দেশে ফেরা যাত্রীদের জন্য নাশতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

স্থলসীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফেরার পর যশোরের বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের হয়রানির শিকার হওয়া একটি সর্বজনবিদিত ও অযুতবিশ্রুত বিষয়। ভ্রমণ শেষ করে দেশে ফেরার সময় অনেকের হাতে নগদ টাকাপয়সা থাকে না। আসার আগে সঙ্গে থাকা অর্থ শেষ হয়ে যায়। এ অবস্থায় অনেক সময় ইমিগ্রেশনে দীর্ঘ সময় পার করতে হয়। বিশেষ করে যাঁরা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর ফেরেন, তাঁদের অনেকেই ভোগান্তির মুখে পড়েন। ভারত থেকে এখন যাঁরা ফিরছেন, তাঁদের করোনাভাইরাসের কারণে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। স্থানীয় কোনো হোটেল বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় তাঁদের রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা বাংলাদেশিদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

এই সংকটের মধ্যে যশোর জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে মহৎ। গত সোমবার থেকে তারা ইমিগ্রেশনে বিনা মূল্যে ফল, পানি ও শুকনা খাবার সরবরাহ করছে। ইমিগ্রেশনের ভেতরে যাত্রীদের চলাচলের রাস্তার পাশে আপেল, কলা, কেক, চকলেট, বিস্কুট ঝুড়িতে করে সারি সারি সাজিয়ে রাখা হচ্ছে। বিশুদ্ধ পানির বোতলও থাকছে। পাশে প্ল্যাকার্ডে লেখা আছে, ‘অপেক্ষারত যাত্রীগণ, আপনার প্রয়োজন অনুসারে টেবিল থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করুন। আয়োজনে—জেলা প্রশাসন, যশোর।’ প্রয়োজনমতো যাত্রীরা সেখান থেকে খাবার তুলে নিতে পারছেন। এর জন্য কোনো টাকাপয়সা দিতে হচ্ছে না।

আর্থিক মূল্য বিবেচনায় এটি হয়তো বড় কোনো ঘটনা নয়। কিন্তু ভ্রমণক্লান্ত যাত্রীদের মনে এই সহযোগিতা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। দেশে ফেরার পথে মানুষ ক্লান্ত-পরিশ্রান্ত থাকে। এই উদ্যোগ তাঁদের শারীরিক ও মানসিক প্রশান্তি দেবে। জেলা প্রশাসন এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

বেনাপোল দিয়ে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের বেনাপোল ও যশোর শহরের আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যাঁরা আর্থিকভাবে সমর্থ, তাঁদের হোটেলভাড়া দিতে হচ্ছে। তবে যাঁদের সেই সামর্থ্য নেই, তাঁদের জেলা প্রশাসনের সহযোগিতায় কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা রাখা হচ্ছে। এই সহযোগিতাও সরকারি পরিষেবায় আশাবহ পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বিনা মূল্যে খাবার এবং পানি সরবরাহের উদ্যোগটি ইমিগ্রেশনে যাত্রী হয়রানিজনিত দীর্ঘদিনের বদনাম লাঘবে বড় ধরনের ভূমিকা রাখবে। বরাবরের জন্য এই সুবিধা চালু রাখার পাশাপাশি সব ধরনের হয়রানি বন্ধে জেলা প্রশাসন ভূমিকা রাখলে সেই বদনাম হয়তো অচিরেই ঘুচে যাবে।