিছুক্ষণ পর বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। ওই দুই বোন নামতে চাইলে বাসের হেলপার তাঁদের নামতে বাধা দেন। পরে তাঁরা জোর করে বাস থেকে নেমে পড়েন। এর সপ্তাহখানেক আগে এক কলেজছাত্রী একটি ফাঁকা বাসে উঠলে তাঁকে নিয়ে চালক, হেলপার ও অন্য পুরুষ যাত্রীরা রসিকতা শুরু করেন। তিনি নামতে চাইলেও তাঁকে নামতে দেওয়া হয় না। পরে কলেজছাত্রীটি হেলপারকে ধাক্কা মেরে বাস থেকে নেমে পড়েন।
এই তিন নারীর ভাগ্য বিশেষ রকমভাবে ভালো বলতে হবে। কারণ, তাঁরা ধর্ষণের শিকার হতে গিয়েও হননি। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই নির্দেশ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এ ধরনের ঘটনা ঘটতে পারত না। তার ওপর রয়েছে বিচারহীনতার সংস্কৃতি। সবাই এখন জেনে গেছে, অপরাধ করলে কোনো অসুবিধা নেই। যদিও উপরোল্লিখিত যৌন নিগ্রহের ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে, কিন্তু তাঁরা এ জন্য কোনো সাজা পাবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ রকম তো চলতে পারে না। দেশে নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যৌন নির্যাতন প্রতিরোধে এখনো কোনো আইন হয়নি। এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ করতে হবে।
ইদানীং গণপরিবহনে নারীদের যৌন হয়রানির বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে এ ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। গণপরিবহনে কোনো নারী যৌন হয়রানির শিকার হলে যাতে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। সব গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে।