দেশেই টিকা উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলম্বে হলেও চীনের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে টিকা উৎপাদনের চুক্তি হয়েছে। গত সোমবার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন এবং ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেছে সরকার।

এ চুক্তি এমন সময়ে সই হলো, যখন দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ উদ্বেগজনক অবস্থায় আছে। গত কয়েক দিনে করোনায় মৃত্যুর সংখ্যা গড়ে দুই শর কাছাকাছি। এর আগে মৃত্যুর সংখ্যা দুই শ এবং সংক্রমণের হার ৩০ শতাংশের ওপরে ছিল। তাই বর্তমান হারকেও স্বস্তিদায়ক বলা যায় না কোনোভাবে। এ অবস্থায় টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তিকে আমরা স্বাগত জানাই। চুক্তি অনুযায়ী চীন থেকে ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল ও উপকরণ বা বাল্ক নিয়ে আসা হবে, যেটি ‘সেমি-ফিনিশড’ অবস্থায় থাকবে। এরপর দেশে বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করবে ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস।

ইনসেপ্‌টা আশা করছে, তিন মাসের মধ্যে তারা উৎপাদনে যেতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশের অন্তত ১৩ কোটি লোককে টিকা দিতে হলে আমাদের ২৬ কোটি টিকা প্রয়োজন হবে। কিন্তু এত পরিমাণ টিকা দেশে নিয়ে আসতে অনেক সময় প্রয়োজন। ফলে দেশেই এখন যৌথ উৎপাদনের এ উদ্যোগের ফলে সবার জন্য টিকার ব্যবস্থা করা সহজ হবে।’

এর আগে রাশিয়ার সঙ্গেও যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হলেও সেটি এখন পর্যন্ত কার্যকর হয়নি। প্রাথমিকভাবে ছয় কোটি ডোজ টিকা উৎপাদনের চুক্তি হয়েছে। কিন্তু মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, টিকার প্রয়োজন হবে ২৬ কোটি। ভারত, চীন ও কোভ্যাক্স সূত্রে বাংলাদেশ এ পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ডোজ টিকা পেয়েছে; যা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রয়োজনীয় টিকা না পাওয়ায় সরকারকে চলতি মাসের শুরুতে সপ্তাহব্যাপী গণটিকা কর্মসূচি নিয়েও এক দিনে শেষ করতে হয়েছে।

করোনা মোকাবিলার তিনটি উপাদান হলো বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়া। দফায় দফায় বিধিনিষেধ জারি করেও সরকার সফল করতে পারেনি। স্বাস্থ্যবিধিও মানানো যায়নি। সে ক্ষেত্রে টিকাই একমাত্র ভরসা। এ কথা বলার অপেক্ষা রাখে না যে টিকার ওপরই ভরসা রাখতে হবে। একমাত্র উৎস থেকে টিকা আমদানি করার ফল যে কী বিপজ্জনক হতে পারে, তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই টিকা উৎপাদন কিংবা আমদানি কোনো ক্ষেত্রেই একক উৎসের ওপর নির্ভর করা ঠিক হবে না বলে মনে করি।

যত দ্রুত সম্ভব টিকা উৎপাদন শুরু হোক। এরপর সেই টিকা সংরক্ষণ ও বিতরণেরও সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। সম্প্রতি গণটিকা কর্মসূচিতে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। অতীতে টিকা দেওয়ার ক্ষেত্রে আমাদের বিরাট সাফল্য ছিল। করোনাকালেও সম্প্রসারিত টিকা কর্মসূচির আওতায় সাড়ে তিন কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তাহলে করোনা টিকার ক্ষেত্রে কেন এ বিশৃঙ্খলা? স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে উৎপাদিত টিকা অপেক্ষাকৃত কম দামে পাওয়া যাবে। সে ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে আমাদের দর-কষাকষি বাড়ানোর সুযোগ থাকবে। বিনা মূল্যের টিকাও যে শেষ পর্যন্ত বিনা মূল্যে নয়, সেই সত্য সরকার ও দেশবাসীকে উপলব্ধি করতে হবে।